সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

উত্তর আমেরিকা
৪:০৫ অপরাহ্ন, ২৩ জুলাই ২০২৬

ইরান যুদ্ধের ব্যয় মেটাতে আরও ৮৭ বিলিয়ন ডলার চায় পেন্টাগন

ইরানের সঙ্গে চলমান যুদ্ধের ক্রমবর্ধমান ব্যয় সামাল দিতে অতিরিক্ত ৮৭ বিলিয়ন ডলার বরাদ্দ চেয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় (পেন্টাগন)। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, এ পর্যন্ত যুদ্ধ পরিচালনায় যুক্তরাষ্ট্রের ব্যয় দাঁড়িয়েছে প্রায় ৩৭ দশমিক ৫ বিলিয়ন ডলারে, যা মে মাসে দেওয়া পূর্ববর্তী হিসাবের তুলনায় প্রায় ৮ বিলিয়ন ডলার বেশি। মঙ্গলবার মার্কিন সিনেটের অ্যাপ্রোপ্রিয়েশনস কমিটির শুনানিতে হেগসেথ বলেন, […]

ইরান যুদ্ধের ব্যয় মেটাতে আরও ৮৭ বিলিয়ন ডলার চায় পেন্টাগন

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
৩ মিনিটে পড়ুন |

ইরানের সঙ্গে চলমান যুদ্ধের ক্রমবর্ধমান ব্যয় সামাল দিতে অতিরিক্ত ৮৭ বিলিয়ন ডলার বরাদ্দ চেয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় (পেন্টাগন)। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, এ পর্যন্ত যুদ্ধ পরিচালনায় যুক্তরাষ্ট্রের ব্যয় দাঁড়িয়েছে প্রায় ৩৭ দশমিক ৫ বিলিয়ন ডলারে, যা মে মাসে দেওয়া পূর্ববর্তী হিসাবের তুলনায় প্রায় ৮ বিলিয়ন ডলার বেশি।

মঙ্গলবার মার্কিন সিনেটের অ্যাপ্রোপ্রিয়েশনস কমিটির শুনানিতে হেগসেথ বলেন, অতিরিক্ত চাওয়া অর্থের মধ্যে ৬৭ বিলিয়ন ডলার মধ্যপ্রাচ্যে চলমান সামরিক অভিযান পরিচালনার জন্য ব্যয় করা হবে।

এর আগে গত এপ্রিলে হোয়াইট হাউস আগামী অর্থবছরের জন্য পেন্টাগনের জন্য ১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলারের রেকর্ড বাজেট প্রস্তাব করেছিল, যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বোচ্চ প্রতিরক্ষা বাজেটের প্রস্তাব।

শুনানিতে হেগসেথ বলেন, বর্তমান বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তার ভাষায়, অতিরিক্ত অর্থ অনুমোদন না হলে সেনাসদস্যদের বেতন, সামরিক সরঞ্জাম ও গোলাবারুদ পুনরায় সংগ্রহ এবং গুরুত্বপূর্ণ সামরিক কার্যক্রম পরিচালনায় বড় ধরনের সংকট দেখা দিতে পারে।

তিনি দাবি করেন, বরাদ্দকৃত প্রতিটি ডলার মার্কিন সামরিক সক্ষমতা বৃদ্ধি এবং “শক্তির মাধ্যমে শান্তি” প্রতিষ্ঠার লক্ষ্যে ব্যবহার করা হবে।

কমিটির চেয়ারম্যান রিপাবলিকান সিনেটর সুসান কলিন্স সম্ভাব্য প্রভাব সম্পর্কে জানতে চাইলে হেগসেথ বলেন, বাজেট না পেলে সেনাবাহিনীর বর্তমান ও ভবিষ্যৎ প্রশিক্ষণ কর্মসূচিতে কাটছাঁট করতে হবে। একই সঙ্গে তিনি প্রতিরক্ষা খাতে অর্থসংকটের জন্য সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনকে দায়ী করেন।

তবে ডেমোক্র্যাট সদস্যরা এই প্রস্তাবের বিরোধিতা করেন। সিনেটর প্যাটি মারে বলেন, অতিরিক্ত অর্থ বরাদ্দের পক্ষে পর্যাপ্ত যৌক্তিকতা উপস্থাপন করা হয়নি। সিনেটর ডিক ডারবিন যুদ্ধের মোট ব্যয়ের হিসাব জানতে চাইলে হেগসেথ ৩৭ দশমিক ৫ বিলিয়ন ডলারের তথ্য দেন।

অন্যদিকে সিবিএস নিউজের বরাতে একাধিক সূত্র জানিয়েছে, প্রকৃত ব্যয় আরও বেশি হতে পারে। কারণ ক্ষতিগ্রস্ত মার্কিন সামরিক ঘাঁটি পুনর্নির্মাণের ব্যয় এই হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত নয়।

শুনানির সময় যুদ্ধবিরোধী বিক্ষোভকারীরা কয়েক দফা কার্যক্রমে বাধা দেন। পরে ডেমোক্র্যাট সিনেটর কিয়ার্স্টেন জিলিব্র্যান্ড অভিযোগ করেন, সাধারণ মানুষ অর্থনৈতিক চাপে থাকলেও প্রশাসন যুদ্ধের জন্য বিপুল অর্থ চাইছে। তিনি প্রশ্ন তোলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি যুদ্ধকে সফল বলে দাবি করেন, তাহলে নতুন করে এত বড় অঙ্কের অর্থের প্রয়োজন কেন।

আরেক ডেমোক্র্যাট সিনেটর গ্যারি পিটার্স প্রশাসনের সমালোচনা করে বলেন, যুক্তরাষ্ট্র আবারও দীর্ঘমেয়াদি এক যুদ্ধে জড়িয়ে পড়ছে। জবাবে হেগসেথ তার মন্তব্য প্রত্যাখ্যান করেন এবং পাল্টা সমালোচনা করেন।

অতিরিক্ত বাজেট প্রস্তাবটি নিয়ে রিপাবলিকান দলের ভেতরেও মতভেদ রয়েছে। দলটির কিছু সদস্য অন্য খাতে ব্যয় কমানো ছাড়া নতুন অর্থ বরাদ্দের বিরোধিতা করছেন।

এদিকে প্রতিনিধি পরিষদ বৃহস্পতিবার ছুটিতে যাওয়ায় সেপ্টেম্বরের আগে কংগ্রেসের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনা নেই। ফলে প্রস্তাব অনুমোদন হলেও পেন্টাগনের হাতে অর্থ পৌঁছাতে আরও কয়েক মাস সময় লাগতে পারে।

পেন্টাগনের তথ্য অনুযায়ী, চলমান সংঘাতে এখন পর্যন্ত ১৮ জন মার্কিন সেনা নিহত হয়েছেন। সাম্প্রতিক সময়ে নিহত কয়েকজন সেনাসদস্যের মরদেহ দেশে ফিরিয়ে আনা হলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডেলাওয়্যারের একটি বিমানঘাঁটিতে উপস্থিত থেকে তাদের প্রতি শ্রদ্ধা জানান।

সূত্র: বিবিসি, সিবিএস নিউজ

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ