মিয়ানমারের রাখাইন রাজ্যে নতুন করে সংঘাত ও বিমান হামলা শুরু হওয়ায় কক্সবাজারের টেকনাফ সীমান্তে রোহিঙ্গা অনুপ্রবেশের আশঙ্কা তৈরি হয়েছে। তবে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। গত বুধবার ও বৃহস্পতিবার মিয়ানমারের সামরিক বাহিনী রাখাইন রাজ্যে আরাকান আর্মির অবস্থান লক্ষ্য করে একাধিক দফা বিমান হামলা চালায়। এসব হামলার বিস্ফোরণের শব্দ […]
ছবি: সংগৃহীত
মিয়ানমারের রাখাইন রাজ্যে নতুন করে সংঘাত ও বিমান হামলা শুরু হওয়ায় কক্সবাজারের টেকনাফ সীমান্তে রোহিঙ্গা অনুপ্রবেশের আশঙ্কা তৈরি হয়েছে। তবে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
গত বুধবার ও বৃহস্পতিবার মিয়ানমারের সামরিক বাহিনী রাখাইন রাজ্যে আরাকান আর্মির অবস্থান লক্ষ্য করে একাধিক দফা বিমান হামলা চালায়। এসব হামলার বিস্ফোরণের শব্দ টেকনাফ সীমান্তের বিভিন্ন এলাকায় শোনা যায় এবং সীমান্তবর্তী গ্রামগুলো কেঁপে ওঠে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে থাকা শরণার্থীদের দাবি, চলমান সংঘাতে মিয়ানমারে অবস্থানরত রোহিঙ্গারাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। নিরাপত্তাহীনতা বাড়তে থাকলে নতুন করে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা বাড়তে পারে।
টেকনাফের স্থানীয় বাসিন্দারা জানান, সীমান্তের ওপারে সংঘাত শুরু হলেই তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অতীতেও গোলাগুলি ও মর্টার শেলের আঘাতে সীমান্তবর্তী এলাকায় ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।
নিরাপত্তা বিশ্লেষক ও মিয়ানমারে বাংলাদেশের সাবেক কূটনীতিক অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল ইসলাম মনে করেন, সংঘাত আরও তীব্র হলে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের চাপ তৈরি হতে পারে। এজন্য সীমান্তে কঠোর নজরদারি ও কার্যকর নিরাপত্তা ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বিজিবি জানিয়েছে, সীমান্তের ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। নাফ নদীতে নৌ টহলসহ বিভিন্ন স্থানে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম অনীক চৌধুরী বলেন, সীমান্ত পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং স্থানীয়দের অযথা আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্তের ওপারের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং বাংলাদেশের সীমান্ত বর্তমানে স্বাভাবিক রয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি প্রস্তুত রয়েছে।