সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

খেলাধুলা
২:০১ অপরাহ্ন, ২৫ জুলাই ২০২৬

ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে অভিযোগ খারিজ করল আইওসি

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে রাজনৈতিক নিরপেক্ষতা লঙ্ঘনের অভিযোগ গ্রহণ করেনি আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। আইওসি জানিয়েছে, অভিযোগে উত্থাপিত বিষয়গুলো তাদের নীতিশাস্ত্র কমিশনের এখতিয়ারের মধ্যে পড়ে না। শুক্রবার আইওসির এক মুখপাত্র জানান, মানবাধিকার সংস্থা ফেয়ারস্কয়ারের অভিযোগটি পর্যালোচনা করা হয়েছে। তবে এতে মূলত ফিফার অভ্যন্তরীণ প্রশাসন, বিভিন্ন সরকারের সঙ্গে সম্পর্ক এবং আন্তর্জাতিক ফুটবল সংস্থার সিদ্ধান্ত গ্রহণ […]

ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে অভিযোগ খারিজ করল আইওসি

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে রাজনৈতিক নিরপেক্ষতা লঙ্ঘনের অভিযোগ গ্রহণ করেনি আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। আইওসি জানিয়েছে, অভিযোগে উত্থাপিত বিষয়গুলো তাদের নীতিশাস্ত্র কমিশনের এখতিয়ারের মধ্যে পড়ে না।

শুক্রবার আইওসির এক মুখপাত্র জানান, মানবাধিকার সংস্থা ফেয়ারস্কয়ারের অভিযোগটি পর্যালোচনা করা হয়েছে। তবে এতে মূলত ফিফার অভ্যন্তরীণ প্রশাসন, বিভিন্ন সরকারের সঙ্গে সম্পর্ক এবং আন্তর্জাতিক ফুটবল সংস্থার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এসব বিষয় আইওসির নীতিশাস্ত্র কমিশনের বিচারিক ক্ষমতার আওতার বাইরে থাকায় অভিযোগটি গ্রহণ করা হয়নি।

গত ১৩ জুলাই ফেয়ারস্কয়ার আনুষ্ঠানিকভাবে আইওসির কাছে অভিযোগ জমা দেয়। সংস্থাটির দাবি ছিল, ২০২০ সাল থেকে আইওসির সদস্য হিসেবে দায়িত্ব পালন করা জিয়ান্নি ইনফান্তিনো একাধিকবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি প্রকাশ্য রাজনৈতিক সমর্থন জানিয়েছেন, যা অলিম্পিক চার্টারের রাজনৈতিক নিরপেক্ষতার নীতির সঙ্গে সাংঘর্ষিক।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, ২০২৬ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগানের লাল কার্ডের নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘটনায় রাজনৈতিক প্রভাব খাটানো হয়েছিল কি না, সেটিও তদন্ত করা প্রয়োজন।

তবে আইওসি তাদের ব্যাখ্যায় জানিয়েছে, আন্তর্জাতিক ক্রীড়া ফেডারেশনগুলো নিজস্ব প্রশাসনিক স্বাধীনতা ভোগ করে। ফলে ফিফার অভ্যন্তরীণ সিদ্ধান্ত বা বিভিন্ন দেশের সরকারের সঙ্গে তাদের সম্পর্ক নিয়ে আইওসির তদন্ত করার এখতিয়ার নেই।

বিশ্বকাপ চলাকালে ইনফান্তিনো ও ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে কয়েকটি ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার জন্ম দেয়। বিশেষ করে ফাইনালের ট্রফি প্রদান অনুষ্ঠানে তাদের একসঙ্গে মাঠে প্রবেশ এবং বালোগানের নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে বিতর্কের পর বিষয়টি আরও আলোচিত হয়।

আইওসি অভিযোগটি খারিজ করলেও বিষয়টির এখানেই সমাপ্তি ঘটেনি। ফেয়ারস্কয়ার ইতোমধ্যে ফিফার নীতিশাস্ত্র কমিটির কাছেও একই বিষয়ে পৃথক অভিযোগ দাখিল করেছে। তবে সেই অভিযোগের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি ফিফা।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ