আর্জেন্টিনার ফুটবলে ১০ নম্বর জার্সির সঙ্গে লিওনেল মেসির নাম এতটাই জড়িয়ে গেছে যে, তার পর এই জার্সি কার গায়ে উঠবে—এখন সেটিই বড় প্রশ্ন। দীর্ঘ ১৭ বছর ধরে আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি পরে মাঠ মাতিয়েছেন মেসি। এবার তার অধ্যায় শেষ হওয়ার পর নতুন উত্তরসূরি খুঁজতে হবে দলটিকে। ২০০৯ সালের ২৮ মার্চ ভেনেজুয়েলার বিপক্ষে ৪-০ গোলের জয়ে […]
ছবি: সংগৃহীত
আর্জেন্টিনার ফুটবলে ১০ নম্বর জার্সির সঙ্গে লিওনেল মেসির নাম এতটাই জড়িয়ে গেছে যে, তার পর এই জার্সি কার গায়ে উঠবে—এখন সেটিই বড় প্রশ্ন। দীর্ঘ ১৭ বছর ধরে আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি পরে মাঠ মাতিয়েছেন মেসি। এবার তার অধ্যায় শেষ হওয়ার পর নতুন উত্তরসূরি খুঁজতে হবে দলটিকে।
২০০৯ সালের ২৮ মার্চ ভেনেজুয়েলার বিপক্ষে ৪-০ গোলের জয়ে প্রথমবার আর্জেন্টিনার হয়ে ১০ নম্বর জার্সি পরে মাঠে নামেন মেসি। এরপর জাতীয় দলের হয়ে ১৭২ ম্যাচে এই জার্সি গায়ে খেলেছেন তিনি।
মেসির আগে দিয়েগো ম্যারাডোনা, হুয়ান রোমান রিকেলমে, আরিয়েল ওর্তেগা ও মারিও কেম্পেসের মতো কিংবদন্তিরাও আর্জেন্টিনার ১০ নম্বর জার্সিকে সমৃদ্ধ করেছেন। তবে দীর্ঘ সময় ধরে পারফরম্যান্স, অর্জন ও প্রভাবের কারণে মেসিই এই জার্সির সঙ্গে সবচেয়ে বেশি ওতপ্রোতভাবে জড়িয়ে গেছেন।
আর্জেন্টিনার ফুটবলে ১০ নম্বর জার্সি কেবল একটি নম্বর নয়। দলের সৃজনশীলতা, নেতৃত্ব ও আক্রমণভাগের গুরুত্বপূর্ণ দায়িত্বের প্রতীক হিসেবেই এটি বিবেচিত হয়। ফলে মেসির পর এই জার্সি যিনি পরবেন, তার ওপর স্বাভাবিকভাবেই থাকবে বাড়তি প্রত্যাশা।
মেসি জাতীয় দলের কোনো ম্যাচে না থাকলে বিভিন্ন সময়ে অন্য খেলোয়াড়দের গায়ে উঠেছে ১০ নম্বর। তার দীর্ঘ ক্যারিয়ারে মোট ১৭ জন খেলোয়াড় এই জার্সি পরেছেন। তাদের মধ্যে সবচেয়ে বেশি সাতবার ১০ নম্বর জার্সি পরেছেন সের্হিও আগুয়েরো। আনহেল কোরেয়া এই জার্সি পরেছেন পাঁচবার।
তবে মেসি অনুপস্থিত থাকায় ২৮টি ম্যাচে আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কাউকে দেওয়া হয়নি। যেন জার্সিটি অপেক্ষা করেছে তার নিয়মিত মালিকের ফিরে আসার জন্য।
এবার সেই পরিস্থিতি বদলাতে যাচ্ছে। মেসির অবসরের পর স্থায়ীভাবে নতুন একজনকে এই ঐতিহাসিক জার্সির দায়িত্ব নিতে হবে।
আর্জেন্টিনার ক্রীড়া দৈনিক ‘এল গ্রাফিকো’র আলোচনায় সম্ভাব্য উত্তরসূরি হিসেবে উঠে এসেছে কয়েকজনের নাম।
সম্ভাব্য উত্তরসূরিদের মধ্যে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের নাম বিশেষভাবে আলোচনায় রয়েছে। লিভারপুলের হয়ে ১০ নম্বর জার্সি পরেন এই আর্জেন্টাইন মিডফিল্ডার।
মাঠে খেলা নিয়ন্ত্রণ, আক্রমণ তৈরিতে ভূমিকা রাখা এবং পরিস্থিতি অনুযায়ী দ্রুত সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা রয়েছে তার। এসব বৈশিষ্ট্যের কারণে মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সির জন্য ম্যাক অ্যালিস্টারকে যথেষ্ট মানানসই মনে করছেন অনেকে।
মেসির উপস্থিতিতে সর্বশেষ আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি পরে মাঠে নামা খেলোয়াড় ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। অল্প বয়সেই নিজের প্রতিভার জানান দিয়ে আর্জেন্টিনার ভবিষ্যৎ তারকাদের একজন হিসেবে আলোচনায় এসেছেন তিনি।
তবে বয়স ও আন্তর্জাতিক পর্যায়ে অভিজ্ঞতার বিষয়টি বিবেচনায় নিলে এখনই তার হাতে মেসির মতো ঐতিহাসিক জার্সির দায়িত্ব তুলে দেওয়া হবে কি না, সেটি নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
সম্ভাব্য উত্তরসূরিদের তালিকায় এনজো ফার্নান্দেজের নামও রয়েছে। আর্জেন্টিনার মাঝমাঠে কোচ লিওনেল স্কালোনির অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় তিনি। আক্রমণ তৈরি করা থেকে শুরু করে মাঝমাঠের নিয়ন্ত্রণ ধরে রাখা—দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে তার ভূমিকা রয়েছে।
অন্যদিকে ভবিষ্যতের কথা বিবেচনা করলে নিকোলাস পাজও হতে পারেন বড় দাবিদার। মাত্র ২১ বছর বয়সেই নিজের সামর্থ্যের প্রমাণ দিতে শুরু করেছেন তিনি। ক্লাব ফুটবলে কোমোর হয়ে ১০ নম্বর জার্সি পরেন এই তরুণ।
জাতীয় দলের হয়ে অভিজ্ঞতা এখনো তুলনামূলক কম হলেও ভবিষ্যতে বড় দায়িত্ব নেওয়ার মতো প্রতিভা তার রয়েছে।
সম্ভাব্য উত্তরসূরিদের আলোচনায় লাওতারো মার্তিনেজকেও বাদ দেওয়া যাচ্ছে না। ইন্টার মিলানের হয়ে ১০ নম্বর জার্সি পরা এই আর্জেন্টাইন ফরোয়ার্ড গোল করার পাশাপাশি নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাও অর্জন করেছেন।
তবে এখানেই তৈরি হচ্ছে আরেকটি প্রশ্ন—মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কি আবার কোনো ফরোয়ার্ডের গায়ে উঠবে, নাকি এবার মিডফিল্ডারকে দেওয়া হবে এই দায়িত্ব?
শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিতে হবে কোচ লিওনেল স্কালোনিকেই। তিনি যাকেই বেছে নিন, বিষয়টি কেবল জার্সির নম্বর পরিবর্তনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না।
কারণ আর্জেন্টিনার ১০ নম্বর জার্সির সঙ্গে এখন মিশে আছে মেসির দীর্ঘ ক্যারিয়ার, অসংখ্য অর্জন এবং অমর স্মৃতি। নতুন যে খেলোয়াড়ই এই জার্সি পরুন না কেন, তাকে সামলাতে হবে সেই ইতিহাসের ভার এবং সমর্থকদের বিশাল প্রত্যাশা।
সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে—মেসির সঙ্গে তুলনা এড়িয়ে নিজের একটি নতুন পরিচয় তৈরি করা।