সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

NYC
২:০৬ অপরাহ্ন, ২৫ জুন ২০২৬

ডেমোক্রেটিক পার্টি ধ্বংসের অভিযোগে মামদানির ওপর চটলেন লেটিটিয়া জেমস

নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জেমস ডেমোক্রেটিক পার্টির অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির সাম্প্রতিক রাজনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করে অভিযোগ করেন, এসব পদক্ষেপ দলের ঐক্য ও দীর্ঘদিনের রাজনৈতিক কাঠামোর জন্য ক্ষতিকর হতে পারে। এক সাক্ষাৎকারে লেটিটিয়া জেমস বলেন, মামদানি যেসব প্রার্থীকে সমর্থন দিয়েছেন, তাদের অনেকেই নিউইয়র্কের বিভিন্ন এলাকার রাজনৈতিক […]

ডেমোক্রেটিক পার্টি ধ্বংসের অভিযোগে মামদানির ওপর চটলেন লেটিটিয়া জেমস

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জেমস ডেমোক্রেটিক পার্টির অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির সাম্প্রতিক রাজনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করে অভিযোগ করেন, এসব পদক্ষেপ দলের ঐক্য ও দীর্ঘদিনের রাজনৈতিক কাঠামোর জন্য ক্ষতিকর হতে পারে।

এক সাক্ষাৎকারে লেটিটিয়া জেমস বলেন, মামদানি যেসব প্রার্থীকে সমর্থন দিয়েছেন, তাদের অনেকেই নিউইয়র্কের বিভিন্ন এলাকার রাজনৈতিক বাস্তবতা, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং দীর্ঘদিনের সামাজিক সংগ্রামের ইতিহাস সম্পর্কে পর্যাপ্ত ধারণা রাখেন না।

তার মতে, এসব নতুন মুখ বর্ণ, শ্রেণি এবং স্থানীয় রাজনৈতিক বাস্তবতার জটিল বিষয়গুলো যথাযথভাবে উপলব্ধি করতে ব্যর্থ হচ্ছেন। এর ফলে দলের ভেতরে আদর্শিক বিভাজন আরও গভীর হতে পারে।

সাম্প্রতিক নির্বাচনে মামদানি-সমর্থিত একাধিক প্রার্থীর বিজয় নিউইয়র্কের রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের আলোচনার জন্ম দিয়েছে। প্রতিনিধি পরিষদ, অঙ্গরাজ্যের সিনেট এবং অঙ্গরাজ্যের আইনসভায় তার সমর্থিত বেশ কয়েকজন প্রার্থী বিজয়ী হয়েছেন। এতে ডেমোক্রেটিক পার্টির প্রথাগত নেতৃত্বের ভেতরে নতুন উদ্বেগ তৈরি হয়েছে।

লেটিটিয়া জেমস বলেন, ডেমোক্রেটিক পার্টির প্রতি অনেকের ক্ষোভ বা হতাশা থাকতে পারে, কিন্তু তার অর্থ এই নয় যে পুরো দলকে ভেঙে ফেলার চেষ্টা করতে হবে। তিনি মন্তব্য করেন, দলকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া কোনো সমাধান হতে পারে না।

তিনি আরও বলেন, রাজনৈতিক পরিবর্তন অবশ্যই প্রয়োজন হতে পারে, তবে সেটি এমনভাবে হওয়া উচিত যাতে দলীয় ঐক্য ও ভবিষ্যৎ নির্বাচনী সক্ষমতা ক্ষতিগ্রস্ত না হয়।

অন্যদিকে মামদানির সমর্থকরা দাবি করছেন, তার রাজনৈতিক উত্থান মূলত সাধারণ ভোটারদের আকাঙ্ক্ষার প্রতিফলন এবং এটি ডেমোক্রেটিক পার্টির ভেতরে নতুন প্রজন্মের রাজনৈতিক চিন্তার প্রতিনিধিত্ব করছে। সাম্প্রতিক নির্বাচনে তার সমর্থিত প্রার্থীদের সাফল্যকে তারা পরিবর্তনের পক্ষে জনসমর্থনের প্রমাণ হিসেবে দেখছেন।

এদিকে প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের সংখ্যালঘু নেতা হাকিম জেফ্রিজ বিষয়টিকে তুলনামূলক সংযতভাবে দেখার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, নির্বাচনের ফলাফলকে সম্মান জানানো এবং দলের ভেতরের বিভিন্ন মত ও অবস্থানকে একসঙ্গে নিয়ে এগিয়ে যাওয়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

বিশ্লেষকদের মতে, জোহরান মামদানির ক্রমবর্ধমান রাজনৈতিক প্রভাব ডেমোক্রেটিক পার্টির ভেতরে নতুন আদর্শিক বিতর্কের জন্ম দিয়েছে। আগামী জাতীয় নির্বাচনের আগে এই বিতর্ক আরও তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তা দলটির ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ