সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
৪:৩৬ অপরাহ্ন, ২০ জুন ২০২৬

রয়েল রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিলেন মামুনুল হক

নারায়ণগঞ্জের রয়েল রিসোর্টের বহুল আলোচিত ‘৫০১ নম্বর কক্ষ’ প্রসঙ্গে দীর্ঘ ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। শনিবার (২০ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি ২০২১ সালের ৩ এপ্রিলের ঘটনাবলি, জান্নাত আরার সঙ্গে তার বৈবাহিক সম্পর্ক, বিবাহ গোপন রাখার কারণ, রাষ্ট্রীয় সংস্থার ভূমিকা এবং পরবর্তী বিভিন্ন বিতর্ক নিয়ে বিস্তারিত […]

রয়েল রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিলেন মামুনুল হক

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
৫ মিনিটে পড়ুন |

নারায়ণগঞ্জের রয়েল রিসোর্টের বহুল আলোচিত ‘৫০১ নম্বর কক্ষ’ প্রসঙ্গে দীর্ঘ ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। শনিবার (২০ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি ২০২১ সালের ৩ এপ্রিলের ঘটনাবলি, জান্নাত আরার সঙ্গে তার বৈবাহিক সম্পর্ক, বিবাহ গোপন রাখার কারণ, রাষ্ট্রীয় সংস্থার ভূমিকা এবং পরবর্তী বিভিন্ন বিতর্ক নিয়ে বিস্তারিত বক্তব্য তুলে ধরেন।

মামুনুল হক দাবি করেন, ২০২১ সালের ৩ এপ্রিল তিনি তার স্ত্রী জান্নাত আরাকে নিয়ে নারায়ণগঞ্জের রয়েল রিসোর্টের ৫০১ নম্বর কক্ষে অবস্থান করছিলেন। তার ভাষ্য অনুযায়ী, ওই সময় পুলিশের নেতৃত্বে স্থানীয় আওয়ামী লীগ সমর্থক, সাংবাদিক এবং বিভিন্ন সংগঠনের সদস্যরা রিসোর্ট ঘিরে ফেলেন। রিসোর্ট কর্তৃপক্ষ ফোন করে বিষয়টি জানালে তিনি কক্ষের দরজা খুলে দেন। এরপর উপস্থিত ব্যক্তিরা জোরপূর্বক কক্ষে প্রবেশ করে এবং বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার শুরু করে।

তিনি অভিযোগ করেন, ওই সময় তাকে এবং তার স্ত্রীকে বিভিন্নভাবে হেনস্তা করা হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি স্ত্রীকে নিরাপত্তার জন্য ওয়াশরুমে নিয়ে যান। পরে নারী পুলিশ সদস্যরা সেখানে প্রবেশ করেন এবং ঘটনাস্থল থেকে সম্প্রচার চালিয়ে যান।

মামুনুল হক বলেন, সেদিন তিনি এবং জান্নাত আরা উভয়েই প্রকাশ্যে নিজেদের স্বামী-স্ত্রী হিসেবে পরিচয় দিয়েছিলেন এবং সেটি বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়েছিল। তার দাবি, পরবর্তীতে এক অতিরিক্ত পুলিশ সুপার তার পরিচিতজনদের সঙ্গে কথা বলে তাদের বৈবাহিক সম্পর্ক সম্পর্কে নিশ্চিত হন। তবে পরে গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা ঘটনাস্থলে এসে তাদের থানায় নেওয়ার নির্দেশ দেন।

তার ভাষ্যমতে, রিসোর্টের বাইরে তখন বিপুলসংখ্যক মানুষ জড়ো হয়েছিল। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, উপস্থিত পুলিশ সদস্যরা নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। তিনি দাবি করেন, বিক্ষুব্ধ জনতাকে শান্ত করতে তিনি ভূমিকা পালন করেছিলেন।

জান্নাত আরার সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন

ফেসবুক পোস্টে মামুনুল হক জানান, জান্নাত আরা পূর্বে তার ঘনিষ্ঠ সহকর্মী হাফেজ শহিদুল ইসলামের স্ত্রী ছিলেন। তাদের সংসারে দুই সন্তান রয়েছে। পরবর্তীতে পারস্পরিক সম্মতিতে তাদের বিবাহবিচ্ছেদ হয়।

তার দাবি, বিচ্ছেদের পর জান্নাত আরা তার সঙ্গে যোগাযোগ করেন এবং বিভিন্ন বিষয়ে সহযোগিতা চান। এক পর্যায়ে তিনি জান্নাত আরাকে বিয়ের প্রস্তাব দেন। তবে শুরুতেই তিনি জানিয়ে দেন যে, প্রথম পরিবারের কারণে সমতার ভিত্তিতে সব অধিকার বাস্তবায়ন করা তার পক্ষে কঠিন হবে। এরপর জান্নাত আরা সম্মতি দিলে ইসলামী শরিয়তের বিধান অনুযায়ী তাদের বিবাহ সম্পন্ন হয় বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, বিয়ের পর জান্নাত আরাকে একটি কুরআন শিক্ষা কোর্সে ভর্তি করিয়ে দেওয়া হয় এবং পরে তিনি বিভিন্ন প্রশিক্ষণমূলক কার্যক্রমেও যুক্ত হন। প্রথমদিকে আত্মীয়ের বাসায় থাকলেও পরবর্তীতে আলাদা বাসায় বসবাস শুরু করেন এবং প্রয়োজন অনুযায়ী তারা দেখা করতেন।

বিবাহ গোপন রাখার কারণ

মামুনুল হক বলেন, উপমহাদেশের সামাজিক বাস্তবতায় একাধিক বিয়ে অনেক সময় পারিবারিক সংকট সৃষ্টি করে। সে কারণে শুরুতে তিনি বিষয়টি প্রথম পরিবার থেকে গোপন রেখেছিলেন।

তার ভাষ্য অনুযায়ী, প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া রাষ্ট্রীয় আইনে দ্বিতীয় বিয়ের কাবিন করা জটিল ছিল। এছাড়া ইসলামী শরিয়তে কাবিন বাধ্যতামূলক নয় বলেও তিনি দাবি করেন।

তবে তিনি বলেন, তার ঘনিষ্ঠ অনেক ব্যক্তি বিষয়টি জানতেন এবং রয়েল রিসোর্টের ঘটনার সময় পুলিশ কর্মকর্তারাও তাদের সঙ্গে কথা বলে বিষয়টি সম্পর্কে অবহিত হন।

রিসোর্টে ভিন্ন নাম ব্যবহারের ব্যাখ্যা

রয়েল রিসোর্টে নিবন্ধনের সময় স্ত্রীর নাম হিসেবে প্রথম স্ত্রীর নাম ব্যবহারের কারণও ব্যাখ্যা করেন মামুনুল হক।

তিনি বলেন, তার জাতীয় পরিচয়পত্রে স্ত্রীর নাম হিসেবে প্রথম স্ত্রীর নাম ছিল। অন্যদিকে জান্নাত আরার পরিচয়পত্রেও তখন সাবেক স্বামী শহিদুল ইসলামের নামই উল্লেখ ছিল। এই পরিস্থিতিতে তারা আলোচনার মাধ্যমে ওই নাম ব্যবহার করেছিলেন বলে দাবি করেন।

প্রথম স্ত্রীর সঙ্গে ফোনালাপে জান্নাত আরাকে শহিদুল ইসলামের স্ত্রী হিসেবে পরিচয় দেওয়ার বিষয়েও তিনি ব্যাখ্যা দেন। তার মতে, প্রথম স্ত্রী আগে থেকেই জান্নাত আরাকে ওই পরিচয়ে চিনতেন এবং তখন পুরো বিষয়টি ধীরে ধীরে জানানোই সহজ মনে করেছিলেন।

রাষ্ট্র ও গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে অভিযোগ

মামুনুল হক তার পোস্টে অভিযোগ করেন, ঘটনার পর বিভিন্ন রাষ্ট্রীয় সংস্থা তাকে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছে।

তিনি দাবি করেন, তার ব্যক্তিগত ফোনালাপ ফাঁস করা হয়েছে, বিভিন্ন তথ্য বিকৃত করে প্রচার করা হয়েছে এবং তার বিরুদ্ধে জনমত গঠনের চেষ্টা চালানো হয়েছে। তিনি প্রশ্ন তোলেন, কোনো অপরাধ না করেও কেন তার ব্যক্তিগত জীবনে এভাবে হস্তক্ষেপ করা হয়েছিল।

তার ভাষ্য অনুযায়ী, জান্নাত আরাকে দীর্ঘ সময় বিভিন্ন সংস্থার হেফাজতে রাখা হয়েছিল এবং তার প্রাক্তন স্বামীসহ অন্যদের দিয়েও তার বিরুদ্ধে বক্তব্য আদায়ের চেষ্টা করা হয়েছিল। তবে এসব প্রচেষ্টা শেষ পর্যন্ত সফল হয়নি বলে তিনি দাবি করেন।

মুতা বিয়ের অভিযোগ প্রত্যাখ্যান

মামুনুল হক বলেন, তার বিরুদ্ধে সাময়িক বা মুতা বিয়ের যে অভিযোগ প্রচার করা হয়েছিল, তা সম্পূর্ণ মিথ্যা।

তার দাবি, জান্নাত আরার সঙ্গে তার বিয়ে ছিল শরিয়তসম্মত স্থায়ী বৈধ বিয়ে এবং এটিকে চুক্তিভিত্তিক বা সাময়িক বিয়ে হিসেবে উপস্থাপন করা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা।

বিচ্ছেদের বিষয়টি স্বীকার

পোস্টে তিনি জানান, জান্নাত আরার সঙ্গে তার বৈবাহিক সম্পর্ক ২০১৯ থেকে ২০২৫ সাল পর্যন্ত স্থায়ী ছিল।

তবে ২০২১ সালের ঘটনার পর বিভিন্ন কারণে তাদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়। পরবর্তীতে আলোচনার মাধ্যমে ২০২৫ সালের মার্চ মাসে তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন। বিচ্ছেদের আগ পর্যন্ত তিনি তার ভরণপোষণ ও অন্যান্য প্রাপ্য অধিকার নিশ্চিত করেছেন বলেও উল্লেখ করেন।

সমালোচকদের উদ্দেশে বার্তা

মামুনুল হক বলেন, রাজনৈতিক বা আদর্শগত মতভেদের কারণে অনেকেই রয়েল রিসোর্টের ঘটনাকে ব্যবহার করে তাকে আক্রমণ করার চেষ্টা করছেন। তবে তিনি দাবি করেন, দীর্ঘ সময় ধরে বিভিন্ন ধরনের চাপ, অপপ্রচার ও চরিত্রহননের প্রচেষ্টা মোকাবিলা করেও তিনি নিজের অবস্থান থেকে সরে যাননি।

তিনি বলেন, জীবনের নানা সংকট পার হয়ে এসেছেন এবং কুৎসা রটনার ভয়ে তিনি সত্য কথা বলা থেকে বিরত হবেন না।

পোস্টের শেষাংশে তিনি ‘৫০১’ সংখ্যাটিকে শেখ হাসিনা সরকারের একটি ব্যর্থ ষড়যন্ত্রের প্রতীক হিসেবে উল্লেখ করেন। তার দাবি, যে ঘটনাকে কেন্দ্র করে তাকে রাজনৈতিকভাবে ধ্বংস করার চেষ্টা করা হয়েছিল, সেটিই শেষ পর্যন্ত তার জন্য বিজয়ের প্রতীক হয়ে উঠেছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ