চলতি বছরের প্রথম ছয় মাসে বাংলাদেশ-ভারত সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সংশ্লিষ্ট অন্তত ২১টি সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ১০ বাংলাদেশি নিহত, ১০ জন আহত এবং একজন অপহরণ বা আটকের শিকার হয়েছেন বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)। রোববার প্রকাশিত আসকের সংকলিত প্রতিবেদনে জানানো হয়, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে […]
ছবি: সংগৃহীত
চলতি বছরের প্রথম ছয় মাসে বাংলাদেশ-ভারত সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সংশ্লিষ্ট অন্তত ২১টি সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ১০ বাংলাদেশি নিহত, ১০ জন আহত এবং একজন অপহরণ বা আটকের শিকার হয়েছেন বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)।
রোববার প্রকাশিত আসকের সংকলিত প্রতিবেদনে জানানো হয়, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে সীমান্তে সংঘটিত বিভিন্ন ঘটনার তথ্য বিশ্লেষণ করে এই পরিসংখ্যান প্রস্তুত করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, নিহত ১০ জনের মধ্যে সাতজন বিএসএফের গুলিতে প্রাণ হারান। বাকি তিনজন শারীরিক নির্যাতনের কারণে মারা যান বলে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া একই সময়ে সীমান্তে বিভিন্ন সহিংস ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন। পাশাপাশি একজন বাংলাদেশিকে বিএসএফ অপহরণ বা আটক করেছে বলেও প্রতিবেদনে উল্লেখ রয়েছে।
আসকের তথ্যমতে, আলোচ্য সময়ে বিএসএফের ধাওয়া খেয়ে কোনো বাংলাদেশির মৃত্যুর ঘটনা রেকর্ড হয়নি। একই সঙ্গে অপহরণ বা আটকের পর কাউকে ফেরত দেওয়ার ঘটনাও এই ছয় মাসে নথিভুক্ত হয়নি।
প্রতিবেদনটি প্রস্তুতের ক্ষেত্রে ঢাকা, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, চট্টগ্রাম এবং ময়মনসিংহ অঞ্চলের সীমান্তবর্তী এলাকায় সংঘটিত ঘটনাগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে।
আসক জানিয়েছে, দেশের বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদ ও প্রতিবেদনের ভিত্তিতে এসব তথ্য সংগ্রহ ও সংকলন করা হয়েছে।