বাংলাদেশে প্রয়োজনীয় অর্থনৈতিক সংস্কার বাস্তবায়ন না হলে মধ্যমেয়াদে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৩ শতাংশের নিচে নেমে যেতে পারে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটির মতে, রাজস্ব আদায় বৃদ্ধি, কর প্রশাসনের সক্ষমতা উন্নয়ন এবং ব্যাংক খাতের দুর্বলতা দূর করতে কার্যকর সংস্কার এখন সময়ের দাবি। বৃহস্পতিবার (১৬ জুলাই) এক বিবৃতিতে আইএমএফ জানায়, চলতি ২০২৬-২৭ […]
ছবি: সংগৃহীত
বাংলাদেশে প্রয়োজনীয় অর্থনৈতিক সংস্কার বাস্তবায়ন না হলে মধ্যমেয়াদে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৩ শতাংশের নিচে নেমে যেতে পারে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটির মতে, রাজস্ব আদায় বৃদ্ধি, কর প্রশাসনের সক্ষমতা উন্নয়ন এবং ব্যাংক খাতের দুর্বলতা দূর করতে কার্যকর সংস্কার এখন সময়ের দাবি।
বৃহস্পতিবার (১৬ জুলাই) এক বিবৃতিতে আইএমএফ জানায়, চলতি ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৩ দশমিক ৫ শতাংশে নেমে আসতে পারে। যদিও সরকারের লক্ষ্যমাত্রা ৬ দশমিক ৫ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সাময়িক হিসাব অনুযায়ী, সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে প্রবৃদ্ধি ছিল ৪ দশমিক ১৪ শতাংশ।
১২ জুলাই থেকে ঢাকা সফররত আইএমএফের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংস্থাটির মিশনপ্রধান ইভো ক্রজনার। সফরের শেষ দিনে তারা অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠক করেন। এর আগে প্রতিনিধিদল অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ, বাংলাদেশ ব্যাংক এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থার সঙ্গে ধারাবাহিক বৈঠক করে।
অর্থনীতিবিদদের মতে, প্রবৃদ্ধি ৩ শতাংশের নিচে নেমে গেলে কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ এবং মানুষের আয় বৃদ্ধির গতি উল্লেখযোগ্যভাবে কমে যায়। এর প্রভাব শিল্প ও সেবা খাতের পাশাপাশি সামগ্রিক ভোগব্যয় ও অর্থনৈতিক কর্মকাণ্ডেও পড়তে পারে।
বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, নির্বাচিত সরকারের অগ্রাধিকার ও বাস্তব প্রয়োজনের ভিত্তিতেই অর্থনৈতিক সংস্কার পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, ইতোমধ্যে কিছু পরিবর্তন আনা হয়েছে এবং বাকি সংস্কারও সময় ও প্রয়োজন অনুযায়ী এগিয়ে নেওয়া হবে।
বৈঠক সূত্রে জানা গেছে, আইএমএফের সঙ্গে নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা অব্যাহত থাকবে। শিগগিরই কয়েকটি ভার্চ্যুয়াল বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর আগামী অক্টোবরে ওয়াশিংটনে বিশ্বব্যাংক-আইএমএফের বার্ষিক সভায় নতুন ঋণ কর্মসূচি নিয়ে আরও আলোচনা হবে। পরবর্তী মিশন ঢাকা সফর শেষে নভেম্বর বা ডিসেম্বরে নতুন ঋণ চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আইএমএফ জানায়, সরকারের অনুরোধে সম্ভাব্য নতুন ঋণ কর্মসূচি এবং বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনাই ছিল এবারের সফরের মূল উদ্দেশ্য। ২০২৫ সালের আর্টিকেল-৪ পরামর্শ প্রতিবেদনে যে নীতিগত অগ্রাধিকারগুলো চিহ্নিত করা হয়েছিল, এবারের আলোচনা তারই ধারাবাহিকতা।
সংস্থাটির মতে, বাংলাদেশ বর্তমানে রাজস্ব ঘাটতি, আর্থিক খাতের দুর্বলতা এবং উচ্চ মূল্যস্ফীতিসহ একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে বৈশ্বিক বাজারে পণ্যের দাম বৃদ্ধি এবং সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন সৃষ্টি হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। এর ফলে ভর্তুকি ব্যয় বেড়েছে এবং সীমিত রাজস্ব সক্ষমতার ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়েছে। একই সঙ্গে আমদানি ব্যয় বৃদ্ধি পাওয়ায় বৈদেশিক খাতেও চাপ অব্যাহত রয়েছে।
আইএমএফের সুপারিশ অনুযায়ী, রাজস্ব আহরণ বাড়ানোর পাশাপাশি ভর্তুকি আরও যৌক্তিক করতে হবে, যাতে সামাজিক সুরক্ষা ও উন্নয়ন খাতে প্রয়োজনীয় ব্যয় নিশ্চিত করা যায়। একই সঙ্গে লক্ষ্যভিত্তিক সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সুরক্ষা দেওয়ার ওপরও গুরুত্ব দিয়েছে সংস্থাটি।
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে কঠোর মুদ্রানীতি ও কার্যকর রাজস্বনীতি অব্যাহত রাখার পরামর্শ দিয়েছে আইএমএফ। পাশাপাশি ২০২৫ সালে চালু হওয়া ‘ক্রলিং পেগ’ বিনিময় হার ব্যবস্থা ধারাবাহিকভাবে বাস্তবায়নের মাধ্যমে বৈদেশিক মুদ্রাবাজারকে আরও নমনীয় করার সুপারিশ করা হয়েছে।
সংস্থাটি বলেছে, ব্যাংক খাতের পুনর্গঠন একটি সমন্বিত ও বিশ্বাসযোগ্য কৌশলের মাধ্যমে এগিয়ে নিতে হবে। আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করা এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির জন্য ব্যাংক খাতের বিদ্যমান সমস্যাগুলোর দ্রুত ও কার্যকর সমাধান প্রয়োজন।
আইএমএফের মিশনপ্রধান ইভো ক্রজনার বলেন, বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি, সরকারের নীতিগত পরিকল্পনা এবং সংস্কারের অগ্রাধিকার নিয়ে গঠনমূলক আলোচনা হয়েছে। তিনি জানান, নতুন ঋণ কর্মসূচির আকার, কাঠামো এবং সংশ্লিষ্ট সংস্কার কর্মপরিকল্পনা নিয়ে আগামী মাসগুলোতে আরও আলোচনা হবে। বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।