সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

উত্তর আমেরিকা
২:২৭ পিএম, ৭ আগস্ট ২০২৬

যুক্তরাষ্ট্রে শিক্ষাঋণ খেলাপির রেকর্ড, কিস্তি দিতে পারছেন না ৯৫ লাখ ঋণগ্রহীতা

যুক্তরাষ্ট্রে শিক্ষাঋণ পরিশোধে সংকট আরও গভীর হয়েছে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, মহামারিকালীন ঋণ পরিশোধ স্থগিত কর্মসূচির সমাপ্তি এবং শিক্ষাঋণ ব্যবস্থায় সাম্প্রতিক পরিবর্তনের কারণে দেশটিতে ঋণ খেলাপির সংখ্যা রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক বিশ্লেষণ অনুযায়ী, বর্তমানে প্রায় ৯৫ লাখ ফেডারেল শিক্ষাঋণগ্রহীতা টানা নয় মাস বা তার বেশি সময় ধরে কিস্তি পরিশোধ করতে পারেননি। এ সংখ্যা […]

যুক্তরাষ্ট্রে শিক্ষাঋণ খেলাপির রেকর্ড, কিস্তি দিতে পারছেন না ৯৫ লাখ ঋণগ্রহীতা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
৩ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্রে শিক্ষাঋণ পরিশোধে সংকট আরও গভীর হয়েছে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, মহামারিকালীন ঋণ পরিশোধ স্থগিত কর্মসূচির সমাপ্তি এবং শিক্ষাঋণ ব্যবস্থায় সাম্প্রতিক পরিবর্তনের কারণে দেশটিতে ঋণ খেলাপির সংখ্যা রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।

অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক বিশ্লেষণ অনুযায়ী, বর্তমানে প্রায় ৯৫ লাখ ফেডারেল শিক্ষাঋণগ্রহীতা টানা নয় মাস বা তার বেশি সময় ধরে কিস্তি পরিশোধ করতে পারেননি। এ সংখ্যা দেশটির মোট ফেডারেল শিক্ষাঋণগ্রহীতার প্রায় ২০ শতাংশ। মহামারিকালীন ঋণ পরিশোধ স্থগিত কর্মসূচি শেষ হওয়ার পর খেলাপি ঋণগ্রহীতার সংখ্যা প্রায় ৪২ লাখ বেড়েছে

যুক্তরাষ্ট্রে ফেডারেল সরকারের সহায়তায় দেওয়া মোট শিক্ষাঋণের পরিমাণ প্রায় ১ দশমিক ৭ ট্রিলিয়ন ডলার। এর মধ্যে প্রায় ২৩৩ দশমিক ৩ বিলিয়ন ডলার বর্তমানে খেলাপি অবস্থায় রয়েছে।

জীবনযাত্রার ব্যয়ের চাপ

ঋণগ্রহীতাদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন ‘প্রটেক্ট বরোয়ার্স’-এর নীতিনির্ধারণ পরিচালক আইসা কানচোলা বানিয়েজ বলেন, নিত্যপ্রয়োজনীয় ব্যয় সামলাতেই অনেক মানুষ হিমশিম খাচ্ছেন। এর সঙ্গে শিক্ষাঋণের মাসিক কিস্তির চাপ যুক্ত হওয়ায় অনেক ঋণগ্রহীতা নিয়মিত অর্থ পরিশোধ করতে পারছেন না।

বিশেষজ্ঞদের মতে, দীর্ঘ সময় কিস্তি বকেয়া থাকলে ঋণগ্রহীতার ক্রেডিট স্কোর ক্ষতিগ্রস্ত হতে পারে। ঋণ খেলাপি হিসেবে চিহ্নিত হওয়ার পর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। কিছু ক্ষেত্রে সরকার বেতন বা নির্দিষ্ট সরকারি সুবিধা থেকে অর্থ আদায়ের মতো ব্যবস্থা নিতে পারে। তবে ট্রাম্প প্রশাসন আপাতত বেতন থেকে অর্থ কেটে নেওয়ার পদক্ষেপ স্থগিত রেখেছে।

লাভজনক কলেজে খেলাপির হার বেশি

শিক্ষাঋণ খেলাপির হার সবচেয়ে বেশি দেখা যাচ্ছে লাভজনক বা ফর-প্রফিট শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করা ঋণগ্রহীতাদের মধ্যে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সরকারি ও অলাভজনক বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের তুলনায় এসব প্রতিষ্ঠানের ঋণগ্রহীতারা দ্বিগুণেরও বেশি হারে কিস্তি পরিশোধে পিছিয়ে পড়ছেন।

এই শ্রেণির প্রায় ৩৩ শতাংশ ঋণগ্রহীতা ৯০ দিন বা তার বেশি সময় কিস্তি পরিশোধ করেননি।

মিসিসিপিতে খেলাপির হার সবচেয়ে বেশি

অঙ্গরাজ্যভিত্তিক হিসাবে শিক্ষাঋণ খেলাপির হার সবচেয়ে বেশি মিসিসিপিতে, যেখানে হার ২৮ দশমিক ৩ শতাংশ। এরপর রয়েছে লুইজিয়ানা, আলাবামা, ওয়েস্ট ভার্জিনিয়া, ওকলাহোমা, জর্জিয়া, সাউথ ক্যারোলাইনা ও টেক্সাস।

শিক্ষাঋণ খেলাপির দিক থেকে শীর্ষ ১৫ অঙ্গরাজ্যের মধ্যে আরও রয়েছে আলাস্কা, অ্যারিজোনা, ওহাইও, ইন্ডিয়ানা, মিশিগান, নিউ মেক্সিকো ও নেভাদা।

বিশ্লেষকদের মতে, শিক্ষাঋণ খেলাপি হওয়া ব্যক্তিদের সবাই বেকার—এমন ধারণা ঠিক নয়। বরং অনেক ঋণগ্রহীতা কর্মজীবী হলেও বাড়তে থাকা জীবনযাত্রার ব্যয় এবং শিক্ষাঋণের কিস্তি একসঙ্গে সামলাতে গিয়ে আর্থিক সংকটে পড়ছেন।

মহামারির পর আবার বাড়ছে খেলাপি

কোভিড-১৯ মহামারির সময় যুক্তরাষ্ট্রের শিক্ষা বিভাগ ফেডারেল শিক্ষাঋণের কিস্তি পরিশোধ সাময়িকভাবে স্থগিত করেছিল। ২০২৩ সালে কিস্তি পরিশোধ আবার শুরু হলেও ঋণগ্রহীতাদের জন্য একটি নির্দিষ্ট সময়ের ‘বাফার পিরিয়ড’ রাখা হয়েছিল। এ সময়ে কিস্তি বকেয়া থাকলেও তাৎক্ষণিকভাবে ঋণ খেলাপি হিসেবে গণ্য করা হতো না।

২০২৪ সালের শেষ দিকে সেই সুবিধা শেষ হওয়ার পর ২০২৫ সালের জুন থেকে আবার শিক্ষাঋণ খেলাপির হিসাব শুরু হয়। এরপর থেকেই খেলাপির সংখ্যা দ্রুত বাড়তে থাকে।

SAVE কর্মসূচি বাতিলেও বাড়তে পারে কিস্তি

এর মধ্যে ট্রাম্প প্রশাসন শিক্ষাঋণ পরিশোধ ব্যবস্থায় বড় পরিবর্তন এনেছে। আয়ভিত্তিক পরিশোধের তুলনামূলক সুবিধাজনক কর্মসূচি ‘SAVE’ বাতিলের সিদ্ধান্তের কারণে অনেক ঋণগ্রহীতার মাসিক কিস্তি বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

নতুন নিয়মে নতুন ঋণগ্রহীতাদের জন্য পরিশোধ পরিকল্পনার বিকল্পও সীমিত করা হয়েছে। ফলে আগে SAVE কর্মসূচির আওতায় থাকা লাখো ঋণগ্রহীতাকে ভবিষ্যতে তুলনামূলক বেশি অর্থ পরিশোধ করতে হতে পারে।

তবে ইতোমধ্যে খেলাপি হওয়া ঋণ আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার সুযোগ রয়েছে। নির্দিষ্ট শর্ত পূরণ করে ঋণ পুনর্বাসন কর্মসূচিতে অংশ নেওয়া অথবা ফেডারেল ডাইরেক্ট লোনের মাধ্যমে ঋণ একীভূত করার সুযোগ রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্রে শিক্ষাঋণের সংকট এখন শুধু শিক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ নেই। বিপুলসংখ্যক কর্মজীবী আমেরিকানও ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় ও ঋণের কিস্তির চাপ সামলাতে গিয়ে সমস্যায় পড়ছেন। পরিস্থিতির উন্নতি না হলে আগামী দিনগুলোতে দেশটিতে শিক্ষাঋণ খেলাপির সংখ্যা আরও বাড়তে পারে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ