সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

উত্তর আমেরিকা
৪:২৫ অপরাহ্ন, ১৮ জুলাই ২০২৬

সাপের ছোবল থেকে প্রাণে বাঁচলেন, পরে হাসপাতালে পেলেন প্রায় ১৫ কোটি টাকার বিল

বিষধর র‍্যাটলস্নেকের কামড়ে মৃত্যুর মুখ থেকে ফিরে এলেও নতুন এক বিপাকে পড়েছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাসিন্দা ক্রিস হাওয়ার্থ। দীর্ঘ চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তিনি হাতে পেয়েছেন প্রায় ১৩ লাখ মার্কিন ডলারের চিকিৎসা বিল, যা বাংলাদেশি মুদ্রায় ১৫ কোটিরও বেশি টাকার সমান। চিকিৎসকদের মতে, তার জীবন বাঁচাতে মোট ৫৪ ডোজ অ্যান্টি-ভেনম প্রয়োগ […]

সাপের ছোবল থেকে প্রাণে বাঁচলেন, পরে হাসপাতালে পেলেন প্রায় ১৫ কোটি টাকার বিল

ছবি AI: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

বিষধর র‍্যাটলস্নেকের কামড়ে মৃত্যুর মুখ থেকে ফিরে এলেও নতুন এক বিপাকে পড়েছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাসিন্দা ক্রিস হাওয়ার্থ। দীর্ঘ চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তিনি হাতে পেয়েছেন প্রায় ১৩ লাখ মার্কিন ডলারের চিকিৎসা বিল, যা বাংলাদেশি মুদ্রায় ১৫ কোটিরও বেশি টাকার সমান।

চিকিৎসকদের মতে, তার জীবন বাঁচাতে মোট ৫৪ ডোজ অ্যান্টি-ভেনম প্রয়োগ করতে হয়েছিল। বিরল ও জটিল পরিস্থিতির কারণে একটি হাসপাতালের অ্যান্টি-ভেনমের পুরো মজুত শেষ হয়ে গেলে তাকে হেলিকপ্টারে করে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঘটনার সময় ক্রিস আইডাহো থেকে পরিবারের সঙ্গে দেখা করতে ক্যালিফোর্নিয়ার ওরোভিলে গিয়েছিলেন। একদিন বৃষ্টির মধ্যে মায়ের বাড়ির বাগানে হাঁটার সময় অসাবধানতাবশত একটি বিষধর র‍্যাটলস্নেকের ওপর পা পড়ে যায়। প্রথমে তিনি বিষয়টিকে তেমন গুরুত্ব দেননি এবং ভেবেছিলেন কোনো কাঁটায় আঘাত লেগেছে। কিন্তু অল্প সময়ের মধ্যেই তার শ্বাস নিতে সমস্যা শুরু হয়, জিহ্বা অবশ হয়ে যায় এবং শরীরের বিভিন্ন লিম্ফ নোড ফুলে ওঠে।

পরিস্থিতি দ্রুত খারাপ হতে থাকলে তার স্ত্রী জেনি হাওয়ার্থ তাকে ওরোভিলের একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা ৩৬ ভায়াল অ্যান্টি-ভেনম প্রয়োগ করেন। এতে হাসপাতালের সব মজুত শেষ হয়ে যাওয়ায় জরুরি ভিত্তিতে তাকে হেলিকপ্টারে করে স্ট্যানফোর্ড হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে আরও ১৮ ভায়াল অ্যান্টি-ভেনম দেওয়া হয়।

ক্রিসের স্ত্রী জেনি একটি ক্রাউডফান্ডিং পেজে জানিয়েছেন, প্রতিটি অ্যান্টি-ভেনম ভায়ালের দাম ছিল প্রায় ১৩ হাজার ডলার। এছাড়া স্ট্যানফোর্ড হাসপাতালে প্রতিরাতের কক্ষভাড়া ছিল ৬১ হাজার ডলার। অ্যান্টি-ভেনম, রক্ত সঞ্চালন, সিটি স্ক্যান, নিবিড় পর্যবেক্ষণ এবং অন্যান্য চিকিৎসা মিলিয়ে মোট বিল দাঁড়ায় প্রায় ১৩ লাখ ডলার।

তিনি আরও জানান, তাদের স্বাস্থ্যবিমা এই ব্যয়ের একটি অংশ বহন করবে। তবে প্রকাশিত বিলটি বিমার অর্থ সমন্বয়ের আগের হিসাব।

চিকিৎসাধীন অবস্থায় ক্রিসের শরীরে ডিসেমিনেটেড ইনট্রাভাসকুলার কোয়াগুলেশন (ডিআইসি) নামে একটি গুরুতর রক্ত জমাট বাঁধার জটিলতা দেখা দেয়। চিকিৎসকদের মতে, এই অবস্থাটি জীবনহানির ঝুঁকি তৈরি করতে পারে এবং পুরো পরিবারকে গভীর উদ্বেগের মধ্যে ফেলেছিল।

২৬ মে থেকে ক্রিস কর্মস্থলে ফিরতে পারেননি। তার সব ধরনের বেতনসহ ছুটিও শেষ হয়ে গেছে। ফলে প্রায় সাত সপ্তাহ ধরে পরিবারটি নিয়মিত আয় ছাড়াই চলেছে। সামনে বিপুল অঙ্কের চিকিৎসা ব্যয় থাকায় তারা আর্থিক ও মানসিক চাপের মধ্য দিয়ে সময় পার করছেন।

বর্তমানে ক্রিস প্রায় ৮০ শতাংশ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তবে এখনো তার পায়ে ফোলাভাব রয়েছে এবং তিনি অতিরিক্ত ক্লান্তিতে ভুগছেন।

পরিবারটির পাশে দাঁড়াতে স্থানীয় বাসিন্দারা একটি তহবিল গঠন করেছেন। ক্রাউডফান্ডিংয়ের মাধ্যমে ইতোমধ্যে ১০ হাজার ডলারের বেশি অর্থ সংগ্রহ হয়েছে, যা তাদের চিকিৎসা ব্যয় মেটাতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ