সংবিধানে গণভোটের বিধান না থাকার সরকারি ব্যাখ্যার সমালোচনা করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, যদি সংবিধানে গণভোটের কোনো সুযোগ না থাকে, তাহলে একই যুক্তিতে ২০২৬ সালেও নির্বাচন আয়োজন করা সম্ভব নয়। তার দাবি, বিদ্যমান সাংবিধানিক কাঠামো অনুযায়ী পরবর্তী নির্বাচন হওয়ার কথা ২০২৯ সালে। সোমবার রাতে জাতীয় সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউটের পর সাংবাদিকদের […]
ছবি: সংগৃহীত
সংবিধানে গণভোটের বিধান না থাকার সরকারি ব্যাখ্যার সমালোচনা করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, যদি সংবিধানে গণভোটের কোনো সুযোগ না থাকে, তাহলে একই যুক্তিতে ২০২৬ সালেও নির্বাচন আয়োজন করা সম্ভব নয়। তার দাবি, বিদ্যমান সাংবিধানিক কাঠামো অনুযায়ী পরবর্তী নির্বাচন হওয়ার কথা ২০২৯ সালে।
সোমবার রাতে জাতীয় সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউটের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।
শফিকুর রহমান বলেন, জনগণের মতামতই রাষ্ট্র পরিচালনার সবচেয়ে বড় ভিত্তি। তার ভাষ্য অনুযায়ী, ছাত্র-জনতার আন্দোলনের পর জনগণের ইচ্ছার প্রতিফলন হিসেবেই বর্তমান সরকার গঠিত হয়েছে এবং একই ধারাবাহিকতায় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে। তাই সংসদ নির্বাচনকে বৈধ হিসেবে গ্রহণ করা হলেও গণভোটের ফলাফলকে অস্বীকার করা যুক্তিসঙ্গত নয় বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, সরকার গঠনের ক্ষেত্রে ৫১ শতাংশ ভোটকে বৈধ হিসেবে স্বীকৃতি দেওয়া হলে গণভোটে ৬৮ দশমিক ৬ শতাংশ মানুষের সমর্থনকেও সমান গুরুত্ব দেওয়া উচিত। দেশের রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে বিরোধী দল সরকারকে মেনে নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, জনগণের বৃহত্তর মতামত উপেক্ষা করার সুযোগ নেই।
জামায়াত আমির অভিযোগ করেন, গণভোট-পরবর্তী প্রতিশ্রুতি বাস্তবায়নের ক্ষেত্রে সরকার জনগণের সঙ্গে করা অঙ্গীকার রক্ষা করেনি। তার দাবি, নির্বাচনের পর সংসদ সদস্যদের পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নেওয়ার কথা ছিল। বিরোধী দলের সংসদ সদস্যরা দুটি শপথই পালন করলেও সরকারি দল কেবল সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছে।
তিনি জানান, গণভোটের ফল বাস্তবায়নের দাবিতে বিরোধী দল সংসদের ভেতরে এবং রাজপথে আন্দোলন চালিয়ে যাবে। ১৯৯৪ সালের তত্ত্বাবধায়ক সরকার আন্দোলনের উদাহরণ টেনে তিনি বলেন, জনমতের চাপে তখনকার সরকার শেষ পর্যন্ত আইন পরিবর্তনে বাধ্য হয়েছিল। বর্তমান সরকারকেও জনগণের দেওয়া প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান তিনি।
শফিকুর রহমান বলেন, জনগণের অধিকার ক্ষুণ্ন হলে বিরোধী দল নীরব থাকবে না। তার মতে, সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট ছিল সেই অবস্থানেরই বহিঃপ্রকাশ।
এ সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনও সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি দাবি করেন, বিরোধী দল শুরু থেকেই গণভোটের ফলাফলের ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদ গঠনের পক্ষে অবস্থান নিয়েছে। তবে সরকারের ঘোষিত নতুন সংবিধান সংশোধন কমিটির প্রতি তাদের সমর্থন না থাকায় তারা সংসদ থেকে ওয়াকআউটের সিদ্ধান্ত নিয়েছেন।