সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

খেলাধুলা
৩:৪২ অপরাহ্ন, ২৯ জুন ২০২৬

পিছিয়ে পড়েও জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

প্রথমার্ধে গোল হজম করে পিছিয়ে পড়েছিল ব্রাজিল জাতীয় ফুটবল দল। তবে বিরতির পর দারুণ প্রত্যাবর্তন করে ম্যাচে সমতা ফেরায় সেলেসাওরা। শেষ পর্যন্ত নাটকীয় লড়াইয়ে ২-১ গোলের জয় তুলে নিয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে তারা। অন্যদিকে সাহসী লড়াই করেও বিদায় নিতে হয়েছে জাপান জাতীয় ফুটবল দলকে। ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ ছিল ব্রাজিলের পায়ে। আক্রমণভাগে […]

পিছিয়ে পড়েও জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

প্রথমার্ধে গোল হজম করে পিছিয়ে পড়েছিল ব্রাজিল জাতীয় ফুটবল দল। তবে বিরতির পর দারুণ প্রত্যাবর্তন করে ম্যাচে সমতা ফেরায় সেলেসাওরা। শেষ পর্যন্ত নাটকীয় লড়াইয়ে ২-১ গোলের জয় তুলে নিয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে তারা। অন্যদিকে সাহসী লড়াই করেও বিদায় নিতে হয়েছে জাপান জাতীয় ফুটবল দলকে।

ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ ছিল ব্রাজিলের পায়ে। আক্রমণভাগে একের পর এক সুযোগ তৈরি করলেও শুরুতে গোলের দেখা পায়নি তারা। ম্যাচের তৃতীয় মিনিটেই সুযোগ তৈরি করেন ব্রুনো গিমারায়েস। বক্সের বাইরে থেকে নেওয়া তার শট প্রতিপক্ষের এক খেলোয়াড়ের গায়ে লেগে গোলবারের পাশ দিয়ে বেরিয়ে যায়।

পাঁচ মিনিটে আবারও আক্রমণে ওঠে ব্রাজিল। উঁচু করে বাড়ানো বলের দিকে ছুটে যাচ্ছিলেন ভিনিসিয়ুস জুনিয়র, তবে তার আগেই এগিয়ে এসে দুই হাতে বল ক্লিয়ার করেন জাপানের গোলরক্ষক জিওন সুজুকি।

১৬তম মিনিটে প্রথম উল্লেখযোগ্য আক্রমণ গড়ে তোলে জাপান। দাইচি কামাদার ফ্রি-কিক ব্রাজিলের রক্ষণভাগে লেগে বাইরে চলে গেলে কর্নার পায় তারা। এরপর জুনিয়া ইতোর ইন-সুইং কর্নার নিয়ার পোস্টে বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পারত, তবে হেড করে বল সরিয়ে দেন ক্যাসেমিরো।

এরপর ম্যাচের ২৯তম মিনিটে পাল্টা আক্রমণ থেকে এগিয়ে যায় জাপান। দুর্দান্ত ড্রিবলিংয়ের পর বক্সের বাইরে থেকে নেওয়া কোণাকুণি শটে বল জালে জড়ান কাইশু সানো। তার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় জাপান।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই আক্রমণের গতি বাড়িয়ে দেয় ব্রাজিল। একের পর এক আক্রমণ চালাতে থাকে তারা। অবশেষে ৫৬তম মিনিটে সমতায় ফেরে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। গ্যাব্রিয়েল মাগালাইয়েসর ক্রস থেকে দারুণ এক হেডে গোল করেন ক্যাসেমিরো।

সমতায় ফেরার পরও থেমে থাকেনি ব্রাজিল। তবে একের পর এক আক্রমণ সত্ত্বেও কাঙ্ক্ষিত গোলের দেখা মিলছিল না। ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ানোর দিকেই এগোচ্ছিল।

কিন্তু যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে আসে নাটকীয় মুহূর্ত। ব্রুনো গিমারায়েসর পাস থেকে বক্সের ভেতরে বল পান গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। তার নেওয়া নিচু কোনাকুণি শট পোস্টে লেগে জালে জড়িয়ে গেলে উল্লাসে ফেটে পড়ে ব্রাজিল শিবির।

শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে কার্লো আনচেলত্তির শিষ্যরা। এই জয়ে শেষ ষোলো নিশ্চিত করল ব্রাজিল, আর হৃদয়ভাঙা বিদায় নিতে হলো জাপানকে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ