সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

NYC
১:৫৭ অপরাহ্ন, ৭ জুলাই ২০২৬

চল্লিশ বছর পর নিউইয়র্কের ডি লাইনে নতুন আধুনিক ট্রেন চালু

নিউইয়র্কের সাবওয়ে বা পাতাল রেলের ডি লাইনে দীর্ঘ চার দশকেরও বেশি সময় পর নতুন প্রজন্মের অত্যাধুনিক ট্রেন চালু করেছে মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটি (এমটিএ)। গ্রীষ্মের সময় সমুদ্রসৈকতমুখী যাত্রীদের চাপ সামাল দিতে এবং পুরোনো, বারবার বিকল হয়ে যাওয়া বগিগুলোর জায়গায় আধুনিক প্রযুক্তির ট্রেন যুক্ত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন এই ট্রেনের মডেল ‘আর ২১১’। এমটিএ জানিয়েছে, […]

চল্লিশ বছর পর নিউইয়র্কের ডি লাইনে নতুন আধুনিক ট্রেন চালু

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

নিউইয়র্কের সাবওয়ে বা পাতাল রেলের ডি লাইনে দীর্ঘ চার দশকেরও বেশি সময় পর নতুন প্রজন্মের অত্যাধুনিক ট্রেন চালু করেছে মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটি (এমটিএ)। গ্রীষ্মের সময় সমুদ্রসৈকতমুখী যাত্রীদের চাপ সামাল দিতে এবং পুরোনো, বারবার বিকল হয়ে যাওয়া বগিগুলোর জায়গায় আধুনিক প্রযুক্তির ট্রেন যুক্ত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন এই ট্রেনের মডেল ‘আর ২১১’। এমটিএ জানিয়েছে, এসব ট্রেনে আগের তুলনায় আরও উজ্জ্বল আলোকসজ্জা, প্রশস্ত দরজা, উন্নত চলাচলসুবিধা এবং ডিজিটাল তথ্য প্রদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে। প্রতিটি বগিতে নিরাপত্তার জন্য সিসি ক্যামেরাও বসানো হয়েছে। ফলে কোনি আইল্যান্ড বা সমুদ্রসৈকতগামী হাজারো যাত্রীর যাতায়াত এখন আগের চেয়ে বেশি আরামদায়ক, দ্রুত এবং নিরাপদ হবে বলে সংস্থাটি আশা করছে।

এমটিএর মতে, নতুন ট্রেনগুলো কারিগরি দিক থেকেও পুরোনো বগির তুলনায় অনেক বেশি নির্ভরযোগ্য। সংস্থার তথ্য অনুযায়ী, এসব বগি যান্ত্রিক ত্রুটি ছাড়াই গড়ে প্রায় ২ লাখ ৯৪ হাজার ২২১ মাইল চলতে সক্ষম। অন্যদিকে পুরোনো ‘আর ৪৬’ মডেলের বগিগুলো প্রায় ৫৮ হাজার ৬৮৫ মাইল চলার পরই নানা যান্ত্রিক সমস্যায় পড়ত। এ কারণেই নতুন ট্রেনগুলোকে বহর আধুনিকায়নের একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে।

নতুন বগিগুলোর দরজাও আগের তুলনায় আট ইঞ্চি বেশি চওড়া করা হয়েছে। এতে স্টেশনে ট্রেন থামার পর যাত্রীরা দ্রুত ওঠানামা করতে পারবেন, ফলে সময়ানুবর্তিতা বজায় রাখা সহজ হবে। যাত্রীসেবার মান বাড়ানোর পাশাপাশি ভিড় সামলাতেও এই নকশা সহায়ক হবে বলে মনে করছে এমটিএ।

এর আগে এমটিএর আধুনিকায়ন প্রকল্পের অংশ হিসেবে জি লাইন, বি লাইন এবং স্টেট আইল্যান্ড রেলওয়েতেও এই ধরনের নতুন ট্রেন সংযোজন করা হয়েছিল। এবার ডি লাইনে নতুন ট্রেন চালুর মধ্য দিয়ে সেই সংস্কারের ধারাবাহিকতা আরও এগিয়ে গেল।

সংস্থাটি জানিয়েছে, আগামী দিনে পাতাল রেলের ১, ২, ৩, ৪, ৫ ও ৬ নম্বর লাইনের পুরোনো বগিগুলো বদলে দিতে আরও ১ হাজার ১৪০টি নতুন বগি কেনার প্রস্তাব নিয়ে কাজ চলছে। আপাতত ডি লাইনের যাত্রীরা নতুন ট্রেনের সুবিধা পাচ্ছেন। বিশেষ করে দক্ষিণ ব্রুকলিনের বাসিন্দা এবং কোনি আইল্যান্ডগামী যাত্রীরা এই আধুনিক ট্রেন ব্যবস্থার সুফল বেশি পাবেন।

সূত্র: এমটিএ

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ