২০২৬ ফিফা বিশ্বকাপে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করা দ্বিতীয় দল হলো স্বাগতিক যুক্তরাষ্ট্র। গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলোতে নিজেদের অবস্থান নিশ্চিত করেছে তারা। শুক্রবার (১৯ জুন) বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হওয়া ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে যুক্তরাষ্ট্র। এর সুফলও পায় দ্রুত। ম্যাচের ১১তম মিনিটে ফোলারিন বালোগুনের বাড়ানো বল […]
ছবি: সংগৃহীত
২০২৬ ফিফা বিশ্বকাপে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করা দ্বিতীয় দল হলো স্বাগতিক যুক্তরাষ্ট্র। গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলোতে নিজেদের অবস্থান নিশ্চিত করেছে তারা।
শুক্রবার (১৯ জুন) বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হওয়া ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে যুক্তরাষ্ট্র। এর সুফলও পায় দ্রুত। ম্যাচের ১১তম মিনিটে ফোলারিন বালোগুনের বাড়ানো বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই পাঠিয়ে দেন অস্ট্রেলিয়ার ডিফেন্ডার ক্যামেরন বার্জেস। আত্মঘাতী সেই গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।
গোলের পরও আক্রমণের ধার বজায় রাখে যুক্তরাষ্ট্র। প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করে তারা। ৪৩তম মিনিটে সের্হিনো দেস্তের শট প্রতিপক্ষের শরীরে লেগে দিক পরিবর্তন করলে অ্যালেক্স ফ্রিম্যান হেডে বল জালে জড়ান। ২-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় যুক্তরাষ্ট্র।
দ্বিতীয়ার্ধেও ম্যাচের নিয়ন্ত্রণ বেশিরভাগ সময় নিজেদের দখলে রাখে স্বাগতিকরা। যদিও রক্ষণভাগের কিছু ভুলে কয়েকটি সুযোগ তৈরি করেছিল অস্ট্রেলিয়া। অন্যদিকে ব্যবধান আরও বাড়ানোর সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি ফোলারিন বালোগুন। ৫১তম মিনিটে একক সুযোগ নষ্ট করার পর ওয়েস্টন ম্যাককেনির চমৎকার পাস থেকেও গোল করতে ব্যর্থ হন তিনি।
ম্যাচের শেষদিকে কিছুটা উত্তেজনা ছড়িয়ে পড়ে মাঠে। ৮৮তম মিনিটে বালোগুন ও অস্ট্রেলিয়ার ডিফেন্ডার হ্যারি সাউতারের মধ্যে বাকবিতণ্ডার জেরে উভয় খেলোয়াড়কে হলুদ কার্ড দেখান রেফারি। যোগ করা সময়ে প্রতিপক্ষের আক্রমণ থামাতে গিয়ে হলুদ কার্ড দেখেন যুক্তরাষ্ট্রের ক্রিস রিচার্ডসও।
শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ২-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে যুক্তরাষ্ট্র। প্রথম দুই ম্যাচে টানা জয় তুলে নিয়ে তারা গ্রুপ পর্বের এক ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করে নকআউট পর্বের টিকিট।
এর আগে মেক্সিকো প্রথম দল হিসেবে ২০২৬ বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছিল।