জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস হওয়ার পর এর বিপক্ষে ভোট দিয়েছে বিরোধীদল। তাদের দাবি, প্রস্তাবিত বাজেটটি ‘অপরিকল্পিত, অস্বচ্ছ এবং বাস্তবায়নযোগ্য নয়’। একই সঙ্গে বিরোধীদলের অভিযোগ, সংসদে তাদের আপত্তি ও চাপের কারণেই সরকার বাজেটের কয়েকটি ‘গণবিরোধী’ প্রস্তাব সংশোধন কিংবা প্রত্যাহার করতে বাধ্য হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) বাজেট পাসের পর সংসদ ভবন প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে […]
ছবি: সংগৃহীত
জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস হওয়ার পর এর বিপক্ষে ভোট দিয়েছে বিরোধীদল। তাদের দাবি, প্রস্তাবিত বাজেটটি ‘অপরিকল্পিত, অস্বচ্ছ এবং বাস্তবায়নযোগ্য নয়’। একই সঙ্গে বিরোধীদলের অভিযোগ, সংসদে তাদের আপত্তি ও চাপের কারণেই সরকার বাজেটের কয়েকটি ‘গণবিরোধী’ প্রস্তাব সংশোধন কিংবা প্রত্যাহার করতে বাধ্য হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) বাজেট পাসের পর সংসদ ভবন প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন বিরোধীদলের মুখপাত্র ও জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নাজিবুর রহমান। তিনি বলেন, ‘আমরা বাজেটের বিরুদ্ধে ভোট দিয়েছি। কারণ সংক্ষেপে বলতে গেলে, এটি একটি অপরিকল্পিত, অস্বচ্ছ এবং অবাস্তবায়নযোগ্য বাজেট।’
বিরোধীদলের দাবি, তাদের গঠনমূলক সমালোচনা ও অবস্থানের কারণেই বাজেটের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাবে পরিবর্তন আনা হয়েছে। তাদের মতে, মুদিদোকানের ওপর আরোপিত কর প্রত্যাহার, আবাসন খাতে কালোটাকা বৈধ করার সুযোগ বাতিল, ব্যাংক রেজোল্যুশন আইনের একটি বিতর্কিত ধারা বাদ দেওয়ার ঘোষণা এবং করমুক্ত আয়সীমা বাড়িয়ে চার লাখ টাকা নির্ধারণ—এসবই বিরোধীদলের চাপের ফল।
তবে এসব পরিবর্তনের পরও বাজেটের মৌলিক দুর্বলতা দূর হয়নি বলে মনে করছে বিরোধীপক্ষ। তাদের প্রধান আপত্তির জায়গা হলো, সরকার দুর্বল ও ভঙ্গুর ব্যাংকিং খাত থেকে ১ লাখ ১২ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার যে পরিকল্পনা করেছে, তা বাস্তবসম্মত নয়। বিরোধীদলের ভাষ্য, যখন ব্যাংকগুলোকে টিকিয়ে রাখতে সরকারকেই টাকা ছাপিয়ে সহায়তা দিতে হচ্ছে, তখন সেই খাত থেকেই এত বড় অঙ্কের ঋণ নেওয়ার পরিকল্পনা প্রশ্নের জন্ম দেয়।
তারা আরও বলেছে, সরকার একদিকে মূল্যস্ফীতির হার ৭ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে, অন্যদিকে বিপুল পরিমাণ ঋণ গ্রহণ ও অর্থ সরবরাহ বাড়ানোর নীতি অনুসরণ করছে। বিরোধীদলের মতে, এই দুই অবস্থান পরস্পরবিরোধী এবং এর ফলে বেসরকারি খাতে ঋণপ্রবাহ কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।
বাজেটের বাইরেও সংসদে বিল উত্থাপনের প্রক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে বিরোধীদল। তাদের অভিযোগ, কার্যপ্রণালি বিধি অনুযায়ী কোনো বিলের নথিপত্র সদস্যদের হাতে অন্তত তিন দিন আগে দেওয়ার কথা থাকলেও বর্তমানে যেদিন বিল সংসদে উপস্থাপন করা হয়, সেদিনই সংশ্লিষ্ট কাগজপত্র সরবরাহ করা হচ্ছে। এতে সদস্যদের অর্থবহ ও কার্যকর আলোচনা করার সুযোগ সীমিত হয়ে যাচ্ছে বলে তারা মনে করছে।
তবে নতুন জুয়া প্রতিরোধ আইনকে সময়োপযোগী হিসেবে স্বাগত জানিয়েছে বিরোধীদল। তাদের ভাষ্য, আইনটি সর্বসম্মতিক্রমে পাস হয়েছে। যদিও আদালতের অনুমতি ছাড়াই কম্পিউটার ও সার্ভার জব্দের ক্ষমতা পুলিশকে দেওয়ার বিষয়ে তারা আপত্তি জানিয়েছে। বিরোধীদলের মতে, এ ধরনের পদক্ষেপের ক্ষেত্রে অন্তত একজন ম্যাজিস্ট্রেটকে অবহিত করার বিধান থাকা প্রয়োজন ছিল।
বাংলাদেশের চিকিৎসা শিক্ষা-সংক্রান্ত নতুন বিল নিয়েও প্রশ্ন তুলেছে বিরোধীদল। তাদের মতে, জনস্বার্থের সঙ্গে সম্পৃক্ত এ ধরনের গুরুত্বপূর্ণ আইন বিশেষজ্ঞদের মতামত নিয়ে আরও বিস্তৃত পর্যালোচনার পর সংসদে আনা উচিত ছিল। অন্যথায় উচ্চশিক্ষা বাণিজ্যিকীকরণের ঝুঁকি তৈরি হতে পারে।
সংবিধান সংশোধনের প্রসঙ্গেও বিরোধীদল বলেছে, শুধু সংবিধান পরিবর্তন করলেই জুলাই সনদের প্রস্তাবগুলো বাস্তবায়ন সম্ভব হবে না। তাদের মতে, কার্যপ্রণালি বিধিসহ আরও কয়েকটি আইন ও বিধিমালায় পরিবর্তন প্রয়োজন। এ লক্ষ্যে দুই সরকারি দলের পাঁচজন এবং বিরোধীদলের পাঁচজন সদস্যকে নিয়ে একটি সংস্কার কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হলেও সরকার এখনো তাতে ইতিবাচক সাড়া দেয়নি বলে অভিযোগ করেছে তারা।
একই সঙ্গে বিরোধীদলের দাবি, জুলাই আন্দোলনের লক্ষ্য ও অঙ্গীকার বাস্তবায়নে বাজেটে কার্যকর কোনো বরাদ্দ রাখা হয়নি। নিহত ও আহতদের জন্য অনুদানের ব্যবস্থা থাকলেও জুলাই সনদ বাস্তবায়নের জন্য আলাদা বাজেট বরাদ্দ কিংবা সুস্পষ্ট কর্মপরিকল্পনার অভাব রয়েছে বলে তারা উল্লেখ করেছে।
সূত্র: ইত্তেফাক