সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

উত্তর আমেরিকা
১:১৭ অপরাহ্ন, ৩০ জুন ২০২৬

যুক্তরাষ্ট্রের টেক্সাসে রিপাবলিকানদের বিদ্বেষে চরম নিরাপত্তাহীনতায় মুসলিমরা

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে রিপাবলিকান রাজনীতির প্রভাবকে কেন্দ্র করে মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষ ও ইসলামভীতির ঘটনা ক্রমেই প্রকাশ্য রূপ নিচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় মুসলিম সম্প্রদায়ের সদস্যরা বলছেন, রাজনৈতিক নেতাদের বক্তব্য ও নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত ভাষা সাধারণ মানুষের আচরণেও প্রভাব ফেলছে, যার ফলে তারা আগের তুলনায় বেশি নিরাপত্তাহীনতা অনুভব করছেন। সম্প্রতি টেক্সাসে অনুষ্ঠিত একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রিপাবলিকান প্রাইমারি […]

যুক্তরাষ্ট্রের টেক্সাসে রিপাবলিকানদের বিদ্বেষে চরম নিরাপত্তাহীনতায় মুসলিমরা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
৩ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে রিপাবলিকান রাজনীতির প্রভাবকে কেন্দ্র করে মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষ ও ইসলামভীতির ঘটনা ক্রমেই প্রকাশ্য রূপ নিচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় মুসলিম সম্প্রদায়ের সদস্যরা বলছেন, রাজনৈতিক নেতাদের বক্তব্য ও নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত ভাষা সাধারণ মানুষের আচরণেও প্রভাব ফেলছে, যার ফলে তারা আগের তুলনায় বেশি নিরাপত্তাহীনতা অনুভব করছেন।

সম্প্রতি টেক্সাসে অনুষ্ঠিত একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রিপাবলিকান প্রাইমারি রান-অফ নির্বাচনের পর পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে বলে দাবি করছেন স্থানীয় বাসিন্দারা। তাদের ভাষ্য, শিক্ষা প্রতিষ্ঠান, পার্ক, বিপণিবিতান, এমনকি দৈনন্দিন সামাজিক যোগাযোগের ক্ষেত্রেও মুসলিমবিদ্বেষী আচরণ ও মন্তব্যের ঘটনা বেড়েছে।

হিউস্টন বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি নামাজরত মুসলিম শিক্ষার্থীদের কাছে গিয়ে এক ব্যক্তি পবিত্র কোরআনের একটি কপি পুড়িয়ে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে। এছাড়া ধর্মীয় বা ঐতিহ্যবাহী পোশাক পরার কারণেও অনেক মুসলিম মৌখিক হয়রানি ও অপমানের শিকার হয়েছেন বলে জানা গেছে।

ডালাসের বাসিন্দা এবং একটি মুসলিম সামাজিক ন্যায়বিচার সংগঠনের সদস্য নায়লা সৈয়দ বলেন, নির্বাচিত জনপ্রতিনিধিদের বক্তব্য সমাজের নিচের স্তর পর্যন্ত প্রভাব ফেলছে। তার ভাষায়, এই ঘৃণা এখন কেবল রাজনৈতিক মঞ্চে সীমাবদ্ধ নেই, বরং মানুষের দৈনন্দিন আচরণেও তা প্রতিফলিত হচ্ছে।

তিনি জানান, স্কুলে তার দুই মেয়েকে ইসলাম সম্পর্কে নেতিবাচক ও বিদ্বেষমূলক প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। সহপাঠীরা তাদের জিজ্ঞেস করেছে, তারা কি জানে ইসলামে নারীদের সঙ্গে খারাপ আচরণ করা হয়। একজন অভিভাবক হিসেবে এসব ঘটনা তাকে উদ্বিগ্ন করে তুলেছে।

অনলাইন হয়রানি ও হুমকির কারণে টেক্সাসের অনেক মুসলিম নিজেদের পরিচয় প্রকাশ করতেও অনাগ্রহী হয়ে উঠেছেন। সম্প্রতি রিপাবলিকান পার্টির এক কনভেনশনে অংশ নেওয়া কয়েকজন মুসলিম প্রতিনিধিকে খ্রিস্টধর্ম গ্রহণ অথবা দেশ ছেড়ে চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।

একই সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মুদি দোকানে দুই মুসলিম নারীকে অপমান করা হচ্ছে। ভিডিওতে এক নারীকে বলতে শোনা যায়, ইসলাম কোনো ধর্ম নয়, বরং এটি একটি সন্ত্রাসী সংগঠন এবং যুক্তরাষ্ট্র মুসলিমদের দেশ নয়।

এদিকে ওই নারীর সমর্থনে অনলাইনে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ সংগ্রহ করা হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। একই সঙ্গে কয়েকজন রিপাবলিকান রাজনীতিক মুসলিমপ্রধান দেশগুলো থেকে অভিবাসন সীমিত করার পক্ষেও অবস্থান নিয়েছেন।

টেক্সাসের একটি কংগ্রেসনাল জেলার প্রতিনিধি ব্র্যান্ডন গিল তার সমর্থকদের পাঠানো এক ই-মেইলে মুসলিম অভিবাসন বন্ধের আহ্বান জানান। পরে এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, অভিবাসন অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশ পরিবর্তিত হয়ে যেতে পারে।

জুন মাসে অনুষ্ঠিত টেক্সাস রিপাবলিকান পার্টির কনভেনশনে “ডোন্ট শরিয়াহ আওয়ার টেক্সাস” শীর্ষক একটি প্রস্তাবও রাজনৈতিক অগ্রাধিকারের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। এর মাধ্যমে মূলত শরিয়াহ আইনকে অপরাধ হিসেবে গণ্য করার আহ্বান জানানো হয়েছে।

তবে বিশেষজ্ঞদের মতে, টেক্সাসে শরিয়াহ আইন চালুর কোনো বাস্তব প্রচেষ্টা বা উদ্যোগ নেই। তাদের ভাষায়, শরিয়াহ মূলত মুসলমানদের ধর্মীয় ও নৈতিক জীবনব্যবস্থার অংশ, যা নিয়ে রাজনৈতিক আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে।

কনভেনশনে অংশ নেওয়া একজন মুসলিম প্রতিনিধি, যিনি নিরাপত্তাজনিত কারণে নিজের পরিচয় প্রকাশ করতে চাননি, জানান যে সেখানে মুসলিমদের একাধিকবার সন্ত্রাসী হিসেবে আখ্যা দেওয়া হয়েছে এবং দেশ ছেড়ে চলে যাওয়ার কথাও বলা হয়েছে।

তার ভাষায়, মুসলিমরাও অন্য সবার মতো পরিবার, কাজ ও ভবিষ্যৎ নিয়ে ভাবেন। তারা যুক্তরাষ্ট্রের সমাজেরই একটি অংশ এবং নিজেদের দেশ ছেড়ে কোথাও যাওয়ার প্রশ্নই ওঠে না।

অন্যদিকে টেক্সাসের শিক্ষা ব্যবস্থাতেও ইসলাম ও মুসলিম সভ্যতা নিয়ে বিতর্ক বাড়ছে। অস্টিনে শিক্ষা বোর্ডের এক শুনানিতে কয়েকজন বক্তা বিশ্ব ইতিহাসে ইসলামের অবদান এবং মুসলিম সভ্যতা সম্পর্কিত পাঠ্যবইয়ের বিষয়বস্তুর বিরোধিতা করেন।

সমালোচকদের অভিযোগ, এসব বিতর্কের আড়ালে ইতিহাস ও সমাজবিজ্ঞানের পাঠ্যক্রমে গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে সংকুচিত করা হচ্ছে এবং সংখ্যালঘু জনগোষ্ঠীকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হচ্ছে।

টেক্সাসের মুসলিম আইনপ্রণেতা ও সম্প্রদায় নেতারা ধর্মের রাজনৈতিক ব্যবহার বন্ধ এবং বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর মধ্যে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধির আহ্বান জানিয়েছেন। তাদের মতে, অজ্ঞতা থেকেই ভয় তৈরি হয় এবং সেই ভয় থেকেই জন্ম নেয় ঘৃণা ও বিদ্বেষ।

তারা মনে করেন, পারস্পরিক যোগাযোগ ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমেই এই পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব এবং বহুত্ববাদী আমেরিকার মূল্যবোধ রক্ষা করা যাবে।

সূত্র: দ্য গার্ডিয়ান

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ