চলতি বছরের প্রথম ছয় মাসে দেশে গণপিটুনি ও মব সহিংসতার ২৬১টি ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ১৩৩ জন নিহত এবং ২৫৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)। বুধবার (১৫ জুলাই) প্রকাশিত সংস্থাটির অর্ধবার্ষিক মানবাধিকার প্রতিবেদনে বলা হয়, জানুয়ারি থেকে জুন পর্যন্ত দেশের মূলধারার ১৬টি জাতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ, সংস্থার নিজস্ব […]
ছবি: সংগৃহীত
চলতি বছরের প্রথম ছয় মাসে দেশে গণপিটুনি ও মব সহিংসতার ২৬১টি ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ১৩৩ জন নিহত এবং ২৫৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)।
বুধবার (১৫ জুলাই) প্রকাশিত সংস্থাটির অর্ধবার্ষিক মানবাধিকার প্রতিবেদনে বলা হয়, জানুয়ারি থেকে জুন পর্যন্ত দেশের মূলধারার ১৬টি জাতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ, সংস্থার নিজস্ব তথ্য সংগ্রহ এবং ফ্যাক্ট-ফাইন্ডিং রিপোর্ট বিশ্লেষণ করে এ হিসাব তৈরি করা হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, চুরি, ডাকাতি, ছিনতাই, বাগ্বিতণ্ডা, আধিপত্য বিস্তার, ধর্মীয় অবমাননা ও অন্যান্য অভিযোগকে কেন্দ্র করে এসব মব সহিংসতা ও গণপিটুনির ঘটনা ঘটেছে। ২০২৫ সালের একই সময়ে এ ধরনের ১৪১টি ঘটনায় ৬৭ জন নিহত এবং ১১৯ জন আহত হয়েছিলেন।
রাজনৈতিক ও নির্বাচনী সহিংসতার চিত্রও প্রতিবেদনে উঠে এসেছে। এইচআরএসএস বলছে, গত ছয় মাসে দলীয় ও অন্তর্দলীয় সহিংসতায় ৫৬ জন নিহত এবং ৫ হাজার ২৪৬ জনের বেশি নেতা-কর্মী ও সাধারণ মানুষ আহত কিংবা আক্রান্ত হয়েছেন।
নিহতদের মধ্যে বিএনপির ৩৭ জন, জামায়াতে ইসলামীর ৬ জন এবং আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) ৩ জন রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এছাড়া ৮৩০টি সহিংস ঘটনার মধ্যে ৬৭৩টিই বিএনপির অন্তর্কোন্দল বা বিএনপির সঙ্গে অন্যান্য দলের সংঘর্ষের সঙ্গে সম্পর্কিত।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকেন্দ্রিক সহিংসতার ঘটনাও প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। এইচআরএসএসের তথ্য অনুযায়ী, গত ছয় মাসে নির্বাচনকে কেন্দ্র করে ৩৯৬টি সহিংসতার ঘটনায় ১৩ জন নিহত এবং ২ হাজার ৫৭৮ জন আহত হয়েছেন।
এছাড়া নির্বাচনপূর্ব ও পরবর্তী সময়ে ৬০০টিরও বেশি ব্যবসাপ্রতিষ্ঠান, বাড়িঘর ও নির্বাচনী কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়েছে।
রাজনৈতিক মামলা ও গ্রেপ্তারের প্রসঙ্গেও উদ্বেগ জানিয়েছে সংস্থাটি। প্রতিবেদনে বলা হয়, গত ছয় মাসে অন্তত ১৪৪টি মামলা হয়েছে, যেখানে আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ), বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা অভিযুক্ত হয়েছেন। এসব মামলায় ৩ হাজার ২৬৮ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং ২৪ হাজার ৫১৮ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
নারী ও কন্যাশিশু নির্যাতনের ঘটনাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। এই সময়কালে ১ হাজার ৬২১ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছেন, যা ২০২৫ সালের একই সময়ে ছিল ১ হাজার ৪২ জন। অর্থাৎ এ ক্ষেত্রে প্রায় ৫৬ শতাংশ বৃদ্ধি দেখা গেছে।
এইচআরএসএসের তথ্য অনুযায়ী, নির্যাতনের শিকারদের মধ্যে ৪০৪ জন ধর্ষণের শিকার হয়েছেন, যাদের মধ্যে ২৩৮ জনই ১৮ বছরের কম বয়সী শিশু ও কিশোরী। দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ৮৮ জন নারী ও কন্যাশিশু, আর ধর্ষণের পর হত্যা করা হয়েছে ১৭ জনকে।
যৌতুকজনিত নির্যাতনে ১৯ জন নিহত, ৮ জন আহত এবং ৩ জন নারী আত্মহত্যা করেছেন। পারিবারিক সহিংসতায় ৩২০ জন নিহত, ২১১ জন আহত এবং ১৪৭ জন নারী আত্মহত্যা করেছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।
মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রেও হস্তক্ষেপের অভিযোগ পাওয়া গেছে। গত ছয় মাসে ৪০টি সভা ও সমাবেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরাসরি বা পরোক্ষভাবে বাধা দিয়েছে। এতে ৩১১ জন আহত এবং ৩৮ জন আটক হয়েছেন। একই সময়ে সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫-এর অধীনে পৃথক ৩০টি মামলায় ৮১ জনকে অভিযুক্ত এবং ৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সাংবাদিক নির্যাতনের তথ্যও প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হয়েছে। ছয় মাসে ২০০টি হামলার ঘটনায় ৩৮৩ জন সাংবাদিক নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। এর মধ্যে ২৩৪ জন আহত, ৬০ জন লাঞ্ছিত, ৪৯ জন হুমকির শিকার এবং ১১ জন সাংবাদিক আটক হয়েছেন।
সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনাও উদ্বেগজনক বলে প্রতিবেদনে বলা হয়েছে। গত ছয় মাসে ৫০টি হামলার ঘটনায় ৫৬ জন আহত হয়েছেন। এছাড়া ১৯টি মন্দির, ১৫টি প্রতিমা এবং ৪৩টি বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
সীমান্তে হতাহত ও নির্যাতনের ঘটনাও উঠে এসেছে এইচআরএসএসের প্রতিবেদনে। ভারত-বাংলাদেশ সীমান্তে ৩২টি ঘটনার মধ্যে বিএসএফের গুলিতে ৯ জন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন। বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ২০টি সহিংসতার ঘটনায় ১ জন নিহত, ৫ জন আহত এবং ৫ জন গুলিবিদ্ধ হয়েছেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজত, কথিত বন্দুকযুদ্ধ ও নির্যাতনে গত ছয় মাসে ১১ জনের মৃত্যু হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন কারাগারে ৫৮ জন বন্দির মৃত্যু হয়েছে।
এইচআরএসএসের নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম বলেন, রাজনৈতিক ও নির্বাচনী সহিংসতা, মব সহিংসতা, হেফাজতে মৃত্যু, নারী ও শিশু নির্যাতন, সাংবাদিক নির্যাতন এবং মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ—এসব সমস্যার কার্যকর সমাধান না হলে দেশের মানবাধিকার পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে।