পহেলা বৈশাখ উপলক্ষে রাজধানীতে বর্ণিল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দিনভর আয়োজনে ছিল নতুন বছরকে স্বাগত জানানোর উৎসবমুখর পরিবেশ, পাশাপাশি রাজনৈতিক বার্তাও। মঙ্গলবার বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে রাজধানীর বাংলামোটরের নেভি গলি থেকে শোভাযাত্রা শুরু হয়। সেখান থেকে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের মোড় ঘুরে আবার বাংলামোটর হয়ে নেভি গলিতে এসে […]
ছবি: সংগৃহীত
পহেলা বৈশাখ উপলক্ষে রাজধানীতে বর্ণিল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দিনভর আয়োজনে ছিল নতুন বছরকে স্বাগত জানানোর উৎসবমুখর পরিবেশ, পাশাপাশি রাজনৈতিক বার্তাও।
মঙ্গলবার বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে রাজধানীর বাংলামোটরের নেভি গলি থেকে শোভাযাত্রা শুরু হয়। সেখান থেকে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের মোড় ঘুরে আবার বাংলামোটর হয়ে নেভি গলিতে এসে এটি শেষ হয়। পুরো আয়োজনের দায়িত্বে ছিল এনসিপির সাংস্কৃতিক সেল।
রঙিন বৈশাখী পোশাকে সজ্জিত নেতাকর্মীরা ঢাকের তালে তালে শোভাযাত্রায় অংশ নেন। সম্প্রীতি, ভালোবাসা ও বিভাজনমুক্ত সমাজের বার্তা তুলে ধরা নানা প্ল্যাকার্ড শোভাযাত্রায় দেখা যায়। কোথাও লেখা ছিল, নতুন বছরের আলোয় মুছে যাক সব বিভাজন, আবার কোথাও ঢাকের তালে উঠুক ডাক, সকল গ্লানি মুছে যাক—এমন স্লোগান ছিল নজরকাড়া।
শোভাযাত্রার আগে দুপুর ৩টার দিকে নেভি গলিতে শুরু হয় বৈশাখী মেলা। সেখানে বায়োস্কোপ, মাটির তৈজসপত্র, ফুচকা ও বিভিন্ন ঐতিহ্যবাহী খাবারের স্টল বসানো হয়। মেলায় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষেরও উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
শোভাযাত্রার প্রথম সারিতে ছিলেন এনসিপির নারী নেত্রীরা। তাঁদের বেশিরভাগের পরনে ছিল রঙিন শাড়ি, কারও হাতে ছিল কুলা। পুরুষ নেতাকর্মীদের অনেকে সাদা পাঞ্জাবির সঙ্গে মাথায় নতুন গামছা পরে অংশ নেন, যা আয়োজনে বাঙালিয়ানার আবহ আরও জোরালো করে।
বিকেল সাড়ে ৪টার দিকে নেভি গলিতে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠান উদ্বোধন করেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ। তিনি বলেন, বাংলা বছরের প্রথম দিনেই ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠা এবং দেশকে একটি সুন্দর রাষ্ট্র হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে নতুন বছর শুরু করছে এনসিপি।
পরে অনুষ্ঠানে যোগ দেন দলের আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সঙ্গে ছিলেন মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ জ্যেষ্ঠ নেতারা। সাংস্কৃতিক আয়োজনে গান পরিবেশন করেন শিল্পী আশিক ও তাঁর দল, বাউল কাজল দেওয়ানসহ আরও কয়েকজন শিল্পী।
অনুষ্ঠান শেষে নেতারা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং সিঙাড়া, ফুচকা, পুডিং, জিলাপি ও মুড়িমুড়কি উপভোগ করেন।
এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলে নাহিদ ইসলাম বলেন, পহেলা বৈশাখে হালখাতা খুলে যেভাবে পুরোনো বকেয়া পরিশোধ করা হয়, তেমনি জাতীয় জীবনের সব বকেয়া—বিশেষ করে জুলাই সনদ ও সংস্কারের প্রতিশ্রুতি—বাস্তবায়ন করতে হবে।
তিনি অভিযোগ করেন, সরকার নির্বাচন, সরকার গঠন ও বিরোধী দল—সবকিছু সম্পন্ন করলেও জনগণ এখনো কাঙ্ক্ষিত সংস্কার পায়নি। ফলে সংস্কারের বকেয়া রেখেই নতুন বছরের হালখাতা খোলা হয়েছে।
নাহিদ ইসলাম আরও বলেন, গণভোটের রায় অনুযায়ী দ্রুত সংস্কার বাস্তবায়ন করতে হবে। অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করে বর্তমান সরকার জনগণের সঙ্গে বেইমানি করেছে বলেও তিনি মন্তব্য করেন।