যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে লাইসেন্সবিহীন অবৈধ পার্কিং লটের বিজ্ঞাপন দিয়ে সাধারণ চালকদের বিভ্রান্ত করার অভিযোগে একটি ওয়েবসাইট কোম্পানিকে দুই লাখ ডলার জরিমানা করা হয়েছে। নিউইয়র্ক সিটির ভোক্তা অধিকার সংস্থার তথ্য অনুযায়ী, ‘ওয়ে ডটকম’ নামের ওই অনলাইন প্ল্যাটফর্মটি ভুয়া পার্কিংয়ের দালালি করে বিপুল মুনাফা করেছে এবং এতে অসংখ্য গ্রাহক হয়রানির শিকার হয়েছেন। […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে লাইসেন্সবিহীন অবৈধ পার্কিং লটের বিজ্ঞাপন দিয়ে সাধারণ চালকদের বিভ্রান্ত করার অভিযোগে একটি ওয়েবসাইট কোম্পানিকে দুই লাখ ডলার জরিমানা করা হয়েছে। নিউইয়র্ক সিটির ভোক্তা অধিকার সংস্থার তথ্য অনুযায়ী, ‘ওয়ে ডটকম’ নামের ওই অনলাইন প্ল্যাটফর্মটি ভুয়া পার্কিংয়ের দালালি করে বিপুল মুনাফা করেছে এবং এতে অসংখ্য গ্রাহক হয়রানির শিকার হয়েছেন।
ভোক্তাদের অভিযোগ, ওয়েবসাইটের মাধ্যমে পার্কিং বুকিং করার পর তাদের কাছ থেকে গোপনে অতিরিক্ত ফি আদায় করা হতো। অনেক ক্ষেত্রে বুকিংয়ের সময় যে ভাড়া দেখানো হয়েছিল, পরে তার চেয়ে বেশি অর্থ দাবি করা হয়েছে। শুধু তা-ই নয়, গাড়ি ভাঙচুর, গাড়ির ভেতর থেকে মূল্যবান জিনিসপত্র চুরি এবং পার্কিং ব্যবস্থাপনায় নানা ধরনের অনিয়মের ঘটনাও সামনে এসেছে।
বিষয়টি প্রথম আলোচনায় আসে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ নিউইয়র্কের এক অনুসন্ধানী প্রতিবেদনে। ওই প্রতিবেদনে অবৈধ পার্কিং লট ও অনিয়মের বিস্তারিত প্রকাশ পাওয়ার পরই স্থানীয় প্রশাসন এ বিষয়ে পদক্ষেপ নেয়।
নিউইয়র্ক সিটির ভোক্তা অধিকার সংস্থা জানিয়েছে, ওয়ে ডটকমকে তাদের অ্যাপ এবং ওয়েবসাইট থেকে অবিলম্বে সব ধরনের অবৈধ পার্কিংয়ের তালিকা সরিয়ে ফেলতে নির্দেশ দেওয়া হয়েছে। সংস্থাটি বলছে, সাধারণ চালকদের বিভ্রান্ত করে যেসব লাইসেন্সবিহীন গ্যারেজ ও পার্কিং ব্যবসা চলছিল, এই পদক্ষেপের মাধ্যমে সেগুলোর লাগাম টানা সম্ভব হবে।
সংস্থার কমিশনার স্যামুয়েল লেভিন বলেন, তারা এই জালিয়াতি চক্রের মূল উপড়ে ফেলেছেন এবং এখন থেকে লাইসেন্সবিহীন গ্যারেজগুলো আর ওয়েবসাইট ব্যবহার করে সাধারণ গ্রাহকদের ঠকিয়ে ব্যবসা চালাতে পারবে না।
অন্যদিকে ওয়ে ডটকম এক বিবৃতিতে দাবি করেছে, তারা নিজেরা কোনো পার্কিং লটের মালিক নয়। প্রতিষ্ঠানটির ভাষ্য, তারা কেবল একটি প্রযুক্তি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। তাদের দাবি, তৃতীয় পক্ষের গ্যারেজ মালিকেরা লাইসেন্স আছে বলে ভুয়া তথ্য দিয়ে তাদেরও বিভ্রান্ত করেছে।
কোম্পানিটি আরও জানিয়েছে, তারা জেনেশুনে কোনো প্রতারণায় জড়ায়নি। তবে সিটির নিয়ম মেনে চলা এবং গ্রাহকদের সুরক্ষা নিশ্চিত করার স্বার্থে জরিমানা পরিশোধে তারা সম্মত হয়েছে।
প্রশাসনের দাবি, বিমানবন্দরের আশপাশে পার্কিং সেবাকে ঘিরে এমন জালিয়াতি সাধারণ যাত্রীদের আর্থিক ক্ষতি ছাড়াও নিরাপত্তা ও আস্থার বড় সংকট তৈরি করেছে। তাই ভবিষ্যতে এ ধরনের প্রতারণা ঠেকাতে নজরদারি আরও বাড়ানো হবে।