বাংলাদেশে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ রোবোটিক সার্জারি সফলভাবে সম্পন্ন করার দাবি করেছে ইউনাইটেড হেলথকেয়ার। রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ে প্রতিষ্ঠানটির হাসপাতালে ‘মেডবট তুমাই এন্ডোস্কোপিক সার্জিক্যাল রোবট’ ব্যবহার করে একই দিনে দুই রোগীর অস্ত্রোপচার করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) হওয়া অস্ত্রোপচার দুটির একটিতে ৫৭ বছর বয়সী এক পুরুষের পিত্তথলির পাথর অপসারণে রোবোটিক কোলেসিস্টেকটমি করা হয়। অন্যটিতে ৪৫ বছর বয়সী […]
ছবি: সংগৃহীত
বাংলাদেশে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ রোবোটিক সার্জারি সফলভাবে সম্পন্ন করার দাবি করেছে ইউনাইটেড হেলথকেয়ার। রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ে প্রতিষ্ঠানটির হাসপাতালে ‘মেডবট তুমাই এন্ডোস্কোপিক সার্জিক্যাল রোবট’ ব্যবহার করে একই দিনে দুই রোগীর অস্ত্রোপচার করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) হওয়া অস্ত্রোপচার দুটির একটিতে ৫৭ বছর বয়সী এক পুরুষের পিত্তথলির পাথর অপসারণে রোবোটিক কোলেসিস্টেকটমি করা হয়। অন্যটিতে ৪৫ বছর বয়সী এক নারীর অস্বাভাবিক জরায়ু রক্তক্ষরণের চিকিৎসায় রোবোটিক হিস্টেরেকটমি করা হয়।
মঙ্গলবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় ইউনাইটেড হেলথকেয়ার।
প্রথম অস্ত্রোপচারে নেতৃত্ব দেন ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান ও প্রধান পরামর্শক অধ্যাপক ডা. রফিকুস সালেহীন। দ্বিতীয় অস্ত্রোপচারটি করেন হাসপাতালের প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের জ্যেষ্ঠ পরামর্শক ও প্রধান অধ্যাপক ডা. সামছাদ জাহান শেলি।
অধ্যাপক রফিকুস সালেহীন এ ঘটনাকে দেশের চিকিৎসাব্যবস্থায় একটি মাইলফলক হিসেবে উল্লেখ করেন। তার মতে, রোবোটিক সার্জারি চিকিৎসাক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।
তিনি জানান, রোবোটিক সার্জারিতে ব্যবহৃত রোবটের বাহু প্রায় ৩৬০ ডিগ্রি পর্যন্ত ঘুরতে পারে। মানুষের হাতের তুলনায় এর নড়াচড়ার সক্ষমতা বেশি হওয়ায় শরীরের সংকীর্ণ ও জটিল স্থানে তুলনামূলক বেশি নিখুঁতভাবে অস্ত্রোপচার করা সম্ভব।
এই পদ্ধতিতে গুরুত্বপূর্ণ রক্তনালি ও আশপাশের অঙ্গগুলো নিরাপদ রাখার পাশাপাশি কাটাছেঁড়া ও রক্তক্ষরণ কমানো এবং রোগীর দ্রুত সুস্থ হয়ে ওঠার সুযোগ থাকে। প্রথম অস্ত্রোপচারের রোগীকে এক থেকে দুই দিনের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।
রোবোটিক সার্জারির সুবিধার পাশাপাশি এর ব্যয়ের বিষয়টিও তুলে ধরেন অধ্যাপক রফিকুস সালেহীন। তিনি বলেন, প্রচলিত অস্ত্রোপচারের তুলনায় রোবোটিক সার্জারির খরচ প্রায় দুই থেকে তিন গুণ বেশি হতে পারে।
তবে দেশে এই প্রযুক্তির ব্যবহার বাড়লে ভবিষ্যতে চিকিৎসার ব্যয় কমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশের অনেক রোগী বিদেশে যান উল্লেখ করে অধ্যাপক রফিকুস সালেহীন বলেন, দেশে রোবোটিক সার্জারির মতো আধুনিক চিকিৎসাসেবা চালু হওয়ায় তাদের একটি অংশ এখন দেশের মধ্যেই প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারবেন।
ইউনাইটেড হেলথকেয়ারে রোবোটিক সার্জারির জন্য প্রয়োজনীয় রোবট আগে থেকেই আনা হয়েছিল। কয়েকজন চিকিৎসক বিদেশে গিয়ে এই প্রযুক্তি ব্যবহারের ওপর প্রশিক্ষণও নেন।
ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে রোবোটিক সার্জারি শুরু করা হয়। গত বৃহস্পতিবার অনুমোদনের কপি হাতে পাওয়ার পর সোমবার প্রথমবারের মতো একই দিনে দুটি অস্ত্রোপচার সম্পন্ন করা হয়।
অধ্যাপক ডা. সামছাদ জাহান শেলি বলেন, প্রতিবেশী কয়েকটি দেশে রোবোটিক সার্জারি চালু থাকলেও বাংলাদেশ এ ক্ষেত্রে এতদিন পিছিয়ে ছিল। এখন দেশে আধুনিক এই চিকিৎসা কার্যক্রমের সূচনা হয়েছে।
ভবিষ্যতে হৃদরোগ, নিউরো, ইউরোলজি, জেনারেল সার্জারি, গাইনি ও থোরাসিক বিভাগেও রোবোটিক সার্জারি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।
দীর্ঘমেয়াদে উন্নত চিকিৎসাসেবা দেশের ভেতরেই নিশ্চিত করা এবং চিকিৎসার জন্য রোগীদের বিদেশমুখিতা কমানো তাদের অন্যতম লক্ষ্য। এতে দেশের বৈদেশিক মুদ্রারও সাশ্রয় হবে বলে জানান তিনি।
এর আগে ২০২৪ সালের জানুয়ারিতে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে রিমোট রোবোটিক পদ্ধতিতে স্টেন্ট স্থাপনের একটি প্রক্রিয়া হয়েছিল। তবে সংশ্লিষ্ট চিকিৎসকদের মতে, সেটিকে পূর্ণাঙ্গ রোবোটিক সার্জারি বলা যায় না।
ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিয়াক সার্জারি বিভাগের জ্যেষ্ঠ পরামর্শক অধ্যাপক ডা. মোফাসসেল উদ্দিন আহমেদ বলেন, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে করা প্রক্রিয়া এবং ইউনাইটেড হেলথকেয়ারে সম্পন্ন হওয়া দুটি অস্ত্রোপচারের মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে।
তার ব্যাখ্যা অনুযায়ী, হৃদরোগ ইনস্টিটিউটে স্টেন্ট স্থাপনের প্রক্রিয়ার একটি অংশে রোবটের সহায়তা নেওয়া হয়েছিল। অন্যদিকে ইউনাইটেড হেলথকেয়ারে ব্যবহৃত বিশেষায়িত রোবট সরাসরি অস্ত্রোপচারের কাজ সম্পন্ন করেছে।
তিনি আরও বলেন, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে রোবটটি প্রদর্শনের জন্য আনা হয়েছিল এবং সেটি দিয়ে ধারাবাহিকভাবে দ্বিতীয় কোনো অস্ত্রোপচার করা হয়নি। এ কারণেই ইউনাইটেড হেলথকেয়ারে সম্পন্ন হওয়া দুই অস্ত্রোপচারকে দেশে সফলভাবে সম্পন্ন প্রথম পূর্ণাঙ্গ রোবোটিক সার্জারি হিসেবে দাবি করা হচ্ছে।
ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান এ. কিউ. এম ডা. মোহসিন বলেন, দেশের অনেক রোগী বিভিন্ন কারণে চিকিৎসার জন্য বিদেশে যান। অথচ অনেক ক্ষেত্রেই প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার সক্ষমতা দেশের মধ্যেই রয়েছে।
তার মতে, রোবোটিক সার্জারিও এমন একটি আধুনিক চিকিৎসাসেবা, যা দেশে বিস্তৃত করা গেলে উন্নত চিকিৎসার জন্য বিদেশমুখিতা কমানো সম্ভব। এ লক্ষ্যেই ইউনাইটেড হেলথকেয়ার রোবোটিক সার্জারির মতো উন্নত চিকিৎসাসেবা আরও সম্প্রসারণে কাজ করছে।