সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

উত্তর আমেরিকা
৪:২৬ অপরাহ্ন, ১৬ জুলাই ২০২৬

২৫০ বছর পূর্তি উপলক্ষে ট্রাম্পের চেহারা-সংবলিত ১ ডলারের কয়েন আনছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিকৃতি সংবলিত একটি নতুন ১ ডলারের স্মারক মুদ্রা প্রকাশের উদ্যোগ নিয়েছে দেশটির সরকারি মুদ্রা উৎপাদনকারী প্রতিষ্ঠান ইউএস মিন্ট। বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। নতুন মুদ্রাটি সোনালি রঙের হবে। এর এক পাশে ডোনাল্ড ট্রাম্পের প্রতিকৃতির পাশাপাশি থাকবে “In God We Trust” (আমরা ঈশ্বরে বিশ্বাস করি) […]

২৫০ বছর পূর্তি উপলক্ষে ট্রাম্পের চেহারা-সংবলিত ১ ডলারের কয়েন আনছে যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিকৃতি সংবলিত একটি নতুন ১ ডলারের স্মারক মুদ্রা প্রকাশের উদ্যোগ নিয়েছে দেশটির সরকারি মুদ্রা উৎপাদনকারী প্রতিষ্ঠান ইউএস মিন্ট। বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।

নতুন মুদ্রাটি সোনালি রঙের হবে। এর এক পাশে ডোনাল্ড ট্রাম্পের প্রতিকৃতির পাশাপাশি থাকবে “In God We Trust” (আমরা ঈশ্বরে বিশ্বাস করি) এবং “Liberty” (স্বাধীনতা) শব্দ দুটি। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তিকে স্মরণ করে ১৭৭৬–২০২৬ সাল উল্লেখ থাকবে।

মুদ্রার অপর পাশে থাকবে যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতীক ঈগলের ছবি। ঈগলের এক পায়ে থাকবে তীর এবং অন্য পায়ে জলপাই শাখা, যা যথাক্রমে শক্তি ও শান্তির প্রতীক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, নতুন এই স্মারক মুদ্রা যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঐতিহ্য, জাতীয় মূল্যবোধ এবং স্বাধীনতা রক্ষার অঙ্গীকারকে তুলে ধরবে।

দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর থেকে ট্রাম্প প্রশাসন বিভিন্ন সরকারি স্মারক ও নথিতে প্রেসিডেন্টের পরিচিতি তুলে ধরার একাধিক উদ্যোগ নিয়েছে। এর মধ্যে ট্রাম্পের ছবি সংবলিত স্মারক পাসপোর্ট, নতুন ১০০ ডলারের নোটে তার স্বাক্ষর সংযোজন এবং ২৪ ক্যারেট স্বর্ণের স্মারক মুদ্রা প্রকাশের প্রস্তাবও রয়েছে।

তবে নতুন ১ ডলারের স্মারক মুদ্রা নিয়ে আইনি বিতর্কও তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রচলিত বিধান অনুযায়ী, সাধারণত সরকারি মুদ্রায় কেবল প্রয়াত ব্যক্তিদের প্রতিকৃতি ব্যবহারের অনুমতি রয়েছে। ফলে একজন দায়িত্বে থাকা প্রেসিডেন্টের ছবি ব্যবহার করা আইনসম্মত কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে স্কট বেসেন্ট বলেন, যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ১৫০ বছর পূর্তির সময় তৎকালীন প্রেসিডেন্ট ক্যালভিন কুলিজের প্রতিকৃতি সংবলিত স্মারক মুদ্রা প্রকাশ করা হয়েছিল। সেই নজিরের ভিত্তিতেই বর্তমান উদ্যোগকে আইনসম্মত বলে মনে করছে ট্রেজারি বিভাগ।

প্রাথমিক নকশায় ট্রাম্পের ওপর নির্বাচনী প্রচারণার সময় পেনসিলভানিয়ায় সংঘটিত হামলার স্মৃতি তুলে ধরে তার মুষ্টিবদ্ধ হাতের ছবি এবং “Fight, Fight, Fight” স্লোগান ব্যবহারের প্রস্তাব ছিল। তবে চূড়ান্ত নকশায় সেই ধারণা রাখা হয়নি।

জানা গেছে, কমিশন অব ফাইন আর্টস ট্রাম্পের পাশ থেকে তোলা প্রতিকৃতি ব্যবহারের সুপারিশ করলেও চূড়ান্ত নকশায় তার সামনের দিকের প্রতিকৃতি রাখা হয়েছে। মুদ্রার নকশা অনুমোদনের ক্ষেত্রে অর্থমন্ত্রীর সিদ্ধান্তই চূড়ান্ত।

ইউএস মিন্টের নকশা ব্যবস্থাপনা বিভাগের ভারপ্রাপ্ত প্রধান মেগান সুলিভান জানিয়েছেন, আইনি পর্যালোচনার পর তারা নিশ্চিত হয়েছেন যে প্রস্তাবিত নকশা কোনো আইন লঙ্ঘন করছে না। তিনি জানান, মুদ্রাটি প্রচলিত ২৫ সেন্টের কয়েনের চেয়ে কিছুটা বড় হবে এবং ম্যাঙ্গানিজ ব্রাস ধাতু দিয়ে তৈরি হওয়ায় এর রং হবে সোনালি।

তবে এই ১ ডলারের স্মারক মুদ্রা ট্রেজারি বিভাগের প্রস্তাবিত ২৪ ক্যারেট স্বর্ণের সংগ্রহযোগ্য মুদ্রার সঙ্গে সম্পর্কিত নয়। ওই স্বর্ণের মুদ্রাগুলোর মূল্য কয়েক হাজার মার্কিন ডলার হতে পারে। সম্প্রতি সিনেটের ডেমোক্র্যাট সদস্যরা সেই স্বর্ণের মুদ্রা প্রকল্প নিয়ে আপত্তি তুলেছেন এবং এর উৎপাদন বন্ধের আহ্বান জানিয়েছেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ