বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. জালিল রহিমি জাহানাবাদি অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (৭ জুলাই) ঢাকার টেলিকম ভবনে ড. ইউনূসের কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ-ইরান সম্পর্ক, আঞ্চলিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে রাষ্ট্রদূত ড. জালিল রহিমি জাহানাবাদি প্রফেসর […]
ছবি: সংগৃহীত
বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. জালিল রহিমি জাহানাবাদি অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (৭ জুলাই) ঢাকার টেলিকম ভবনে ড. ইউনূসের কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ-ইরান সম্পর্ক, আঞ্চলিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে রাষ্ট্রদূত ড. জালিল রহিমি জাহানাবাদি প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে ইরান সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিয়ে শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন এবং বাংলাদেশকে গণতান্ত্রিক উত্তরণের পথে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তার ভূমিকার প্রশংসা করেন তিনি।
রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক রূপান্তরের সময় ড. ইউনূসের নেতৃত্ব আন্তর্জাতিক মহলেও ইতিবাচকভাবে মূল্যায়িত হয়েছে। এ সময় দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের আগ্রহের কথাও তুলে ধরেন তিনি।
জবাবে প্রফেসর মুহাম্মদ ইউনূস ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন। তিনি ইরানের জনগণের প্রতি সংহতি জানিয়ে বলেন, একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে নিজেদের অধিকার প্রতিষ্ঠার প্রচেষ্টায় ইরানের জনগণের পাশে আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্বশীল ভূমিকা থাকা প্রয়োজন।
মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে মত প্রকাশ করে ড. ইউনূস বলেন, দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার একমাত্র কার্যকর উপায় হলো সংলাপ, পারস্পরিক আস্থা এবং কূটনৈতিক উদ্যোগ। তিনি জোর দিয়ে বলেন, সংঘাত নয়, আলোচনার মাধ্যমেই আঞ্চলিক সংকটের টেকসই সমাধান সম্ভব।
তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা শুধু ওই অঞ্চলের জন্য নয়, বরং বৈশ্বিক অর্থনীতি, বাণিজ্য এবং সামগ্রিক উন্নয়নের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে আন্তর্জাতিক উদ্যোগ আরও জোরদার হওয়া প্রয়োজন।
বৈঠকে বাংলাদেশ ও ইরানের মধ্যকার বিদ্যমান সম্পর্ক আরও সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। দুই পক্ষই ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং নিয়মিত কূটনৈতিক যোগাযোগ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।