কার্যক্রম নিষিদ্ধ থাকা অবস্থায় আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মঙ্গলবার (৯ জুন) বিকেলে রাজধানীর নাখালপাড়ার হোসেন আলী উচ্চ বিদ্যালয়ে আয়োজিত একটি বৃক্ষ বিতরণ কর্মসূচিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। আসিফ মাহমুদ বলেন, আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি নিয়ে […]
ছবি: সংগৃহীত
কার্যক্রম নিষিদ্ধ থাকা অবস্থায় আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
মঙ্গলবার (৯ জুন) বিকেলে রাজধানীর নাখালপাড়ার হোসেন আলী উচ্চ বিদ্যালয়ে আয়োজিত একটি বৃক্ষ বিতরণ কর্মসূচিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
আসিফ মাহমুদ বলেন, আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি নিয়ে সরকারের ভেতরেই বিভক্ত অবস্থান দেখা যাচ্ছে। তার দাবি, সরকারের একটি অংশ দলটির নির্বাচনে অংশগ্রহণের বিরোধিতা করছে, আবার অন্য কিছু ব্যক্তি শর্তসাপেক্ষে অংশগ্রহণের পক্ষে মত দিচ্ছেন। এর ফলে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ এবং নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি নিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, একটি দলের কার্যক্রম নিষিদ্ধ থাকার পরও নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নিয়ে আলোচনা হওয়া স্বাভাবিক নয়। তার মতে, সরকার এ বিষয়ে স্পষ্ট অবস্থান নিতে ব্যর্থ হয়েছে বলেই এ ধরনের বিতর্ক তৈরি হচ্ছে।
এনসিপির এই নেতা আরও অভিযোগ করেন, আওয়ামী লীগের প্রভাব এখনো প্রশাসন ও সরকারের বিভিন্ন স্তরে বিদ্যমান রয়েছে। সে কারণেই দলটির নির্বাচনে অংশগ্রহণ নিয়ে নানা ধরনের আলোচনা ও মতবিরোধ সামনে আসছে।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে এনসিপি পাঁচ দফা দাবি উত্থাপন করেছে। এসব দাবির মধ্যে অন্যতম হলো—বর্তমানে প্রশাসক হিসেবে দায়িত্ব পালনরত ব্যক্তিরা যেন মেয়র বা অন্যান্য নির্বাচিত পদে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারেন।
তিনি অভিযোগ করেন, কিছু প্রশাসক সরকারি দায়িত্বে বহাল থেকে নির্বাচনী প্রচারণামূলক কার্যক্রমে যুক্ত হচ্ছেন, যা নির্বাচনী নীতিমালার পরিপন্থী। অনেক ক্ষেত্রে সরকারি পরিচয় ও পদমর্যাদা ব্যবহার করে প্রচারণা চালানোর ঘটনাও ঘটছে বলে দাবি করেন তিনি।
বিশেষ করে দুই সিটি করপোরেশনের প্রশাসকদের বিষয়ে তিনি বলেন, সরকারি দায়িত্বে থেকে নির্বাচনী প্রচারণা চালানো গ্রহণযোগ্য হতে পারে না। নির্বাচনে অংশ নিতে চাইলে তাদের আগে পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেন তিনি।
এ সময় কোরবানির পশুর হাট ইজারা নিয়েও প্রশ্ন তোলেন এনসিপির মুখপাত্র। তিনি অভিযোগ করেন, বিভিন্ন এলাকায় হাট ইজারা দেওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখা হয়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে তিনি নিরপেক্ষ তদন্তের দাবি জানান।
স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর অবস্থান, প্রশাসনের ভূমিকা এবং নির্বাচন পরিচালনা নিয়ে চলমান বিতর্কের মধ্যেই আসিফ মাহমুদের এই বক্তব্য নতুন করে রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে।