সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

উত্তর আমেরিকা
১:৩৭ অপরাহ্ন, ৯ সেপ্টেম্বর ২০২৬

কানাডার গাড়ি, মদ ও দুগ্ধপণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিলেন ট্রাম্প

কানাডা থেকে নির্দিষ্ট ধরনের দুগ্ধজাত পণ্য, অ্যালকোহল ও মোটরযান আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউস এ তথ্য জানিয়েছে। নতুন নিষেধাজ্ঞা আগামী ২৯ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। একই সঙ্গে কানাডার গাড়ি ও অ্যালকোহলজাত পণ্যের ওপর আগে থেকে থাকা ৫০ শতাংশ শুল্কের আওতা পরিবর্তনের একটি পৃথক সিদ্ধান্ত আগামী ১৫ সেপ্টেম্বর […]

কানাডার গাড়ি, মদ ও দুগ্ধপণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিলেন ট্রাম্প

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

কানাডা থেকে নির্দিষ্ট ধরনের দুগ্ধজাত পণ্য, অ্যালকোহল ও মোটরযান আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউস এ তথ্য জানিয়েছে।

নতুন নিষেধাজ্ঞা আগামী ২৯ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। একই সঙ্গে কানাডার গাড়ি ও অ্যালকোহলজাত পণ্যের ওপর আগে থেকে থাকা ৫০ শতাংশ শুল্কের আওতা পরিবর্তনের একটি পৃথক সিদ্ধান্ত আগামী ১৫ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।

হোয়াইট হাউস জানিয়েছে, নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগে যুক্তরাষ্ট্রে আমদানি করা হলেও যেসব পণ্য ভোগের জন্য এখনো ছাড়পত্র পায়নি, সেগুলো আগের ৫০ শতাংশ শুল্কের আওতাতেই থাকবে।

নাম প্রকাশ না করার শর্তে এক জ্যেষ্ঠ মার্কিন প্রশাসনিক কর্মকর্তা বলেন, কানাডা যুক্তরাষ্ট্রের ইস্পাত, গৃহস্থালি যন্ত্রপাতি ও দুগ্ধজাত পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপ করায় পাল্টা পদক্ষেপ হিসেবে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ওই কর্মকর্তা বলেন, নতুন নিষেধাজ্ঞার আওতায় বেশ কিছু ধরনের পণ্য থাকবে। এর মধ্যে দুগ্ধজাত পণ্যের পাশাপাশি অধিকাংশ অ্যালকোহলজাত পণ্য এবং কানাডা থেকে আমদানি করা মোটরযানও রয়েছে।

তার ভাষ্য, এসব পদক্ষেপের মূল লক্ষ্য হলো দুই দেশের মধ্যে বাণিজ্যে সমান প্রতিযোগিতার পরিবেশ নিশ্চিত করা, পাল্টা পদক্ষেপ ঠেকানো এবং মার্কিন উৎপাদন খাতকে সুরক্ষা দেওয়া।

মার্কিন প্রশাসনের ওই কর্মকর্তা আরও জানান, গত ২০ জুলাই প্রথম দফায় আরোপ করা শুল্কের আওতাতেও কিছু পরিবর্তন আনা হয়েছে। এর ফলে সিমেন্টের মতো কয়েকটি পণ্য শুল্কের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। অন্যদিকে বাণিজ্যিক যানবাহন, নির্দিষ্ট ধরনের পনির এবং মোটরবোটের মতো কিছু পণ্য নতুন করে শুল্কের আওতায় আনা হয়েছে।

কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য নিয়ে সাম্প্রতিক সময়ে টানাপোড়েন বাড়ছে। কানাডার নতুন শুল্ক আরোপের জবাবে ট্রাম্প প্রশাসনের সর্বশেষ এসব পদক্ষেপে দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ