যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটল শহরের জনপ্রিয় ‘বাইট অব সিয়াটল’ (Bite of Seattle) খাবার উৎসবে বন্দুকধারীদের গোলাগুলিতে নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এক শিশুসহ আরও চারজন আহত হয়েছেন। রোববার (২৬ জুলাই) সন্ধ্যায় সিয়াটল সেন্টারের ঐতিহাসিক স্পেস নিডল এলাকার কাছে আয়োজিত বার্ষিক খাবার উৎসব চলাকালে এ ঘটনা ঘটে। সিয়াটল পুলিশ জানিয়েছে, দুই বন্দুকধারী একে অপরকে […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটল শহরের জনপ্রিয় ‘বাইট অব সিয়াটল’ (Bite of Seattle) খাবার উৎসবে বন্দুকধারীদের গোলাগুলিতে নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এক শিশুসহ আরও চারজন আহত হয়েছেন।
রোববার (২৬ জুলাই) সন্ধ্যায় সিয়াটল সেন্টারের ঐতিহাসিক স্পেস নিডল এলাকার কাছে আয়োজিত বার্ষিক খাবার উৎসব চলাকালে এ ঘটনা ঘটে।
সিয়াটল পুলিশ জানিয়েছে, দুই বন্দুকধারী একে অপরকে লক্ষ্য করে গুলি চালালে ঘটনাস্থলে উপস্থিত সাধারণ মানুষও হতাহতের শিকার হন। গোলাগুলির শব্দে মুহূর্তের মধ্যে উৎসবস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং উপস্থিত মানুষ প্রাণ বাঁচাতে ছোটাছুটি শুরু করেন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ, দমকল বাহিনী ও জরুরি উদ্ধারকর্মীরা পৌঁছে এলাকা ঘিরে ফেলে এবং দর্শনার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়।
হারবারভিউ মেডিকেল সেন্টারের মুখপাত্র সুসান গ্রেগ জানান, আহত চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একটি শিশু রয়েছে। আহতদের একজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকেরা জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, হামলার পেছনের কারণ জানতে তদন্ত চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো গ্রেপ্তারের তথ্য প্রকাশ করা হয়নি। একই সঙ্গে নগরীর কেন্দ্রের উত্তর-পশ্চিমাঞ্চলের ওই এলাকা আপাতত এড়িয়ে চলার জন্য সাধারণ মানুষকে অনুরোধ করা হয়েছে।
‘বাইট অব সিয়াটল’ যুক্তরাষ্ট্রের অন্যতম জনপ্রিয় খাবার উৎসব। ১৯৮২ সালে শুরু হওয়া তিন দিনব্যাপী এই আয়োজনে প্রতিবছর প্রায় সাড়ে তিন লাখ মানুষ অংশ নেন। বিভিন্ন ধরনের খাবার, পানীয় এবং সাংস্কৃতিক পরিবেশনার জন্য উৎসবটি ব্যাপক পরিচিত। তবে এবারের রক্তক্ষয়ী হামলায় উৎসবের আনন্দ শোকে পরিণত হয়েছে।
সূত্র: এপি