মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য পীরজাদা সাইদ উদ্দিন আহমদ হানজালার একটি সালিস বৈঠকের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। শনিবার (২০ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া প্রায় এক মিনিটের ভিডিওতে দেখা যায়, একটি সালিসি বৈঠকে উপস্থিত কয়েকজনের বক্তব্যের সময় উত্তেজিত প্রতিক্রিয়া জানান তিনি। একপর্যায়ে টেবিল চাপড়ে উপস্থিত ব্যক্তিদের উদ্দেশে […]
ছবি: সংগৃহীত
মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য পীরজাদা সাইদ উদ্দিন আহমদ হানজালার একটি সালিস বৈঠকের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
শনিবার (২০ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া প্রায় এক মিনিটের ভিডিওতে দেখা যায়, একটি সালিসি বৈঠকে উপস্থিত কয়েকজনের বক্তব্যের সময় উত্তেজিত প্রতিক্রিয়া জানান তিনি। একপর্যায়ে টেবিল চাপড়ে উপস্থিত ব্যক্তিদের উদ্দেশে কড়া ভাষায় কথা বলতে শোনা যায় তাকে।
ভিডিওতে হানজালাকে বলতে শোনা যায়, “কথা বললেন কেন? আপনারা এখানে কাউন্টার দিলেন কেন?” পরে তিনি আরও বলেন, “এই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলব। চুপ করেন। আমি আসছি বিচার করার জন্য। কাউন্টার দিলে আমি দেব।”
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাটি শিবচর উপজেলার দত্তপাড়া এলাকায় বিএনপির কর্মী তারামিয়া মল্লিককে কেন্দ্র করে অনুষ্ঠিত একটি সালিস বৈঠকে ঘটে। বৈঠকে বিপুলসংখ্যক স্থানীয় মানুষ উপস্থিত ছিলেন।
তারামিয়া মল্লিক দাবি করেন, ঘটনাটি প্রায় এক মাস আগে সংঘটিত হয়। সালিস চলাকালে বক্তব্য ও সিদ্ধান্ত নিয়ে মতবিরোধ দেখা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তার ভাষ্য, তিনি আপত্তি জানালে বৈঠকে উত্তেজনা বৃদ্ধি পায়।
তিনি আরও বলেন, একটি সালিস বৈঠকে সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য শোনা এবং মতামত বিবেচনায় নেওয়া প্রয়োজন হলেও সে ক্ষেত্রে তা যথাযথভাবে অনুসরণ করা হয়নি বলে তার অভিযোগ।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বৈঠকের একপর্যায়ে উত্তেজনা বাড়লে উপস্থিত একজন মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন। পরবর্তীতে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নতুন করে আলোচনায় আসে।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এলাকায় বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। তবে এ বিষয়ে সংসদ সদস্য হানজালার আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।