যুক্তরাষ্ট্রজুড়ে একযোগে তিন ধরনের প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দেশটির বিভিন্ন অঞ্চলে একই সময়ে ভয়াবহ দাবানল, আকস্মিক বন্যা এবং দাবানলের ধোঁয়াজনিত বায়ুদূষণ জনজীবনে বড় ধরনের প্রভাব ফেলছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকা দাবানলের ধোঁয়ায় আচ্ছন্ন, দক্ষিণে টেক্সাসে টানা তৃতীয় দিনের মতো বন্যা পরিস্থিতি অব্যাহত রয়েছে এবং পশ্চিমাঞ্চলে নতুন নতুন দাবানল দ্রুত ছড়িয়ে […]
যুক্তরাষ্ট্রজুড়ে একযোগে তিন ধরনের প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দেশটির বিভিন্ন অঞ্চলে একই সময়ে ভয়াবহ দাবানল, আকস্মিক বন্যা এবং দাবানলের ধোঁয়াজনিত বায়ুদূষণ জনজীবনে বড় ধরনের প্রভাব ফেলছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকা দাবানলের ধোঁয়ায় আচ্ছন্ন, দক্ষিণে টেক্সাসে টানা তৃতীয় দিনের মতো বন্যা পরিস্থিতি অব্যাহত রয়েছে এবং পশ্চিমাঞ্চলে নতুন নতুন দাবানল দ্রুত ছড়িয়ে পড়ছে।
শুক্রবার যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টারএজেন্সি ফায়ার সেন্টার (NIFC) জানায়, বর্তমানে ১৫টি অঙ্গরাজ্যে অন্তত ৬৮টি বড় দাবানল সক্রিয় রয়েছে। বজ্রপাতের পর শুধু প্রশান্ত মহাসাগরীয় উত্তর-পশ্চিমাঞ্চলেই নতুন করে ১৭টি দাবানলের সূত্রপাত হয়েছে। ফলে অঞ্চলটি এখন দেশটির সবচেয়ে ঝুঁকিপূর্ণ দাবানলপ্রবণ এলাকায় পরিণত হয়েছে।
এদিকে দাবানলের ধোঁয়া গ্রেট লেকস অঞ্চল থেকে শুরু করে রাজধানী ওয়াশিংটন ডিসি পর্যন্ত বিস্তৃত হয়েছে। অন্যদিকে টেক্সাসের হিল কান্ট্রি এলাকায় প্রবল বন্যার পানি টানা তৃতীয় দিনের মতো জনজীবন বিপর্যস্ত করে রেখেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশজুড়ে ব্যাপক জরুরি ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্তমানে প্রায় ১৭ হাজার ৪০০ দমকলকর্মী, ১৪০টি হেলিকপ্টার এবং চারটি সামরিক সি-১৩০ এয়ার ট্যাঙ্কার দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে।
সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রায় ৩৭ লাখ ২০ হাজার একর (প্রায় ১৫ লাখ ১০ হাজার হেক্টর) বনভূমি আগুনে পুড়ে গেছে। গত বছরের একই সময়ের তুলনায় এ ক্ষয়ক্ষতির পরিমাণ ১০ লাখ একরেরও বেশি।
মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য বিভাগের অধ্যাপক জেসি বারম্যান বলেন, একই সময়ে একাধিক প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে তার সম্মিলিত প্রভাব অনেক বেশি ভয়াবহ হয়ে ওঠে। তার মতে, প্রতিটি দুর্যোগ আলাদাভাবে ক্ষতিকর হলেও একসঙ্গে সংঘটিত হলে মানুষের জীবন, স্বাস্থ্য ও অবকাঠামোর ওপর চাপ বহুগুণ বেড়ে যায়।
পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের জলবায়ুবিদ অধ্যাপক মাইকেল মান বলেন, এই পরিস্থিতির পেছনে জেট স্ট্রিমের অস্বাভাবিক তরঙ্গধারা বা ‘রেজোন্যান্স’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এতে জেট স্ট্রিমের বড় বড় তরঙ্গ দীর্ঘ সময় একই স্থানে স্থির থাকে, ফলে কোনো অঞ্চলে দীর্ঘস্থায়ী চরম আবহাওয়া বিরাজ করে।
তিনি জানান, গবেষণায় দেখা গেছে মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে ১৯৫০-এর দশকের তুলনায় এ ধরনের স্থবির জেট স্ট্রিমের ঘটনা প্রায় তিনগুণ বেড়েছে।
মিশিগান বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও টেকসই উন্নয়ন স্কুলের ডিন জনাথন ওভারপেক বলেন, বৈশ্বিক উষ্ণায়নের কারণে একই সঙ্গে খরা ও অতিবৃষ্টির ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে।
তার ব্যাখ্যায়, উষ্ণ বায়ুমণ্ডল মাটি ও উদ্ভিদ থেকে দ্রুত আর্দ্রতা শোষণ করে, যার ফলে বনাঞ্চল আরও শুষ্ক হয়ে দাবানলের ঝুঁকি বাড়ে। একই সময়ে উষ্ণ বায়ু বেশি জলীয় বাষ্প ধারণ করতে পারে, যা পরে অতিভারী বৃষ্টিপাতের কারণ হয়ে দাঁড়ায়।
তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে এমন পরিস্থিতি তৈরি হচ্ছে যেখানে একই সময়ে বিশ্বের বিভিন্ন অঞ্চলে খরা, দাবানল, অতিবৃষ্টি ও বন্যার মতো চরম আবহাওয়ার ঘটনা আগের তুলনায় অনেক বেশি ঘন ঘন এবং তীব্র আকারে দেখা দিচ্ছে।