যুক্তরাষ্ট্রে নতুন একটি আবাসন আইন কার্যকর হওয়ার পর দেশের বৃহৎ রিয়েল এস্টেট বিনিয়োগ প্রতিষ্ঠানগুলো আগের তুলনায় অনেক বেশি ভাড়াবাড়ি বিক্রির জন্য বাজারে তুলছে। সিএনবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মালিকানাধীন ৯ হাজার ৪৪৭টি সিঙ্গেল-ফ্যামিলি ভাড়াবাড়ি বিক্রির তালিকায় রয়েছে। চলতি বছরের ১ ফেব্রুয়ারি এই সংখ্যা ছিল মাত্র ৪ হাজার ১৬৬টি। এই পরিবর্তনের পেছনে রয়েছে সম্প্রতি […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে নতুন একটি আবাসন আইন কার্যকর হওয়ার পর দেশের বৃহৎ রিয়েল এস্টেট বিনিয়োগ প্রতিষ্ঠানগুলো আগের তুলনায় অনেক বেশি ভাড়াবাড়ি বিক্রির জন্য বাজারে তুলছে। সিএনবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মালিকানাধীন ৯ হাজার ৪৪৭টি সিঙ্গেল-ফ্যামিলি ভাড়াবাড়ি বিক্রির তালিকায় রয়েছে। চলতি বছরের ১ ফেব্রুয়ারি এই সংখ্যা ছিল মাত্র ৪ হাজার ১৬৬টি।
এই পরিবর্তনের পেছনে রয়েছে সম্প্রতি পাস হওয়া ‘২১স্ট সেঞ্চুরি রোড টু হাউজিং অ্যাক্ট’। নতুন আইনে বলা হয়েছে, যেসব প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর মালিকানায় ইতোমধ্যে ৩৫০ বা তার বেশি সিঙ্গেল-ফ্যামিলি বাড়ি রয়েছে, তারা নতুন করে এ ধরনের বাড়ি কিনতে পারবেন না।
তবে বিল্ড-টু-রেন্ট, রেনোভেট-টু-রেন্ট এবং ভাড়াটিয়াদের ভবিষ্যতে বাড়ির মালিক হতে সহায়তা করে এমন কর্মসূচিগুলো এই সীমাবদ্ধতার বাইরে রাখা হয়েছে। এছাড়া বিদ্যমান বাড়িগুলো বিক্রি করতে বিনিয়োগকারীদের বাধ্য করা হয়নি। তবে তাদের মালিকানাধীন বাড়ির সংখ্যা ৩৫০-এর নিচে না নামা পর্যন্ত নতুন বাড়ি কেনার সুযোগ থাকবে না।
পার্সেল ল্যাবসের তথ্য অনুযায়ী, ৩৫০টির বেশি বাড়ির মালিকানায় থাকা বড় বিনিয়োগকারীদের হাতে বর্তমানে প্রায় ৫ লাখ ৮৯ হাজার সিঙ্গেল-ফ্যামিলি ভাড়াবাড়ি রয়েছে। এটি যুক্তরাষ্ট্রের মোট প্রায় ১ কোটি ৪০ লাখ সিঙ্গেল-ফ্যামিলি ভাড়াবাড়ির প্রায় ৩ দশমিক ৯ শতাংশ।
চলতি বছরে এসব প্রতিষ্ঠানের নিট বিক্রির হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তথ্য অনুযায়ী, প্রগ্রেস রেসিডেন্সিয়াল, ফার্স্টকি, ভাইনব্রুক, ইনভাইটেশন হোমস, আমহার্স্ট, ট্রাইকন এবং এএমএইচসহ বড় বিনিয়োগকারীরা এ বছর কেনার তুলনায় ৩ হাজার ১৮০টি বেশি বাড়ি বিক্রি করেছে। যদিও তাদের সম্মিলিত মালিকানায় এখনো ৪ লাখের বেশি বাড়ি রয়েছে।
বিক্রির দিক থেকে সবচেয়ে এগিয়ে রয়েছে ভাইনব্রুক। প্রতিষ্ঠানটি তাদের মোট পোর্টফোলিওর প্রায় ১০ শতাংশ, অর্থাৎ প্রায় ১ হাজার ৯০০টি বাড়ি বিক্রির জন্য বাজারে তুলেছে। এসব সম্পত্তির আনুমানিক মূল্য প্রায় ২৮৫ মিলিয়ন মার্কিন ডলার।
পার্সেল ল্যাবস আরও জানিয়েছে, বাজারে শুধু বাড়ির সংখ্যা বাড়ছে না, অনেক ক্ষেত্রেই দামও কমানো হচ্ছে। জাতীয়ভাবে বর্তমানে বিক্রির জন্য তালিকাভুক্ত বাড়ির প্রায় ৩৮ দশমিক ৭ শতাংশের দাম কমানো হয়েছে। তবে বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ক্ষেত্রে এই হার প্রায় ৫৪ শতাংশ।
পার্সেল ল্যাবসের সহপ্রতিষ্ঠাতা জেসন লিউরিস বলেন, বর্তমান প্রবণতা থেকে বোঝা যায়, অনেক প্রতিষ্ঠান তুলনামূলক কম লাভজনক সম্পদ বিক্রি করে সেই অর্থ বিল্ড-টু-রেন্টের মতো দীর্ঘমেয়াদি সম্ভাবনাময় খাতে বিনিয়োগের কৌশল গ্রহণ করছে।
সূত্র: সিএনবিসি