যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যে অভিবাসন ও কাস্টমস এনফোর্সমেন্ট (আইস) পরিচালিত এক অভিযানে ২৬ বছর বয়সী এক কলম্বিয়ান যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ ও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। ঘটনাটি বিডেফোর্ড শহরে ঘটেছে। অভিবাসী অধিকার সংগঠনগুলোর দাবি, নিহত যুবক বৈধভাবে যুক্তরাষ্ট্রে কাজের অনুমতি এবং সামাজিক নিরাপত্তা নম্বর (সোশ্যাল সিকিউরিটি নম্বর) পেয়েছিলেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সকালে কর্মস্থলে […]
যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যে অভিবাসন ও কাস্টমস এনফোর্সমেন্ট (আইস) পরিচালিত এক অভিযানে ২৬ বছর বয়সী এক কলম্বিয়ান যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ ও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। ঘটনাটি বিডেফোর্ড শহরে ঘটেছে। অভিবাসী অধিকার সংগঠনগুলোর দাবি, নিহত যুবক বৈধভাবে যুক্তরাষ্ট্রে কাজের অনুমতি এবং সামাজিক নিরাপত্তা নম্বর (সোশ্যাল সিকিউরিটি নম্বর) পেয়েছিলেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সকালে কর্মস্থলে যাওয়ার সময় একাধিক আইস কর্মকর্তা তার গাড়ি ঘিরে ফেলেন। কিছুক্ষণ পর গুলির শব্দ শোনা যায়। গুরুতর আহত অবস্থায় তাকে গাড়ি থেকে বের করে আনা হলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এক প্রত্যক্ষদর্শী জানান, মৃত্যুর আগে ওই যুবক বলেছিলেন, “আমি থামানোর চেষ্টা করেছিলাম।”
তবে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগ (ডিএইচএস) ঘটনার ভিন্ন ব্যাখ্যা দিয়েছে। সংস্থাটির দাবি, অভিযানের সময় ওই ব্যক্তি গাড়ি চালিয়ে কর্মকর্তাদের দিকে এগিয়ে যান। এতে জননিরাপত্তার জন্য তাৎক্ষণিক ঝুঁকি তৈরি হলে একজন কর্মকর্তা আত্মরক্ষার্থে গুলি চালান।
ঘটনাটি তদন্ত করছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই), মেইনের অ্যাটর্নি জেনারেলের দপ্তর এবং স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগের মহাপরিদর্শকের কার্যালয়। অভিযুক্ত কর্মকর্তাকে তদন্ত চলাকালে প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়েছে।
ঘটনার পর বিডেফোর্ডে শত শত মানুষ বিক্ষোভে অংশ নেন। বিক্ষোভকারীরা ঘটনার নিরপেক্ষ তদন্ত, দায়ীদের জবাবদিহির আওতায় আনা এবং আইসের অভিযান পরিচালনায় আরও স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানান। তারা রিপাবলিকান সিনেটর সুসান কলিন্সের স্থানীয় কার্যালয়ের সামনেও অবস্থান কর্মসূচি পালন করেন।
এই ঘটনা ঘটেছে টেক্সাসের হিউস্টনে একই ধরনের আরেকটি প্রাণঘাতী ঘটনার কয়েক দিনের মধ্যেই। সেখানে অভিবাসন অভিযান চলাকালে ৫২ বছর বয়সী মেক্সিকান নাগরিক লোরেঞ্জো সালগাদো আরাউহো আইসের গুলিতে নিহত হন। সেখানেও আইস দাবি করেছিল, তিনি গাড়ি দিয়ে কর্মকর্তাদের আঘাত করার চেষ্টা করেছিলেন। তবে নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা সেই দাবি প্রত্যাখ্যান করে স্বাধীন তদন্তের দাবি জানান।
অ্যাসোসিয়েটেড প্রেসের তথ্য অনুযায়ী, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন অভিবাসন অভিযান শুরু হওয়ার পর এটি আইস-সংশ্লিষ্ট নবম প্রাণঘাতী ঘটনা। একই সময়ে শুধু মেইন অঙ্গরাজ্যেই ৫৪৬ জনকে আটক করা হয়েছে।
টেক্সাসের হিউস্টনে নিহত লোরেঞ্জো সালগাদো আরাউহো নির্মাণশ্রমিকদের নিয়ে কর্মস্থলে যাচ্ছিলেন বলে তার পরিবারের দাবি। ঘটনাটির ভিডিও ফুটেজ এবং আইসের বর্ণনা নিয়ে প্রশ্ন ওঠার পর দেশজুড়ে সমালোচনা শুরু হয়। হিউস্টনে এক হাজারের বেশি মানুষ বিক্ষোভে অংশ নিয়ে স্বাধীন তদন্তের দাবি জানান।
এদিকে ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির অংশ হিসেবে চলতি বছরজুড়ে দেশব্যাপী অভিযান জোরদার করেছে আইস। বর্তমানে সংস্থাটির বিভিন্ন আটককেন্দ্রে প্রায় ৭০ হাজারের বেশি অভিবাসী রয়েছেন, যা সাম্প্রতিক সময়ের মধ্যে সর্বোচ্চ সংখ্যাগুলোর একটি। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, ব্যাপক ধরপাকড়ের পাশাপাশি আটককেন্দ্রগুলোতে ধারণক্ষমতার অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে এবং সেখানে মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।