প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটকে জনকল্যাণমুখী নয় বরং ‘প্রতারণামূলক’ আখ্যা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির দাবি, বাজেটে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি এবং এটি বাস্তবসম্মত অর্থনৈতিক পরিকল্পনার পরিবর্তে ইশতেহারনির্ভর ও অবাস্তব প্রতিশ্রুতির ওপর ভিত্তি করে প্রণয়ন করা হয়েছে। শুক্রবার (১২ জুন) বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন […]
ছবি: সংগৃহীত
প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটকে জনকল্যাণমুখী নয় বরং ‘প্রতারণামূলক’ আখ্যা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির দাবি, বাজেটে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি এবং এটি বাস্তবসম্মত অর্থনৈতিক পরিকল্পনার পরিবর্তে ইশতেহারনির্ভর ও অবাস্তব প্রতিশ্রুতির ওপর ভিত্তি করে প্রণয়ন করা হয়েছে।
শুক্রবার (১২ জুন) বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন দলের ছায়া বাজেট কমিটির প্রধান ও যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ। এ সময় দলের যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ, জয়নাল আবেদীন শিশিরসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
ড. আতিক মুজাহিদ বলেন, দেশের অর্থনীতি দীর্ঘদিন ধরে দুর্বল ভিত্তি, ঋণনির্ভরতা ও বৈষম্যের সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে অর্থনীতিকে নতুন ভিত্তির ওপর দাঁড় করানোর জন্য একটি রূপান্তরমুখী বাজেট প্রয়োজন ছিল। কিন্তু সরকার সে পথে না গিয়ে অবাস্তব লক্ষ্য ও রাজনৈতিক প্রতিশ্রুতিনির্ভর বাজেট দিয়েছে।
তিনি বলেন, “এটি একটি প্রতারণার বাজেট। জনগণের আশা-আকাঙ্ক্ষার কোনো প্রতিফলন এতে নেই। আমরা এই বাজেট নিয়ে গভীর হতাশা ও উদ্বেগ প্রকাশ করছি।”
বাজেটের আকার নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তার মতে, সরকার যে পরিমাণ রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারণ করেছে, তা অর্জন করা সম্ভব হবে না।
তিনি বলেন, “সরকার প্রায় ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের কথা বলছে। কিন্তু বাস্তবতা হলো, বর্তমান কাঠামোয় সর্বোচ্চ ৪ থেকে সাড়ে ৪ লাখ কোটি টাকা সংগ্রহ করা সম্ভব। ফলে আড়াই লাখ কোটি টাকারও বেশি ঘাটতি তৈরি হবে।”
ব্যাংকঋণনির্ভর বাজেট বাস্তবায়ন নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তার মতে, দেশের ব্যাংকিং খাত ইতোমধ্যে চাপে রয়েছে। নতুন করে বিপুল পরিমাণ ঋণ নেওয়া হলে বেসরকারি খাত ক্ষতিগ্রস্ত হবে এবং শেষ পর্যন্ত সরকারকে টাকা ছাপানোর পথ বেছে নিতে হতে পারে, যা মূল্যস্ফীতি আরও বাড়িয়ে দেবে।
তিনি বলেন, “দেশের ব্যাংকগুলো এমনিতেই সংকটের মধ্যে রয়েছে। সরকার যদি ধারাবাহিকভাবে ব্যাংক থেকে ঋণ নেয়, তাহলে ব্যাংকিং খাতের ওপর চাপ আরও বাড়বে। বিকল্প না থাকলে টাকা ছাপাতে হবে, যার প্রভাব পড়বে সাধারণ মানুষের ওপর।”
করমুক্ত আয়সীমা বাড়ানোর বিষয়ে সরকারের পদক্ষেপকেও অপর্যাপ্ত বলে মন্তব্য করেন ড. আতিক। তিনি বলেন, বর্তমান জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতির বাস্তবতায় করমুক্ত আয়সীমা আরও বাড়ানো উচিত ছিল। কিন্তু সরকার মাত্র ২৫ হাজার টাকা বাড়িয়ে ৩ লাখ ৭৫ হাজার টাকা নির্ধারণ করেছে, যা মধ্যবিত্তের জন্য যথেষ্ট নয়।
তিনি আরও অভিযোগ করেন, নতুন করনীতির কারণে অনেক মানুষ আনুষ্ঠানিক ব্যাংকিং ব্যবস্থার বাইরে চলে যেতে পারেন, যা অর্থনীতির জন্য নেতিবাচক হবে।
সংবাদ সম্মেলনে এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ বলেন, বাজেটটি জনকল্যাণমুখী হওয়ার পরিবর্তে জনতুষ্টিমূলক হয়ে উঠেছে। গত ১৭ বছরে অর্থনীতির যে ভিত্তি দুর্বল হয়েছে, সেই সংকট থেকে উত্তরণের জন্য কাঠামোগত সংস্কার প্রয়োজন ছিল। কিন্তু বাজেটে সেই ধরনের কোনো সুস্পষ্ট দিকনির্দেশনা নেই।
তিনি বলেন, “বাংলাদেশের অর্থনীতিকে পুনর্গঠনের জন্য একটি ট্রান্সফরমেটিভ বাজেট প্রয়োজন ছিল। কিন্তু সরকার মূল সমস্যাগুলো এড়িয়ে গিয়ে একটি বড় আকারের, ব্যয়বহুল এবং বাস্তবতা-বিবর্জিত বাজেট দিয়েছে।”
এনসিপি নেতারা দাবি করেন, বাজেটে কিছু ইতিবাচক দিক থাকলেও সামগ্রিকভাবে এটি দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এবং বাস্তবায়নের ক্ষেত্রেও বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।