প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটকে ‘গণবিরোধী ও লুটপাটের বাজেট’ আখ্যা দিয়ে এর প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যায় দলের ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এইচ এম হামিদুর […]
ছবি: সংগৃহীত
প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটকে ‘গণবিরোধী ও লুটপাটের বাজেট’ আখ্যা দিয়ে এর প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যায় দলের ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এইচ এম হামিদুর রহমান আযাদ বলেন, প্রস্তাবিত বাজেটের আকার বড় হলেও এটি মূলত অতিমাত্রায় ঘাটতি ও ঋণনির্ভর বাজেট। তার মতে, বাজেটে জনমুখী সংস্কার, উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তোলা কিংবা দীর্ঘমেয়াদি অর্থনৈতিক রূপান্তরের কোনো সুস্পষ্ট প্রতিফলন দেখা যায়নি।
তিনি অভিযোগ করেন, অতীতের বাজেটগুলোর মতো এবারও রাজস্ব আহরণে উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, কিন্তু সেই লক্ষ্য অর্জনের জন্য বাস্তবভিত্তিক ও কার্যকর কোনো পথনকশা উপস্থাপন করা হয়নি। তার ভাষায়, সরকারের আয়ের তুলনায় ব্যয়ের পরিমাণ অনেক বেশি নির্ধারণ করা হয়েছে, ফলে ভবিষ্যতে আরও ঋণনির্ভরতা বাড়বে এবং সাধারণ মানুষের ওপর অর্থনৈতিক চাপ বৃদ্ধি পাবে।
হামিদুর রহমান আযাদ আরও বলেন, এই বাজেটে ধনী শ্রেণি তুলনামূলকভাবে বেশি সুবিধা পেলেও মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের জন্য স্বস্তির তেমন কোনো ব্যবস্থা নেই। বরং প্রত্যক্ষ ও পরোক্ষ করের মাধ্যমে সাধারণ জনগণের ওপর নতুন করে চাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
তিনি বলেন, বাজেটের প্রায় ৭০ শতাংশ পরিচালন ব্যয়, বেতন-ভাতা এবং ঋণের সুদ পরিশোধে ব্যয় হবে। উন্নয়ন ব্যয়ের তুলনায় এই ব্যয়ের পরিমাণ অত্যন্ত বেশি এবং এটি অর্থনীতিতে ভারসাম্যহীনতা সৃষ্টি করবে। তার মতে, উন্নয়ন ব্যয়ের চেয়ে প্রশাসনিক ব্যয় ও ঋণের সুদ পরিশোধে অতিরিক্ত গুরুত্ব দেওয়া হয়েছে।
শিক্ষা ও দক্ষতা উন্নয়ন প্রসঙ্গেও সমালোচনা করেন জামায়াতের এই নেতা। তিনি বলেন, উন্নত ও দক্ষ জাতি গঠনের জন্য শিক্ষা খাতে আরও বেশি বিনিয়োগ প্রয়োজন ছিল। কিন্তু প্রস্তাবিত বাজেটে সেই অগ্রাধিকার যথাযথভাবে প্রতিফলিত হয়নি। একইভাবে কর্মসংস্থান সৃষ্টি, মানবসম্পদ উন্নয়ন এবং দক্ষ জনশক্তি তৈরির ক্ষেত্রেও কার্যকর উদ্যোগের ঘাটতি রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
সামাজিক সুরক্ষা কর্মসূচি নিয়ে বক্তব্য দিতে গিয়ে হামিদুর রহমান আযাদ বলেন, বরাদ্দ বাড়ানো হলেও প্রকৃত দরিদ্র, বেকার ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য লক্ষ্যভিত্তিক ও টেকসই পরিকল্পনার অভাব রয়েছে। তিনি দাবি করেন, সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি মূলত রাজনৈতিক জনপ্রিয়তা অর্জনের কৌশল হিসেবে ব্যবহার করা হচ্ছে, যা দীর্ঘমেয়াদে কাঙ্ক্ষিত ফল বয়ে আনবে না।
সমাবেশ শেষে বায়তুল মোকাররম এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা প্রস্তাবিত বাজেটের বিভিন্ন দিকের সমালোচনা করে স্লোগান দেন।
এদিকে একই দিনে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তর শাখার উদ্যোগেও রাজধানীর উত্তর বাড্ডা এলাকায় পৃথক বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। সেখানে দলের নেতারা দাবি করেন, প্রস্তাবিত বাজেট সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান বৃদ্ধি ও অর্থনৈতিক বৈষম্য কমানোর ক্ষেত্রে কার্যকর কোনো দিকনির্দেশনা নেই।
প্রস্তাবিত বাজেট নিয়ে দলের বিস্তারিত ও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে আগামীকাল শুক্রবার (১২ জুন) সকাল সাড়ে ১১টায় সংবাদ সম্মেলন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রাজধানীর মগবাজারে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জামায়াতের কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের।
সংবাদ সম্মেলনে দলটির কেন্দ্রীয় নেতারা বাজেটের বিভিন্ন খাত, করনীতি, রাজস্ব কাঠামো, সামাজিক সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে তাদের মূল্যায়ন তুলে ধরবেন বলে জানা গেছে।