আসন্ন ২০২৬ সালের পবিত্র হজ মৌসুম সামনে রেখে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে হজ ফ্লাইটের কার্যক্রম। শুক্রবার রাতে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, হজযাত্রীদের সেবা, নিরাপত্তা ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করা সরকারের পবিত্র দায়িত্ব। তিনি বিমান বাংলাদেশ […]
ছবি: সংগৃহীত
আসন্ন ২০২৬ সালের পবিত্র হজ মৌসুম সামনে রেখে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে হজ ফ্লাইটের কার্যক্রম। শুক্রবার রাতে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, হজযাত্রীদের সেবা, নিরাপত্তা ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করা সরকারের পবিত্র দায়িত্ব। তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে হজযাত্রীদের সঙ্গে সর্বোচ্চ ধৈর্য, আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে আচরণ করার নির্দেশ দেন।
সৌদি সরকারের বিশেষ ব্যবস্থাপনার আলোকে এবার আগেভাগেই ফ্লাইট কার্যক্রম শুরু করা হয়েছে। হজ ব্যবস্থাপনার অংশ হিসেবে সৌদি আরবের ইমিগ্রেশন কার্যক্রম বাংলাদেশেই সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে করে সৌদি আরবে পৌঁছে হাজিদের বিমানবন্দরে দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
অনুষ্ঠানে ধর্ম মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, সৌদি দূতাবাসের প্রতিনিধি এবং বিভিন্ন ট্রাভেল এজেন্সির মালিকরা উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর প্রধানমন্ত্রী প্রথম হজ ফ্লাইটের যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের হাতে উপহার তুলে দেন।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ থেকে এ বছরের প্রথম হজ ফ্লাইটটি ১৮ এপ্রিল রাত ১২টা ২০ মিনিটে যাত্রা করবে। ৪১৯ জন হজযাত্রী নিয়ে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দার বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যাবে।
প্রথম দিনেই মোট ১৪টি হজ ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৬টি, সৌদিয়ার ৩টি এবং ফ্লাইনাসের ৩টি ফ্লাইট থাকছে। হজযাত্রী পরিবহনে এই তিনটি এয়ারলাইন্স যৌথভাবে দায়িত্ব পালন করবে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্ধিত ফ্লাইট সূচি, ভাড়া নিয়ন্ত্রণ এবং অন্যান্য প্রস্তুতি সম্পন্ন হওয়ার পরই হজ ফ্লাইট চালু করা হয়েছে। বাংলাদেশ থেকে এ বছর প্রায় ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করতে সৌদি আরব যাবেন। তাঁদের মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি এজেন্সির মাধ্যমে হজে অংশ নেবেন।
আগামী ২১ মে হজপূর্ব ফ্লাইট শেষ হওয়ার কথা রয়েছে। মোট ২০৭টি হজপূর্ব ফ্লাইট নির্ধারিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১০২টি, সৌদিয়া ৭৫টি এবং ফ্লাইনাস ৩০টি ফ্লাইট পরিচালনা করবে। মোট যাত্রীর প্রায় অর্ধেক বহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। হজের আনুষ্ঠানিকতা শেষ হলে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে, যা চলবে ১ জুলাই পর্যন্ত।