সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

উত্তর আমেরিকা
৪:২৭ অপরাহ্ন, ২১ জুলাই ২০২৬

ইসলামোফোবিয়া দূর করতে যুক্তরাষ্ট্রের টেক্সাসে উন্মুক্ত করা হলো মসজিদের দুয়ার

যুক্তরাষ্ট্রে ইসলাম ও মুসলমানদের সম্পর্কে প্রচলিত ভুল ধারণা এবং ইসলামোফোবিয়া মোকাবিলায় ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছে টেক্সাস অঙ্গরাজ্যের কয়েকটি ইসলামিক সেন্টার। অমুসলিমদের জন্য মসজিদের দরজা উন্মুক্ত করে আয়োজন করা হয় ‘ওপেন মসজিদ ডে’, যেখানে অংশগ্রহণকারীরা ইসলাম, মুসলিম সংস্কৃতি ও মসজিদের কার্যক্রম সম্পর্কে সরাসরি জানার সুযোগ পান। নর্থ টেক্সাসের রিচার্ডসন ও প্ল্যানো এলাকার একাধিক ইসলামিক সেন্টারে এই কর্মসূচির […]

ইসলামোফোবিয়া দূর করতে যুক্তরাষ্ট্রের টেক্সাসে উন্মুক্ত করা হলো মসজিদের দুয়ার

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্রে ইসলাম ও মুসলমানদের সম্পর্কে প্রচলিত ভুল ধারণা এবং ইসলামোফোবিয়া মোকাবিলায় ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছে টেক্সাস অঙ্গরাজ্যের কয়েকটি ইসলামিক সেন্টার। অমুসলিমদের জন্য মসজিদের দরজা উন্মুক্ত করে আয়োজন করা হয় ‘ওপেন মসজিদ ডে’, যেখানে অংশগ্রহণকারীরা ইসলাম, মুসলিম সংস্কৃতি ও মসজিদের কার্যক্রম সম্পর্কে সরাসরি জানার সুযোগ পান।

নর্থ টেক্সাসের রিচার্ডসন ও প্ল্যানো এলাকার একাধিক ইসলামিক সেন্টারে এই কর্মসূচির আয়োজন করা হয়। রিচার্ডসনের ইসলামিক অ্যাসোসিয়েশন অব নর্থ টেক্সাসে স্থানীয় বাসিন্দা, প্রতিবেশী ও প্রথমবারের মতো আসা দর্শনার্থীদের স্বেচ্ছাসেবকেরা আন্তরিকভাবে স্বাগত জানান।

দিনব্যাপী আয়োজনে অতিথিদের মসজিদ পরিদর্শনের সুযোগ দেওয়া হয়। তারা জামাতে নামাজ আদায়ের পরিবেশ পর্যবেক্ষণ করেন, ইসলামি সংস্কৃতি সম্পর্কে ধারণা নেন এবং ঐতিহ্যবাহী খাবার উপভোগ করেন। পাশাপাশি ইসলামের মৌলিক বিশ্বাস, জীবনধারা এবং শরিয়াহ নিয়ে প্রচলিত নানা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য খোলামেলা প্রশ্নোত্তর পর্বেরও আয়োজন করা হয়।

প্রচারমূলক সংগঠন গেইনপিস (GainPeace)-এর প্রধান বক্তা ড. সাবিল আহমেদ বলেন, ইসলাম সম্পর্কে ভুল ধারণা দূর করার সবচেয়ে কার্যকর উপায় হলো সরাসরি মানুষের সঙ্গে যোগাযোগ।

তিনি বলেন, “শরিয়াহ কোনো বিকল্প রাষ্ট্রীয় আইনব্যবস্থা নয়। এটি মূলত ব্যক্তিগত নৈতিকতা, ন্যায়বিচার, সহমর্মিতা এবং সামাজিক দায়িত্ববোধের একটি কাঠামো। অসহায় মানুষের পাশে দাঁড়ানো, প্রতিবেশীর প্রতি দায়িত্ব পালন এবং বৈষম্যের বিরোধিতা করাও এর গুরুত্বপূর্ণ অংশ।”

প্রথমবারের মতো কোনো মসজিদে আসা কোলিন ফ্লেচার নামের এক দর্শনার্থী বলেন, এই আয়োজন তার ইসলাম সম্পর্কে অনেক ভুল ধারণা দূর করেছে। তার মতে, বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বাড়াতে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ইসলামিক অ্যাসোসিয়েশন অব নর্থ টেক্সাসের সভাপতি মোহাম্মদ ইলিথি বলেন, “আমাদের মসজিদ শুধু মুসলমানদের ইবাদতের স্থান নয়, বরং পুরো কমিউনিটির জন্যও একটি উন্মুক্ত ও নিরাপদ জায়গা। আমরা চাই মানুষ বুঝুক, প্রয়োজনে এখানে যে কেউ সহযোগিতা পেতে পারেন।”

একই ধরনের কর্মসূচি প্ল্যানোর ইসলামিক অ্যাসোসিয়েশন অব কলিন কাউন্টিতেও অনুষ্ঠিত হয়। সেখানে স্থানীয় গির্জার সদস্যসহ বিভিন্ন ধর্মের মানুষ অংশ নেন। মুসলিম নেতৃত্ব, নারীদের ভূমিকা, পারিবারিক জীবন এবং ইসলামি মূল্যবোধ নিয়ে অংশগ্রহণকারীদের সঙ্গে খোলামেলা আলোচনা করা হয়।

আয়োজকদের মতে, রাজনৈতিক বিতর্ক বা সামাজিক যোগাযোগমাধ্যমের প্রচারণার পরিবর্তে মুখোমুখি সংলাপ ও পারস্পরিক পরিচয়ই ইসলামোফোবিয়া কমাতে এবং ভিন্ন ধর্মাবলম্বী মানুষের মধ্যে আস্থা ও সম্প্রীতি গড়ে তুলতে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ