সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বাংলাদেশ
৩:১৪ অপরাহ্ন, ৩০ জুন ২০২৬

পাত্র সেজে পিবিআইর অভিযান, উন্মোচিত হলো কিশোরী তিথি হত্যার রহস্য

নরসিংদীর বহুল আলোচিত কিশোরী সুমনা আক্তার তিথি হত্যা মামলার তদন্তে অভিনব কৌশল নেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মামলার দুই সন্দেহভাজনকে ধরতে ফরিদপুরের বোয়ালমারীতে পাত্রপক্ষের ছদ্মবেশে অভিযান চালান তদন্ত কর্মকর্তারা। সেই অভিযানে গ্রেপ্তার হন দুই সহোদর রমজান আলী (লিমন) ও হাসিবুর রহমান (শান্ত)। পরবর্তী জিজ্ঞাসাবাদ ও প্রযুক্তিনির্ভর তদন্তে উঠে আসে, বিদেশে থাকা স্বজনদের পাঠানো অর্থের […]

পাত্র সেজে পিবিআইর অভিযান, উন্মোচিত হলো কিশোরী তিথি হত্যার রহস্য

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
৪ মিনিটে পড়ুন |

নরসিংদীর বহুল আলোচিত কিশোরী সুমনা আক্তার তিথি হত্যা মামলার তদন্তে অভিনব কৌশল নেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মামলার দুই সন্দেহভাজনকে ধরতে ফরিদপুরের বোয়ালমারীতে পাত্রপক্ষের ছদ্মবেশে অভিযান চালান তদন্ত কর্মকর্তারা। সেই অভিযানে গ্রেপ্তার হন দুই সহোদর রমজান আলী (লিমন) ও হাসিবুর রহমান (শান্ত)। পরবর্তী জিজ্ঞাসাবাদ ও প্রযুক্তিনির্ভর তদন্তে উঠে আসে, বিদেশে থাকা স্বজনদের পাঠানো অর্থের লোভ থেকেই পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল।

পিবিআই সূত্র ও মামলার তদন্তসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ২৭ জানুয়ারি রাতে নরসিংদী সদর উপজেলার শেখেরচর গ্রামে নিজ বাড়িতে হাতুড়ির আঘাতে হত্যা করা হয় ১৩ বছর বয়সী সুমনা আক্তার তিথিকে। একই ঘটনায় গুরুতর আহত হন তার মা আসমা আক্তার। হামলার সময় বাড়ি থেকে নগদ অর্থও লুট করা হয়।

ঘটনার চার দিন পর, ৩১ জানুয়ারি গভীর রাতে ফরিদপুরের বোয়ালমারী এলাকা থেকে রমজান ও হাসিবুরকে গ্রেপ্তার করে পিবিআই। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১০ লাখ ১ হাজার ১০০ টাকা। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ১ ফেব্রুয়ারি নরসিংদী থেকে আরও দুই আসামি কাউছার মিয়া ও ইমন আলীকে আটক করা হয়। চারজনই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়েছে এবং বিচার কার্যক্রমও শুরু হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই নরসিংদীর পরিদর্শক শহিদুল ইসলাম জানান, চারজন আসামির বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে এবং তাদের সর্বোচ্চ শাস্তির সুপারিশ করা হয়েছে। বর্তমানে মামলার বিচার চলছে।

তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, শুরুতে মামলার কোনো দৃশ্যমান সূত্র পাওয়া যায়নি। বাড়ির আশপাশে সিসিটিভি ক্যামেরা না থাকা এবং প্রত্যক্ষদর্শীর অভাবে তদন্ত জটিল হয়ে পড়ে। পরে নিহত তিথির বাবা মোফাজ্জল হোসেনের সঙ্গে বিস্তারিত কথা বলে পরিবারের আর্থিক লেনদেন, আত্মীয়স্বজন এবং পরিচিতদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়।

সেখান থেকেই তদন্তের মোড় ঘুরে যায়। মোফাজ্জল হোসেন জানান, তার বড় মেয়ে ও কম্বোডিয়াপ্রবাসী জামাতা নিয়মিত দেশে টাকা পাঠাতেন এবং সেই টাকা তোলার কাজে সহযোগিতা করতেন পরিচিত ব্যক্তি হাসিবুর রহমান শান্ত। এরপর হাসিবুরের মোবাইল ফোনের তথ্য বিশ্লেষণ শুরু করে পিবিআই। তদন্তে দেখা যায়, হত্যাকাণ্ডের রাতে তিনি নরসিংদীতে অবস্থান করছিলেন এবং পরদিন ভোরে ঢাকার যাত্রাবাড়ী এলাকায় চলে যান। একই সময়ে আরেকটি তথ্য আসে যে, রমজান আলী বিপুল পরিমাণ টাকা নিয়ে কিশোরগঞ্জের দিকে যাচ্ছেন। এরপর তার গতিবিধিও নিবিড়ভাবে পর্যবেক্ষণে আনা হয়।

পিবিআই কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, কিশোরগঞ্জ, ফরিদপুর ও নরসিংদীতে কয়েক দিনের অনুসন্ধান, মোবাইল ফোনের তথ্য বিশ্লেষণ এবং আত্মীয়স্বজনের মাধ্যমে পাওয়া তথ্য যাচাইয়ের পর নিশ্চিত হওয়া যায় যে রমজান ও হাসিবুর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। এরপর বোয়ালমারীতে গিয়ে এক কর্মকর্তা পাত্র সেজে একটি বাড়িতে প্রবেশ করেন। আলাপচারিতার একপর্যায়ে জানা যায়, যাদের খোঁজা হচ্ছে তারা ওই বাড়িতে নয়, অন্য এক আত্মীয়ের বাসায় অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে দুই ভাইকে গ্রেপ্তার করা হয়।

পিবিআইয়ের তদন্ত এবং আসামিদের জবানবন্দি অনুযায়ী, হত্যার কয়েক দিন আগে মোফাজ্জল হোসেনের বাড়িতে উল্লেখযোগ্য পরিমাণ নগদ অর্থ রয়েছে বলে জানতে পারেন রমজান। বড় ভাই হাসিবুরের মাধ্যমে তিনি জানতে পারেন, মোফাজ্জলের বড় মেয়ে ও জামাতা বিদেশ থেকে নিয়মিত অর্থ পাঠান। এরপর ওই টাকা লুটের উদ্দেশ্যে ডাকাতির পরিকল্পনা করা হয়। পরিকল্পনায় রমজান সঙ্গে নেন কাউছার মিয়া ও ইমন আলীকে। ঘটনার প্রস্তুতি হিসেবে স্থানীয় বাজার থেকে একটি হাতুড়ি ও রশি কেনা হয়েছিল।

জবানবন্দিতে জানা যায়, ২৭ জানুয়ারি রাত সাড়ে ৮টার দিকে রমজান, কাউছার ও ইমন মোফাজ্জল হোসেনের বাড়িতে পৌঁছান। সে সময় মোফাজ্জল বাড়িতে ছিলেন না। দরজায় কড়া নাড়ার পর তিথি দরজা খুলে দিলে সঙ্গে সঙ্গে তার মুখ চেপে ধরা হয়। বাধা দিতে গিয়ে তিথি চিৎকার করলে তাকে হাতুড়ি দিয়ে আঘাত করা হয়। মেয়ের চিৎকার শুনে এগিয়ে এলে তার মা আসমা আক্তারের ওপরও হামলা চালানো হয়। ঘটনাস্থলেই তিথির মৃত্যু হয়।

এরপর হামলাকারীরা পুরো বাড়িতে টাকা খুঁজতে শুরু করে। একপর্যায়ে একটি লাল রঙের বালতিতে কাপড়ে মোড়ানো অবস্থায় রাখা নগদ অর্থ খুঁজে পেয়ে তা একটি স্কুলব্যাগে ভরে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

পিবিআইয়ের প্রধান ও অতিরিক্ত মহাপরিদর্শক মোস্তফা কামাল বলেন, প্রবাসী স্বজনদের পাঠানো অর্থের লোভ থেকেই এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করা হয়েছিল। প্রযুক্তিনির্ভর তদন্ত এবং মাঠপর্যায়ের অভিযানের সমন্বয়ে দ্রুত রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

২০২৫ সালের ২৭ জানুয়ারি নরসিংদীর শেখেরচর এলাকায় সংঘটিত এই হত্যাকাণ্ড স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছিল। তদন্ত শেষে চারজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে এবং মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।

সূত্র: ইত্তেফাক

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ