বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে বেলজিয়ামের কাছে বিতর্কিত ৩-২ গোলের পরাজয়ের মধ্য দিয়ে সেনেগালের বিশ্বকাপ অভিযান শেষ হয়েছে। এই হতাশার পরই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সেনেগালের কিংবদন্তি ফুটবলার সাদিও মানে। সেনেগালিজ সংবাদমাধ্যম লে কুতিদিয়েন তার অবসরের বিষয়টি নিশ্চিত করেছে। সেনেগালের ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার হিসেবে বিবেচিত মানে দুইবার আফ্রিকা কাপ অব নেশনস (আফকন) জয়ের […]
ছবি: সংগৃহীত
বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে বেলজিয়ামের কাছে বিতর্কিত ৩-২ গোলের পরাজয়ের মধ্য দিয়ে সেনেগালের বিশ্বকাপ অভিযান শেষ হয়েছে। এই হতাশার পরই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সেনেগালের কিংবদন্তি ফুটবলার সাদিও মানে। সেনেগালিজ সংবাদমাধ্যম লে কুতিদিয়েন তার অবসরের বিষয়টি নিশ্চিত করেছে।
সেনেগালের ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার হিসেবে বিবেচিত মানে দুইবার আফ্রিকা কাপ অব নেশনস (আফকন) জয়ের নায়ক। জাতীয় দলের হয়ে দীর্ঘ ক্যারিয়ার শেষে বিদায়ী বার্তায় তিনি দেশের সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এক বিবৃতিতে মানে বলেন, “এই পতাকার জন্য আমি সবকিছু উৎসর্গ করেছি। আমি সবসময় নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি এবং দেশের জন্য সর্বশক্তি দিয়ে লড়েছি। যদি কোনো ভুল বা অপূর্ণতা থেকে থাকে, তার জন্য আমি ক্ষমাপ্রার্থী।”
২০২১ সালে সেনেগালকে প্রথমবারের মতো আফ্রিকা কাপ অব নেশনসের শিরোপা জেতাতে নেতৃত্ব দেন মানে। পরে আরও একটি আফকন শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। জাতীয় দলের ইতিহাসের সবচেয়ে সফল সময়গুলোর অন্যতম প্রধান মুখ ছিলেন এই তারকা ফরোয়ার্ড।
সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মানে বলেন, “আপনাদের অবিচল সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি ছিল। আপনাদের ভালোবাসা ছাড়া এই পথচলা সম্ভব হতো না।”
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেও দেশের ফুটবলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছেন না বলে জানিয়েছেন মানে। তিনি বলেন, ভবিষ্যতে সেনেগালের ফুটবল উন্নয়নে নিজের অভিজ্ঞতা কাজে লাগাতে চান।
মানের ভাষায়, “আমি আনন্দের সঙ্গে দেশের ফুটবলের জন্য কাজ করতে চাই। সেটা টেকনিক্যাল স্টাফের সদস্য, কোচ কিংবা ফুটবল প্রশাসনের দায়িত্ব—যে ভূমিকাতেই হোক না কেন, আমি সেনেগালের সেবায় থাকতে চাই।”
আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেও ক্লাব ফুটবলে নিজের যাত্রা অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন সেনেগালের এই কিংবদন্তি ফুটবলার।