যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ (ডিওজে) আদালতের নির্দেশ সত্ত্বেও জেফ্রি এপস্টেইন–সংক্রান্ত অতিরিক্ত নথি প্রকাশে আপাতত অস্বীকৃতি জানিয়েছে। সংস্থাটির দাবি, সংশ্লিষ্ট নথিতে যৌন নির্যাতনের শিকার ব্যক্তিদের সংবেদনশীল তথ্য এবং আইনগতভাবে সুরক্ষিত উপাদান রয়েছে, যা প্রকাশ করলে ভুক্তভোগীদের গোপনীয়তা ও নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে। এর আগে এক ফেডারেল বিচারক বিচার বিভাগকে নির্দেশ দেন, এপস্টেইন–সংক্রান্ত কিছু নথির গোপনীয়তা কমিয়ে […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ (ডিওজে) আদালতের নির্দেশ সত্ত্বেও জেফ্রি এপস্টেইন–সংক্রান্ত অতিরিক্ত নথি প্রকাশে আপাতত অস্বীকৃতি জানিয়েছে। সংস্থাটির দাবি, সংশ্লিষ্ট নথিতে যৌন নির্যাতনের শিকার ব্যক্তিদের সংবেদনশীল তথ্য এবং আইনগতভাবে সুরক্ষিত উপাদান রয়েছে, যা প্রকাশ করলে ভুক্তভোগীদের গোপনীয়তা ও নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে।
এর আগে এক ফেডারেল বিচারক বিচার বিভাগকে নির্দেশ দেন, এপস্টেইন–সংক্রান্ত কিছু নথির গোপনীয়তা কমিয়ে প্রকাশ করতে হবে অথবা সেগুলো কেন প্রকাশ করা সম্ভব নয়, তার বিস্তারিত ব্যাখ্যা আদালতে জমা দিতে হবে।
বৃহস্পতিবার আদালতে দাখিল করা নথিতে বিচার বিভাগ জানায়, এখনো প্রকাশ না হওয়া তথ্যের বড় অংশ ভুক্তভোগীদের পরিচয়, ব্যক্তিগত তথ্য এবং তদন্ত-সংশ্লিষ্ট সংবেদনশীল উপাদানের সঙ্গে জড়িত। এসব তথ্য প্রকাশ করা হলে আইনি জটিলতা তৈরি হতে পারে এবং ক্ষতিগ্রস্তদের গোপনীয়তা লঙ্ঘিত হওয়ার আশঙ্কা রয়েছে।
বিচার বিভাগ আদালতের কাছে আরও ৬০ দিন সময় চেয়েছে। একই সঙ্গে তারা অনুরোধ জানিয়েছে, ইতোমধ্যে দেওয়া ব্যাখ্যাকে যথেষ্ট বিবেচনা করে অতিরিক্ত নথি প্রকাশের নির্দেশ পুনর্বিবেচনা করা হোক।
মামলাটির সূত্রপাত হয় একজন স্বাধীন সাংবাদিকের আইনি আবেদনের মাধ্যমে। অভিযোগ ছিল, সরকার এপস্টেইন–সংক্রান্ত নথি প্রকাশে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রণীত আইন পুরোপুরি অনুসরণ করেনি এবং অপ্রয়োজনীয়ভাবে অনেক তথ্য গোপন রেখেছে। পরে আদালত সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন তুলে কিছু নথির রিড্যাকশন কমানোর নির্দেশ দেন।
বিচার বিভাগের ভাষ্য, অনেক নথিতে এমন অভিযোগ ও তথ্য রয়েছে যেগুলো যাচাই করা সম্ভব হয়নি অথবা যেগুলো সরাসরি ভুক্তভোগীদের ব্যক্তিগত জীবনের সঙ্গে সম্পর্কিত। তাই আইন মেনেই এসব তথ্য গোপন রাখা হয়েছে।
দীর্ঘদিন ধরে আলোচিত জেফ্রি এপস্টেইনের যৌন পাচার মামলাকে ঘিরে সাম্প্রতিক নথি প্রকাশের বিষয়টি আবারও যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও আইনি অঙ্গনে বিতর্কের জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে, নথি প্রকাশ নিয়ে আদালত ও বিচার বিভাগের এই টানাপোড়েন আগামী দিনেও অব্যাহত থাকতে পারে।
সূত্র: এবিসি নিউজ