ঢাকা: বাংলাদেশি ই-পাসপোর্টে আবারও ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দবন্ধ পুনর্বহালের সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে ই-পাসপোর্টের নকশায় পরিবর্তন এনে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের কয়েকজন শহীদের ছবি এবং বিভিন্ন ধর্মের প্রতীক সংযুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। রোববার (১৯ জুলাই) এ বিষয়ে নির্দেশনা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, এখন থেকে নতুন করে ইস্যু হওয়া সব […]
ছবি: সংগৃহীত
ঢাকা: বাংলাদেশি ই-পাসপোর্টে আবারও ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দবন্ধ পুনর্বহালের সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে ই-পাসপোর্টের নকশায় পরিবর্তন এনে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের কয়েকজন শহীদের ছবি এবং বিভিন্ন ধর্মের প্রতীক সংযুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
রোববার (১৯ জুলাই) এ বিষয়ে নির্দেশনা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, এখন থেকে নতুন করে ইস্যু হওয়া সব ই-পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধটি পুনরায় অন্তর্ভুক্ত থাকবে।
এ সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে ই-পাসপোর্টের জলছাপ (ওয়াটারমার্ক) ও অভ্যন্তরীণ নকশা সংশোধনের জন্য বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন নকশার জলছাপে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে নিহত রংপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ, মীর মাহফুজুর রহমান মুগ্ধ এবং ওয়াসিম আকরামের ছবি সংযোজন করা হবে। এছাড়া দেশের ধর্মীয় সম্প্রীতির প্রতিফলন হিসেবে ই-পাসপোর্টে বিভিন্ন ধর্মের প্রতীকও যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশের দীর্ঘদিনের পররাষ্ট্রনীতি, জনমত এবং ফিলিস্তিন প্রশ্নে দেশের নীতিগত অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধটি পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের সময় প্রায় সাড়ে চার হাজার কোটি টাকা ব্যয়ে ই-পাসপোর্ট কার্যক্রম চালু করা হয়। সে সময় নতুন ই-পাসপোর্ট থেকে ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধটি বাদ দেওয়া হয়েছিল। এর আগে বাংলাদেশের পাসপোর্টে উল্লেখ থাকত—‘এই পাসপোর্ট বিশ্বের সব দেশের জন্য বৈধ, ইসরায়েল ছাড়া।’ পরবর্তীতে বিভিন্ন মহল থেকে ওই শব্দবন্ধ পুনর্বহালের দাবি জানানো হয়।