২০১৩ সালের ২৪ এপ্রিল—সাভারের রানা প্লাজায় ছিল আর দশটা দিনের মতোই স্বাভাবিক কর্মব্যস্ততা। হাজারো পোশাক শ্রমিক প্রতিদিনের মতো কাজে যোগ দিতে ভবনে প্রবেশ করছিলেন। কিন্তু কেউ জানতেন না, অল্প কিছুক্ষণের মধ্যেই তাদের জীবনের সবকিছু বদলে যাবে। হঠাৎ কেঁপে উঠে আটতলা ভবনটি ধসে পড়ে, মুহূর্তেই তা পরিণত হয় ধ্বংসস্তূপে।দেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ এই শিল্প দুর্ঘটনায় প্রাণ […]
ছবি: সংগৃহীত
২০১৩ সালের ২৪ এপ্রিল—সাভারের রানা প্লাজায় ছিল আর দশটা দিনের মতোই স্বাভাবিক কর্মব্যস্ততা। হাজারো পোশাক শ্রমিক প্রতিদিনের মতো কাজে যোগ দিতে ভবনে প্রবেশ করছিলেন। কিন্তু কেউ জানতেন না, অল্প কিছুক্ষণের মধ্যেই তাদের জীবনের সবকিছু বদলে যাবে। হঠাৎ কেঁপে উঠে আটতলা ভবনটি ধসে পড়ে, মুহূর্তেই তা পরিণত হয় ধ্বংসস্তূপে।
দেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ এই শিল্প দুর্ঘটনায় প্রাণ হারান ১১৩৬ জন শ্রমিক, আহত হন কয়েক হাজার মানুষ। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা মানুষের আর্তচিৎকার, ধুলা আর ভাঙা কংক্রিটে ঢেকে যায় পুরো এলাকা। দিন-রাত উদ্ধার অভিযান চললেও অনেকের জন্য তা আর ফিরে আসার সুযোগ হয়ে ওঠেনি—ফিরেছে শুধু নিথর দেহ আর অপূরণীয় ক্ষতি।
আজ সেই ঘটনার ১৩ বছর পেরিয়ে গেছে। কিন্তু সময়ের সাথে সাথে নিহতদের স্বজনদের প্রশ্ন আরও গভীর হয়েছে—এই ঘটনার বিচার কি আদৌ শেষ হবে?
রানা প্লাজা ধসের ঘটনায় ভবন মালিক সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় সিআইডি। ২০১৬ সালে বিচারিক কার্যক্রম শুরু হলেও নানা জটিলতায় তা দীর্ঘসূত্রতায় পড়ে যায়। উচ্চ আদালতে আবেদন, সাক্ষ্যগ্রহণে ধীরগতি এবং বিভিন্ন আইনি জটিলতায় মামলাটি বছরের পর বছর ধরে ঝুলে আছে।
এই মামলায় ৫৯৪ জনকে সাক্ষী করা হলেও এখন পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন মাত্র ১৪৫ জন। গুরুত্বপূর্ণ সাক্ষীদের আদালতে হাজির করতে একাধিকবার নির্দেশ দেওয়া হলেও তা কার্যকর করা সম্ভব হয়নি। ২০২৪ সালের জানুয়ারিতে আপিল বিভাগ ছয় মাসের মধ্যে মামলা নিষ্পত্তির নির্দেশ দিলেও বাস্তবে তার কোনো অগ্রগতি দেখা যায়নি।
এই দীর্ঘ সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জীবন আমূল বদলে গেছে। অনেক পরিবার হারিয়েছে তাদের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে, আবার অনেক আহত শ্রমিক আজও শারীরিকভাবে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি। রানা প্লাজার ধ্বংসস্তূপের স্মৃতি এখনো তাদের জীবনে গভীর ক্ষত হয়ে রয়ে গেছে।
এদিকে মামলার প্রধান আসামি সোহেল রানার আইনজীবীরা এখনো তার নির্দোষ দাবি করে আসছেন। তাদের মতে, তাকে অন্যায়ভাবে আটক রাখা হয়েছে। ফলে এত বড় একটি দুর্ঘটনার বিচার নিয়েও অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। আগামী ৩০ এপ্রিল মামলাটিতে আবার সাক্ষ্যগ্রহণের দিন নির্ধারিত রয়েছে। সেদিন যদি রাষ্ট্রপক্ষ সাক্ষী হাজির করতে পারে, তাহলে মামলাটি কিছুটা অগ্রসর হতে পারে।
অন্যদিকে, দিবসটি উপলক্ষে সাভারে নিহত শ্রমিকদের স্মরণে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। আহত শ্রমিক, নিহতদের স্বজন, শিল্প পুলিশ এবং শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা রানা প্লাজার সামনে নির্মিত অস্থায়ী স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এ সময় তারা ক্ষতিগ্রস্তদের ন্যায্য ক্ষতিপূরণ এবং দায়ীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। পাশাপাশি শ্রমিক সংগঠনগুলো বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচিও পালন করেছে।
১৩ বছর পরও রানা প্লাজার সেই ধস কেবল একটি দুর্ঘটনার স্মৃতি নয়—এটি এখনো বিচারহীনতা, অব্যবস্থা এবং শ্রমিক নিরাপত্তার প্রশ্ন হয়ে দেশের সামনে দাঁড়িয়ে আছে।