রাশিয়ার সেনাবাহিনীর হয়ে ইউক্রেন যুদ্ধে অংশ নিতে গিয়ে ড্রোন হামলায় জামালপুরের মাদারগঞ্জ উপজেলার দুই যুবক নিহত হয়েছেন বলে দাবি করেছে তাদের পরিবার। সোমবার (১৫ জুন) সকালে পরিবারের সদস্যরা মৃত্যুর খবর নিশ্চিত করেন। নিহতরা হলেন মাদারগঞ্জ উপজেলার চর গুজামানিকা গ্রামের মাফল মিয়া (২৪) এবং রায়েরছড়া গ্রামের মো. আরিফ মিয়া (৩০)। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, […]
ছবি: সংগৃহীত
রাশিয়ার সেনাবাহিনীর হয়ে ইউক্রেন যুদ্ধে অংশ নিতে গিয়ে ড্রোন হামলায় জামালপুরের মাদারগঞ্জ উপজেলার দুই যুবক নিহত হয়েছেন বলে দাবি করেছে তাদের পরিবার। সোমবার (১৫ জুন) সকালে পরিবারের সদস্যরা মৃত্যুর খবর নিশ্চিত করেন।
নিহতরা হলেন মাদারগঞ্জ উপজেলার চর গুজামানিকা গ্রামের মাফল মিয়া (২৪) এবং রায়েরছড়া গ্রামের মো. আরিফ মিয়া (৩০)।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, উন্নত জীবনের আশায় গত এপ্রিল মাসে এক দালাল চক্রের মাধ্যমে রাশিয়ায় যান এই দুই যুবক। তাদের রাজমিস্ত্রির কাজ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তবে সেখানে পৌঁছানোর পর তারা প্রত্যাশিত কাজ না পেয়ে রুশ সেনাবাহিনীতে যুক্ত হতে বাধ্য হন বলে অভিযোগ রয়েছে।
সম্প্রতি ইউক্রেন যুদ্ধের বিভিন্ন ফ্রন্টলাইনে পৃথক স্থানে ড্রোন হামলায় তারা নিহত হন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
প্রথমদিকে তাদের মৃত্যুর বিষয়টি গোপন রাখা হলেও রাশিয়ায় অবস্থানরত এক বাংলাদেশি প্রবাসীর মাধ্যমে পরিবারের কাছে খবর পৌঁছে বলে জানা গেছে।
নিহত মাফল মিয়ার বড় বোন কণিকা আক্তার বলেন, “আমাদের পরিবারের আর্থিক অবস্থা ভালো ছিল না। কাজের সন্ধানে আমার ভাই রাশিয়ায় গিয়েছিল। পরে ফোনে জানিয়েছিল তাকে রাজমিস্ত্রির কাজ না দিয়ে রাশিয়ার সেনাবাহিনীতে যুক্ত করা হয়েছে এবং যুদ্ধে পাঠানো হয়েছে।”
অন্যদিকে স্থানীয় ইউপি সদস্য মো. মোশারফ হোসেন জানান, নিহত আরিফ মিয়া আগে আনসার বাহিনীতে চাকরি করতেন। পরে ভালো আয়ের আশায় চাকরি ছেড়ে বিদেশে যান। কিন্তু দালালদের প্রতারণার শিকার হয়ে রাশিয়ায় গিয়ে সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত হন বলে তিনি দাবি করেন।
তিনি বলেন, “ভালো চাকরির আশ্বাস দেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে যুদ্ধে পাঠানো হয়। সেখানেই ড্রোন হামলায় তার মৃত্যু হয়েছে।”
মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী বলেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত হয়েছেন। প্রাথমিকভাবে জানা গেছে, তারা সরকারি বা দূতাবাসের আনুষ্ঠানিক প্রক্রিয়ায় নয়, স্থানীয় দালাল চক্রের মাধ্যমে বিদেশে গিয়েছিলেন।
তিনি বলেন, “পরিবারের পক্ষ থেকে লিখিত আবেদন পেলে প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তার বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানো হবে।”
স্থানীয়দের দাবি, বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে তরুণদের ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে পাঠানো দালাল চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।