স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ একাধিকবার আশ্বাস দেওয়ার পরও দেশে মবের ঘটনা থামছে না বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। তার বক্তব্য, দেশে আর মবের সংস্কৃতি থাকবে না—স্বরাষ্ট্রমন্ত্রীর এমন ঘোষণা সত্ত্বেও একের পর এক ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। সোমবার জাতীয় সংসদে জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে ৭১ বিধির নোটিশের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। রুমিন ফারহানা […]
ছবি: সংগৃহীত
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ একাধিকবার আশ্বাস দেওয়ার পরও দেশে মবের ঘটনা থামছে না বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। তার বক্তব্য, দেশে আর মবের সংস্কৃতি থাকবে না—স্বরাষ্ট্রমন্ত্রীর এমন ঘোষণা সত্ত্বেও একের পর এক ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে।
সোমবার জাতীয় সংসদে জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে ৭১ বিধির নোটিশের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। রুমিন ফারহানা বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী কয়েক দফা সংসদে ও বাইরে আশ্বাস দিয়েছেন যে বাংলাদেশে আর মবের সংস্কৃতি ফিরে আসবে না এবং বিচারহীনতার পরিবেশও থাকবে না। কিন্তু বাস্তবে তার উল্টো চিত্র দেখা যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, নানা দেশে নানা ধরনের সংস্কৃতি থাকে—নাচ, গান, অভিনয়, কবিতার সংস্কৃতি। কিন্তু বাংলাদেশে গত দেড় বছর ও এরপরের দুই মাসে ‘মবের সংস্কৃতি’ গড়ে উঠতে দেখা গেছে। তার দাবি, বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে মবের মাধ্যমে সরানো হয়েছে, বাসসের প্রধানের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। বরিশাল আদালত প্রাঙ্গণ, সুপ্রিম কোর্টের আইনজীবী কক্ষে এবং চট্টগ্রামসহ বিভিন্ন জায়গায় এ ধরনের ঘটনা ঘটেছে বলেও তিনি উল্লেখ করেন।
রুমিন ফারহানা আরও বলেন, চট্টগ্রামে দেড় বছর আগে ছিনতাইকারী সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছিল নাচ-গানের পর্বসহ। কুষ্টিয়ায়ও একইভাবে কথিত এক পীরকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। তার মতে, এসব ঘটনার বিচার এখনো দৃশ্যমান হয়নি বলেই মানুষ আরও সাহস পাচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, প্রধানমন্ত্রীও একই ধরনের কথা বলেছেন। যখন মানুষ ন্যায়বিচার পায় না, তখনই এমন ঘটনা বাড়তে থাকে। সমাজে হতাশা, ক্ষোভ, বৈষম্য এবং দৃষ্টান্তমূলক শাস্তির অভাবই এই প্রবণতা বাড়িয়ে দিচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।
তার ভাষায়, দেড় বছর আগে চট্টগ্রামে মবের ঘটনায় যাকে হত্যা করা হয়েছিল, তার বিচার এখনো হয়নি। বিচারহীনতার এই সংস্কৃতি বন্ধ না হলে এ ধরনের ঘটনা আরও বাড়বে বলেও তিনি সতর্ক করেন।