অন্তর্বর্তী সরকারের সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তি নিয়ে সরকারের পক্ষ থেকে জামায়াতে ইসলামীর সঙ্গে কোনো আলোচনা করা হয়নি বলে দাবি করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “তৎকালীন সরকারের পক্ষ থেকে এই বিষয়ে আমাদের সঙ্গে একটিও শব্দ উচ্চারণ করা হয়নি।” শুক্রবার বিকেলে রংপুর শিল্পকলা একাডেমিতে মহানগর জামায়াত আয়োজিত সুধী সমাবেশে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের […]
ছবি: সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তি নিয়ে সরকারের পক্ষ থেকে জামায়াতে ইসলামীর সঙ্গে কোনো আলোচনা করা হয়নি বলে দাবি করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “তৎকালীন সরকারের পক্ষ থেকে এই বিষয়ে আমাদের সঙ্গে একটিও শব্দ উচ্চারণ করা হয়নি।”
শুক্রবার বিকেলে রংপুর শিল্পকলা একাডেমিতে মহানগর জামায়াত আয়োজিত সুধী সমাবেশে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, পদ্মা ব্যারাজের উদ্যোগকে তারা স্বাগত জানালেও এটি তিস্তার বিনিময়ে যেন না হয়, সেটিই তাদের অবস্থান। তাঁর ভাষায়, “তিস্তার জায়গায় তিস্তাকে অবশ্যই তার পাওনা দিতে হবে। এই মহাপরিকল্পনা বাস্তবায়ন করতেই হবে। এর বাইরে আমরা কিছু চাই না।”
তিনি আরও বলেন, এ বিষয়ে সংসদের ভেতরেও তিনি একই কথা বলেছেন এবং দলটির অবস্থান স্পষ্ট।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে জামায়াতের আমির বলেন, তারা নির্বাচনমুখী দল এবং গণতান্ত্রিক উপায়ে দেশের নেতৃত্বের পরিবর্তন চায়। তাই সব নির্বাচনে তাদের অংশগ্রহণ থাকবে। আগামী স্থানীয় সরকার নির্বাচনের সব স্তরেই জামায়াত অংশ নেবে বলেও জানান তিনি।
জাতীয় নির্বাচনের পর অনুষ্ঠিত দুটি উপনির্বাচনের প্রসঙ্গ টেনে শফিকুর রহমান বলেন, শেরপুর ও বগুড়ার নির্বাচন দেখেই বোঝা গেছে মাঠে কী ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে। এ কারণে সুষ্ঠু নির্বাচন হবে কি না, তা নিয়ে তারা শঙ্কিত। তবে জনগণকে নিজেদের অধিকারের পক্ষে আবারও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, “সব রোগের ওষুধ হচ্ছে জনগণের ম্যান্ডেট। জনগণ জাগলে সব ঠিক হয়ে যায়।”
গণভোট প্রসঙ্গে শফিকুর রহমান দাবি করেন, দেশের মানুষ গণভোটের পক্ষে রায় দিয়েছে, কিন্তু সরকার সেই রায়কে উপেক্ষা করেছে। তাঁর ভাষায়, গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সংসদের ভেতরে ও বাইরে লড়াই চালিয়ে যাবে জামায়াত।
বর্তমান সরকার গণভোটকে অগ্রাহ্য করার পাশাপাশি বিভিন্ন জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে বলেও সমালোচনা করেন তিনি। তাঁর অভিযোগ, গণতান্ত্রিক পথে দেশ এগোতে থাকা সত্ত্বেও দলীয় লোকজনকে গুরুত্বপূর্ণ জায়গায় বসানো হচ্ছে, যা জনগণের সঙ্গে তামাশার শামিল।