সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বাংলাদেশ
২:০৭ অপরাহ্ন, ৯ সেপ্টেম্বর ২০২৬

সালমান শাহ হত্যা মামলা: রিমান্ড শেষে কারাগারে ডন, জড়িত থাকার তথ্য-প্রমাণের দাবি সিআইডির

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে খলনায়ক আশরাফুল হক ওরফে ডনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। জিজ্ঞাসাবাদে তিনি মামলাসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ কিছু তথ্য গোপন করেছেন বলে দাবি করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তবে মামলার ঘটনার আগে, ঘটনার সময় এবং পরে ডনের আচরণ ও চলাফেরা বিশ্লেষণ করে সালমান শাহর মৃত্যুর ঘটনায় তার জড়িত […]

সালমান শাহ হত্যা মামলা: রিমান্ড শেষে কারাগারে ডন, জড়িত থাকার তথ্য-প্রমাণের দাবি সিআইডির

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে খলনায়ক আশরাফুল হক ওরফে ডনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। জিজ্ঞাসাবাদে তিনি মামলাসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ কিছু তথ্য গোপন করেছেন বলে দাবি করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

তবে মামলার ঘটনার আগে, ঘটনার সময় এবং পরে ডনের আচরণ ও চলাফেরা বিশ্লেষণ করে সালমান শাহর মৃত্যুর ঘটনায় তার জড়িত থাকার বিষয়ে বেশ কিছু তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে বলে আদালতকে জানিয়েছে তদন্ত সংস্থাটি।

বুধবার (৯ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের প্রসিকিউশন বিভাগের এসআই শাহ আলম।

রিমান্ড শেষে ডনকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডির পুলিশ পরিদর্শক মো. মুজিবুর রহমান।

আবেদনে বলা হয়, মামলার এজাহারভুক্ত পলাতক আসামিদের বিষয়ে জিজ্ঞাসাবাদে ডন তাদের চেনেন বলে জানিয়েছেন। তবে মামলার গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য তিনি কৌশলে গোপন করছেন। সালমান শাহর ঘনিষ্ঠ বন্ধু হিসেবে তার সঙ্গে চলাফেরা করায় ডন চিত্রনায়কের ব্যক্তিগত ও অন্যান্য নানা বিষয়ে অবগত ছিলেন বলেও আবেদনে উল্লেখ করা হয়।

আরও বলা হয়, সালমান শাহর মৃত্যু ও মামলার ঘটনা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে ডন অত্যন্ত কৌশলে বক্তব্য দিয়েছেন। তবে ঘটনার আগে, ঘটনার সময় এবং পরে তার আচরণ ও চলাফেরা বিশ্লেষণ করে মামলার সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়ে বেশ কিছু তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। মামলাটি অত্যন্ত আলোচিত ও চাঞ্চল্যকর হওয়ায় পাওয়া তথ্যগুলো যাচাই করা হচ্ছে বলেও জানিয়েছে সিআইডি।

তদন্ত কর্মকর্তার আবেদনে আরও বলা হয়, তদন্তের প্রয়োজনে আদালতের অনুমতি নিয়ে ডনকে আবারও জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন হতে পারে। তাই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখা প্রয়োজন।

এর আগে গত ৯ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। গত ২০ আগস্ট তদন্ত কর্মকর্তা তার সাত দিনের রিমান্ড আবেদন করেন। পরে ২৭ আগস্ট আদালত জিজ্ঞাসাবাদের জন্য তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে মারা যান চিত্রনায়ক সালমান শাহ। তার মৃত্যু আত্মহত্যা ছিল, নাকি তাকে হত্যা করা হয়েছিল, সেই প্রশ্নের নিষ্পত্তি গত তিন দশকেও হয়নি। মৃত্যুর ২৯ বছর পর গত বছর আদালত এ ঘটনায় হত্যা মামলা করার নির্দেশ দেন।

এরপর সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই আলমগীর কুমকুম বাদী হয়ে গত বছরের অক্টোবরে রাজধানীর রমনা থানায় হত্যা মামলা করেন। বর্তমানে মামলাটি তদন্ত করছে সিআইডি।

মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, অভিনেতা আশরাফুল হক ওরফে ডনসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে। অন্য আসামিরা হলেন সামিরার মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, ডেভিড, জাভেদ, ফারুক, রুবী, আ. ছাত্তার, সাজু ও রেজভি আহমেদ ওরফে ফরহাদ।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ