কুমিল্লা–সিলেট মহাসড়কে ঘন ঘন দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় সড়কটি দ্রুত প্রশস্ত করার দাবি জানিয়েছেন এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, ‘আমি এলাকায় মুখ দেখাতে পারি না, এলাকার মানুষ আমাকে এখন বেঁধে রাখবে।’ বুধবার জাতীয় সংসদে মাগরিবের নামাজের বিরতির পর ফ্লোর নিয়ে বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘আমি ভিক্ষা চাই, এই সংসদের কাছে, এই […]
ছবি: সংগৃহীত
কুমিল্লা–সিলেট মহাসড়কে ঘন ঘন দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় সড়কটি দ্রুত প্রশস্ত করার দাবি জানিয়েছেন এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, ‘আমি এলাকায় মুখ দেখাতে পারি না, এলাকার মানুষ আমাকে এখন বেঁধে রাখবে।’
বুধবার জাতীয় সংসদে মাগরিবের নামাজের বিরতির পর ফ্লোর নিয়ে বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘আমি ভিক্ষা চাই, এই সংসদের কাছে, এই রাস্তাটি প্রশস্ত করার ব্যবস্থা করুন, যা ১০ লক্ষ মানুষের প্রাণ বাঁচাবে।’
জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে হাসনাত আবদুল্লাহ জানান, তিনি কথা বলার কিছুক্ষণ আগেই ওই সড়কে তিনজন নিহত হয়েছেন। চলতি মাসেই এই মহাসড়কে ২৩ জনের মৃত্যু হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, কুমিল্লা–সিলেট মহাসড়কের প্রস্থ মাত্র ১৮ ফুট, যা দুই বিভাগীয় শহরকে যুক্ত করা সড়কের জন্য অস্বাভাবিকভাবে সংকীর্ণ। চট্টগ্রাম থেকে সিলেট যাতায়াতের জন্য এটিই প্রধান সড়ক এবং প্রতিদিন প্রায় ১০ লাখ মানুষ এটি ব্যবহার করেন।
সড়কটি ছয় লেনে উন্নীত হওয়ার কথা থাকলেও দীর্ঘদিন ধরে কাজ এগোয়নি বলে অভিযোগ করেন তিনি। সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা বললে প্রশাসনিক জটিলতার কথা জানানো হয় বলেও উল্লেখ করেন।
এ বিষয়ে সভাপতির আসনে থাকা ডেপুটি স্পিকার কায়সার কামাল তাকে নির্ধারিত বিধি অনুযায়ী নোটিশ দেওয়ার পরামর্শ দেন।