দেশের সাত জেলায় বন্যা, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে সৃষ্ট দুর্যোগে এখন পর্যন্ত ৫৮ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে প্রায় ১২ লাখ ১৭ হাজার মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। দুর্গত এলাকায় ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম জোরদার করেছে সরকার। বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রকাশিত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, খাগড়াছড়ি, […]
দেশের সাত জেলায় বন্যা, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে সৃষ্ট দুর্যোগে এখন পর্যন্ত ৫৮ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে প্রায় ১২ লাখ ১৭ হাজার মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। দুর্গত এলাকায় ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম জোরদার করেছে সরকার।
বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রকাশিত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জ—এই সাত জেলার ৫৭টি উপজেলা বন্যার কবলে পড়েছে। এতে ৩৬২টি ইউনিয়ন ও ৮টি পৌরসভা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৫২ হাজার ৪৯৩টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।
দুর্যোগে নিহত ৫৮ জনের মধ্যে কক্সবাজারে সবচেয়ে বেশি ৩২ জন। এর মধ্যে স্থানীয় বাসিন্দা ১৯ জন এবং রোহিঙ্গা ১৩ জন। এছাড়া চট্টগ্রামে ১৫ জন, বান্দরবানে ৭ জন, রাঙামাটিতে ৩ জন এবং মৌলভীবাজারে ১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৪০ জনের বেশি।
ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ৮৭টি আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে। বর্তমানে এসব কেন্দ্রে ৮৪৯ জন আশ্রয় নিয়েছেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে, বন্যাকবলিত এলাকায় নগদ অর্থ, চাল, শুকনো খাবার, শিশুখাদ্য, ঢেউটিন এবং গৃহনির্মাণ অনুদানসহ বিভিন্ন ধরনের মানবিক সহায়তা বিতরণ করা হচ্ছে।
৭ থেকে ১৬ জুলাই পর্যন্ত সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলাগুলোর জন্য ২ কোটি ৩০ লাখ টাকা এবং ৩ হাজার ৩৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম পেয়েছে ৭৫ লাখ টাকা ও ১ হাজার ২০০ মেট্রিক টন চাল, কক্সবাজার ৪০ লাখ টাকা ও ৪৫০ মেট্রিক টন চাল, খাগড়াছড়ি ২৫ লাখ টাকা ও ৪০০ মেট্রিক টন চাল, রাঙামাটি ৩০ লাখ টাকা ও ৫০০ মেট্রিক টন চাল, বান্দরবান ২৫ লাখ টাকা ও ৪০০ মেট্রিক টন চাল, মৌলভীবাজার ১৫ লাখ টাকা ও ২০০ মেট্রিক টন চাল এবং হবিগঞ্জ ১০ লাখ টাকা ও ১০০ মেট্রিক টন চাল।
এ ছাড়া সিলেটের জন্য ৫ লাখ টাকা ও ১০০ মেট্রিক টন চাল এবং যশোরের জন্য ৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি শুকনো খাবার, ঢেউটিন, গৃহনির্মাণ অনুদান ও অন্যান্য জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকেও ক্ষতিগ্রস্তদের অতিরিক্ত আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, দেশের অন্যান্য জেলার জন্য অতিরিক্ত ২ কোটি ৮৫ লাখ টাকা এবং ৫ হাজার ৭০০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। সব মিলিয়ে ৬৪ জেলার জন্য মোট ৫ কোটি ১৫ লাখ টাকা এবং ৯ হাজার ৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি সাধারণ ত্রাণ বরাদ্দও অব্যাহত রাখা হয়েছে, যাতে যেকোনো দুর্যোগ পরিস্থিতিতে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়া সম্ভব হয়।