জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেছেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে যে নতুন বাংলাদেশের স্বপ্ন তৈরি হয়েছিল, বিএনপি সেই প্রত্যাশা বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে। তার ভাষায়, শহীদ আবু সাঈদ যে স্বপ্ন নিয়ে প্রাণ দিয়েছিলেন, দুই বছরের মাথায় সেই স্বপ্ন ভেঙে গেছে। শনিবার (১৮ জুলাই) বিকেলে দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের বটতলি এলাকায় […]
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেছেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে যে নতুন বাংলাদেশের স্বপ্ন তৈরি হয়েছিল, বিএনপি সেই প্রত্যাশা বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে। তার ভাষায়, শহীদ আবু সাঈদ যে স্বপ্ন নিয়ে প্রাণ দিয়েছিলেন, দুই বছরের মাথায় সেই স্বপ্ন ভেঙে গেছে।
শনিবার (১৮ জুলাই) বিকেলে দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের বটতলি এলাকায় আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ২০২৪ সালের জুলাইয়ে আবু সাঈদের বুকে গুলি করা হয়েছিল। সেই সময় বাংলাদেশ নতুন আশা ও আকাঙ্ক্ষা নিয়ে একত্র হয়েছিল। কিন্তু যে স্বপ্ন নিয়ে আবু সাঈদ নিজের জীবন উৎসর্গ করেছিলেন, দুই বছরের মধ্যেই তা নষ্ট করে দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি বলেন, জনগণকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে রাষ্ট্রে সংস্কার হবে, পরিবর্তন আসবে এবং আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা হবে। পাশাপাশি ২০২৪ সালের গণঅভ্যুত্থানে নিহতদের বিচার, ওসমান হাদি হত্যাকাণ্ড, শাপলা চত্বর এবং পিলখানা হত্যাকাণ্ডের বিচারও হবে বলে আশা তৈরি হয়েছিল।
তবে তার অভিযোগ, এসব প্রত্যাশা পূরণ হয়নি। তিনি দাবি করেন, যখন মানুষ বিচারের অপেক্ষায় ছিল, তখন বিএনপির নেতাকর্মীরা থানায় গিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার না করার জন্য পুলিশ কর্মকর্তাদের কাছে অনুরোধ করেছেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এনসিপি জনগণের শক্তির ওপর ভর করে রাজনীতি করতে চায়। তিনি দাবি করেন, তাদের দল আওয়ামী লীগের অর্থের কাছে আপস করবে না, টেন্ডারবাজি বা বাসস্ট্যান্ড দখলের রাজনীতিতে জড়াবে না এবং ভারতের সঙ্গে কোনো আপস করবে না।
তিনি আরও বলেন, এনসিপির লক্ষ্য হলো তরুণদের কর্মসংস্থান সৃষ্টি, নারীদের নিরাপত্তা নিশ্চিত করা, আলেম-উলামা ও হিন্দু সম্প্রদায়সহ সব নাগরিকের জন্য নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা। পাশাপাশি সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধ, পুলিশ বাহিনীর সংস্কার, সামরিক কাঠামোর সংস্কার, অর্থনৈতিক সংস্কার এবং উত্তরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নের কথাও তুলে ধরেন।
পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও দলের যুগ্ম আহ্বায়ক ডা. আতিক মুজাহিদ, যুগ্ম মুখ্য সমন্বয়ক (হেড অব হেলথ উইং) ডা. আব্দুল আহাদ, দিনাজপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সদস্যসচিব ইমরান চৌধুরী নিশাদ এবং ফুলবাড়ী উপজেলা শাখার যুগ্ম সমন্বয়কারী শিহাব হোসেনসহ স্থানীয় নেতারা।