রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইকারী চক্র ধরতে গিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। অভিযানের সময় পুলিশের গুলিতে এক ছিনতাইকারী আহত হয়েছেন। সোমবার (১১ মে) ভোরে মোহাম্মদপুর টাউন হল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানিয়েছে, ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় মোটরসাইকেলে করে ছিনতাইয়ের সময় একটি চক্রকে ধাওয়া দেয় পুলিশ। পরে তারা মোহাম্মদপুরের দিকে পালিয়ে যায়। টাউন হল […]
ছবি: সংগৃহীত
রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইকারী চক্র ধরতে গিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। অভিযানের সময় পুলিশের গুলিতে এক ছিনতাইকারী আহত হয়েছেন। সোমবার (১১ মে) ভোরে মোহাম্মদপুর টাউন হল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানিয়েছে, ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় মোটরসাইকেলে করে ছিনতাইয়ের সময় একটি চক্রকে ধাওয়া দেয় পুলিশ। পরে তারা মোহাম্মদপুরের দিকে পালিয়ে যায়। টাউন হল এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা পুলিশের ওপর হামলা চালায়। আত্মরক্ষার্থে পুলিশ চার রাউন্ড গুলি ছোড়ে। এতে এক ছিনতাইকারী পায়ে গুলিবিদ্ধ হন।
অভিযানে তিনজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ছুরি, চাপাতি, চাইনিজ কুড়াল, খেলনা পিস্তল এবং ছিনতাই করা ১০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন পলাশ, সাকিব ও বিপ্লব হোসেন। পলাশ ও সাকিব দুই ভাই এবং বিপ্লব তাদের বোন জামাই। তাদের বাড়ি গাজীপুরের টঙ্গী পূর্ব থানা এলাকায়। পুলিশ বলছে, এই চক্রটি রাজধানীর বিভিন্ন এলাকায় মোটরসাইকেলে ঘুরে অটোরিকশার যাত্রী ও পথচারীদের টার্গেট করে ছিনতাই চালাত।
ছিনতাইকারীদের আটকের খবর শুনে ধানমন্ডি থানায় যান পুলিশ স্টাফ কলেজে কর্মরত পুলিশ সুপার (এসপি) শামীমা ইয়াসমিন। সেখানে তিনি জানান, কয়েকদিন আগেই তিনিও একই চক্রের ছিনতাইয়ের শিকার হয়েছিলেন।
তিনি বলেন, শনিবার রাতে ল্যাবএইড হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে অটোরিকশায় বাসায় ফেরার পথে একটি কালো মোটরসাইকেলে আসা ছিনতাইকারী তার ব্যাগ টেনে নিয়ে যায়। পরে চক্রটি ধরা পড়ার খবর শুনে তিনি থানায় যান নিজের ফোন উদ্ধার হয়েছে কি না জানতে। তবে তার ফোন এখনো উদ্ধার হয়নি বলে জানান তিনি।
রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মীর আসাদুজ্জামান বলেন, চক্রটিতে মোট পাঁচজন সদস্য রয়েছে। তাদের ধরতে রাত থেকেই অভিযান চলছিল। ভোরে টাউন হল এলাকায় পুলিশের ওপর হামলার পর গুলি চালানো হয় এবং তিনজনকে আটক করা সম্ভব হয়। বাকি সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।