দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসনিক ব্যর্থতা নিয়ে সরকারের কঠোর সমালোচনা করেছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তার দাবি, বর্তমান পরিস্থিতিতে অন্য কাউকে দায়িত্ব না দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়া উচিত। বুধবার বিকেলে রাজধানীর তোপখানা রোডে আয়োজিত ‘জাতীয় অর্থনীতিতে চামড়া শিল্পের ভবিষ্যৎ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে […]
ছবি: সংগৃহীত
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসনিক ব্যর্থতা নিয়ে সরকারের কঠোর সমালোচনা করেছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তার দাবি, বর্তমান পরিস্থিতিতে অন্য কাউকে দায়িত্ব না দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়া উচিত।
বুধবার বিকেলে রাজধানীর তোপখানা রোডে আয়োজিত ‘জাতীয় অর্থনীতিতে চামড়া শিল্পের ভবিষ্যৎ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স।
বক্তব্যে নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, দেশের নেতৃত্বে থাকা ব্যক্তিদের একটি অংশই দুর্নীতি ও অনিয়মের সঙ্গে জড়িত। তিনি বলেন, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছেন।
তিনি আরও বলেন, দেশে শিশু ধর্ষণসহ একের পর এক ভয়াবহ ঘটনা ঘটছে, কিন্তু জনগণ এসব ঘটনার সন্তোষজনক ব্যাখ্যা বা কার্যকর সমাধান পাচ্ছে না। শাহ আলী মাজারে সংঘবদ্ধ হামলার ঘটনাও তুলে ধরে তিনি সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।
তার ভাষায়, “দেশ পরিচালনা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে হলে তারেক রহমানের নিজেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখা প্রয়োজন।”
সীমান্ত পরিস্থিতি নিয়েও সরকারের সমালোচনা করেন এনসিপির এই নেতা। তিনি অভিযোগ করেন, সীমান্তে বাংলাদেশি নিহত হওয়ার ঘটনা ঘটলেও সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো কূটনৈতিক বা প্রশাসনিক পদক্ষেপ দেখা যায়নি।
একই সঙ্গে দেশের গবাদিপশু শিল্প রক্ষায়ও সরকারের ব্যর্থতার অভিযোগ তোলেন তিনি। তার দাবি, সীমান্ত দিয়ে অবৈধভাবে পশু প্রবেশ বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি, যার নেতিবাচক প্রভাব পড়ছে স্থানীয় খামারিদের ওপর।
নদী রক্ষা ও খাল খনন প্রকল্প নিয়েও প্রশ্ন তোলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, নদী রক্ষার দীর্ঘমেয়াদি পরিকল্পনা না নিয়ে শুধু খাল খননে গুরুত্ব দেওয়ার যৌক্তিকতা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের আহ্বায়ক আশরাফ মাহাদি। তিনি দেশের চামড়া শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি তুলে ধরেন। এর মধ্যে ছিল চামড়া খাতে সিন্ডিকেট ভাঙা, আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ এবং শিল্প সংশ্লিষ্টদের জন্য সরকারি সহায়তা বৃদ্ধি।