যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের স্যাক্রামেন্টো কাউন্টির রোজমন্ট এলাকায় রোগবাহী মশার বিস্তার ঠেকাতে ব্যতিক্রমধর্মী একটি কর্মসূচি হাতে নিয়েছে স্থানীয় প্রশাসন। প্রচলিত কীটনাশকের পরিবর্তে এবার ল্যাবরেটরিতে উৎপাদিত ২০ লাখেরও বেশি বন্ধ্যা পুরুষ মশা পর্যায়ক্রমে পরিবেশে ছেড়ে দেওয়া হবে। আগামী ১৬ সপ্তাহ ধরে এই কার্যক্রম পরিচালিত হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। স্যাক্রামেন্টো–ইয়োলো মস্কিটো অ্যান্ড ভেক্টর কন্ট্রোল ডিস্ট্রিক্টের কর্মকর্তারা জানিয়েছেন, […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের স্যাক্রামেন্টো কাউন্টির রোজমন্ট এলাকায় রোগবাহী মশার বিস্তার ঠেকাতে ব্যতিক্রমধর্মী একটি কর্মসূচি হাতে নিয়েছে স্থানীয় প্রশাসন। প্রচলিত কীটনাশকের পরিবর্তে এবার ল্যাবরেটরিতে উৎপাদিত ২০ লাখেরও বেশি বন্ধ্যা পুরুষ মশা পর্যায়ক্রমে পরিবেশে ছেড়ে দেওয়া হবে। আগামী ১৬ সপ্তাহ ধরে এই কার্যক্রম পরিচালিত হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
স্যাক্রামেন্টো–ইয়োলো মস্কিটো অ্যান্ড ভেক্টর কন্ট্রোল ডিস্ট্রিক্টের কর্মকর্তারা জানিয়েছেন, রোজমন্ট এলাকায় এমন এক প্রজাতির মশার সংখ্যা দ্রুত বাড়ছে, যা ডেঙ্গু, জিকা ও চিকুনগুনিয়ার মতো ভাইরাসজনিত রোগ ছড়াতে সক্ষম। এসব রোগের ঝুঁকি কমাতে মশার বংশবৃদ্ধি নিয়ন্ত্রণের লক্ষ্যেই নতুন এই পদ্ধতি ব্যবহার করা হচ্ছে।
প্রশাসনের ভাষ্য অনুযায়ী, যেসব মশা ছাড়া হবে সেগুলো সবই ল্যাবরেটরিতে উৎপাদিত বন্ধ্যা পুরুষ মশা। পুরুষ মশা মানুষকে কামড়ায় না এবং রক্তও খায় না। এসব বন্ধ্যা পুরুষ মশা প্রকৃতির স্ত্রী মশার সঙ্গে মিলিত হলেও ডিম থেকে নতুন মশার জন্ম হবে না। ফলে সময়ের সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট এলাকায় মশার সংখ্যা স্বাভাবিকভাবেই কমে আসবে।
কর্মকর্তারা জানিয়েছেন, কার্যক্রম সফল করতে প্রতিটি প্রাকৃতিক পুরুষ মশার বিপরীতে প্রায় ১০টি বন্ধ্যা পুরুষ মশা ছাড়া হবে। এতে প্রজননের ক্ষেত্রে বন্ধ্যা মশাগুলোর আধিপত্য তৈরি হবে এবং মশার বংশবিস্তার উল্লেখযোগ্যভাবে কমে যাবে।
এই প্রযুক্তি প্রথমবারের মতো গত বছর স্যাক্রামেন্টোর সাউথ ন্যাটোমাস এলাকায় পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হয়েছিল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি, ওই এলাকায় মশার সংখ্যা প্রায় ৪০ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব হয়েছিল। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই এবার বড় পরিসরে রোজমন্ট এলাকায় কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
কেনটাকির একটি বিশেষায়িত ল্যাবরেটরি থেকে ২০ লাখ বন্ধ্যা পুরুষ মশা সংগ্রহ করতে প্রায় ১ লাখ ৩৬ হাজার মার্কিন ডলার ব্যয় হয়েছে। তবে দীর্ঘমেয়াদে খরচ কমাতে স্যাক্রামেন্টোতেই একটি নিজস্ব উৎপাদন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রস্তাবিত এই ল্যাবে প্রতি সপ্তাহে প্রায় ১০ লাখ বন্ধ্যা মশা উৎপাদন করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
এদিকে প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলও একই ধরনের উদ্যোগে আগ্রহ দেখিয়েছে। প্রতিষ্ঠানটি ক্যালিফোর্নিয়ায় প্রতি বছর প্রায় ১ কোটি ৬০ লাখ বন্ধ্যা পুরুষ মশা ছাড়ার অনুমতি চেয়ে মার্কিন ফেডারেল নিয়ন্ত্রক সংস্থার কাছে আবেদন করেছে।
বিশেষজ্ঞরা বলছেন, কীটনাশকের ওপর নির্ভরতা কমিয়ে পরিবেশবান্ধব উপায়ে রোগবাহী মশা নিয়ন্ত্রণে এই প্রযুক্তি ভবিষ্যতে আরও কার্যকর ভূমিকা রাখতে পারে। তবে এর দীর্ঘমেয়াদি পরিবেশগত প্রভাবও পর্যবেক্ষণে রাখার প্রয়োজন রয়েছে।