সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

উত্তর আমেরিকা
১:১১ অপরাহ্ন, ১৬ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রে হামের প্রকোপ, মৃতের সংখ্যা বেড়ে ৪

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় হামজনিত জটিলতায় মৃত্যুর সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। রাজ্যটিতে চলতি বছরে ৬০০ জনের বেশি মানুষ হামে আক্রান্ত হয়েছেন, যাদের বড় অংশই ল্যাংকাস্টার কাউন্টির বাসিন্দা। পেনসিলভানিয়ার মিফ্লিন কাউন্টির করোনার কার্যালয় জানিয়েছে, ১৮ বছর বয়সী এক তরুণ হামের বিরল ও গুরুতর স্নায়বিক জটিলতা অ্যাকিউট এনসেফালোমাইলাইটিসে আক্রান্ত হয়ে মারা গেছেন। যুক্তরাষ্ট্র ২০০০ সালে টিকাদান কর্মসূচির মাধ্যমে হাম […]

যুক্তরাষ্ট্রে হামের প্রকোপ, মৃতের সংখ্যা বেড়ে ৪

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
৩ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় হামজনিত জটিলতায় মৃত্যুর সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। রাজ্যটিতে চলতি বছরে ৬০০ জনের বেশি মানুষ হামে আক্রান্ত হয়েছেন, যাদের বড় অংশই ল্যাংকাস্টার কাউন্টির বাসিন্দা।

পেনসিলভানিয়ার মিফ্লিন কাউন্টির করোনার কার্যালয় জানিয়েছে, ১৮ বছর বয়সী এক তরুণ হামের বিরল ও গুরুতর স্নায়বিক জটিলতা অ্যাকিউট এনসেফালোমাইলাইটিসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

যুক্তরাষ্ট্র ২০০০ সালে টিকাদান কর্মসূচির মাধ্যমে হাম নির্মূলের ঘোষণা দিয়েছিল। তবে চলতি বছর দেশটিতে ১৯৯০-এর দশকের পর থেকে হামজনিত মৃত্যুর সর্বোচ্চ সংখ্যা দেখা যাচ্ছে।

এর আগে গত বছর টেক্সাসে হামের প্রাদুর্ভাবে তিনজনের মৃত্যু হয়েছিল। তাদের মধ্যে দুজন ছিল শিশু। ওই প্রাদুর্ভাবের বড় অংশ মেনোনাইট সম্প্রদায়ের মধ্যে ছড়িয়ে পড়েছিল।

টিকাদানের হার কমায় বাড়ছে সংক্রমণ

সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রে টিকা নেওয়ার বিষয়ে মানুষের মধ্যে দ্বিধা বাড়ায় টিকাদানের হার কমেছে বলে উল্লেখ করা হয়েছে। এর সঙ্গে হামে আক্রান্তের সংখ্যাও বাড়ছে।

পেনসিলভানিয়ার রাজ্য ও স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, গত মাসে হামজনিত জটিলতায় মারা যাওয়া ১৮ ও ৪০ বছর বয়সী দুজনই টিকাবিহীন ছিলেন।

এ ছাড়া দুই শিশুরও মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রে সাধারণত শিশুদের ১২ মাস বয়সের আগে প্রথম এমএমআর টিকা দেওয়া হয় না।

স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, গোষ্ঠীগত প্রতিরোধক্ষমতা বা হার্ড ইমিউনিটি বজায় রাখতে প্রায় ৯৫ শতাংশ মানুষের টিকা নেওয়া প্রয়োজন।

মৃত্যুর কারণ নিয়ে তদন্ত

গত শনিবার পেনসিলভানিয়ার জেফারসন কাউন্টিতে ৪০ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়। ময়নাতদন্তকারী জানিয়েছেন, হামজনিত কারণে শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।

ল্যাংকাস্টার কাউন্টির করোনার স্টিভেন ডায়ামান্টোনি জানান, গত ১৮ আগস্ট হামে আক্রান্ত হয়ে ছয় সপ্তাহ বয়সী একটি শিশুর মৃত্যু হয়। শিশুটি বিরল জিনগত রোগ ‘আমিশ লেথাল মাইক্রোসেফালি’ নিয়ে জন্মেছিল।

তিনি আরও জানান, হামে আক্রান্ত আরেক শিশুর জন্মের পরপরই ১৪ আগস্ট মৃত্যু হয়। তার মৃত্যুর প্রাথমিক কারণ হিসেবে প্লীহা ফেটে যাওয়া বা ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছিল।

স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, হামের সংক্রমণে প্লীহা বড় হয়ে যেতে পারে এবং এতে প্লীহা ফেটে যাওয়ার ঝুঁকি বাড়ে। তাদের মতে, ওই শিশুর মৃত্যু হাম সংক্রমণের কারণে প্লীহা ফেটে যাওয়ার ফলেই হয়েছে।

সর্বশেষ দুটি মৃত্যুর ঘটনাও হামের কারণে হয়েছে কি না, তা নিশ্চিত করতে পেনসিলভানিয়ার স্বাস্থ্য বিভাগ তদন্ত চালিয়েছে। এতে হামের সংক্রমণের ক্লিনিক্যাল প্রমাণ, ল্যাব পরীক্ষায় সংক্রমণ শনাক্ত হওয়া এবং মৃত্যু অন্য কোনো কারণে হয়েছে কি না—এসব বিষয় যাচাই করা হয়েছে।

কেনেডি ও শাপিরোর বিরোধ

পেনসিলভানিয়ায় মৃত্যুর ঘটনা নিয়ে রাজ্যের গভর্নর জশ শাপিরো ও মার্কিন স্বাস্থ্যসচিব রবার্ট এফ কেনেডি জুনিয়রের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে।

শাপিরো কেনেডির বিরুদ্ধে টিকা নিয়ে ভুল তথ্য ছড়ানোর অভিযোগ তুলেছেন। একই সঙ্গে মৃতদের পরিবারের গোপনীয়তা রক্ষার জন্য শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তার কাছে মৃত্যুর বিষয়ে তথ্য গোপন রাখবেন বলেও জানিয়েছেন।

অন্যদিকে কেনেডি প্রশ্ন তুলেছেন, নিহত দুই শিশুর মৃত্যু আসলেই হামের কারণে হয়েছিল কি না। তিনি বলেছেন, পর্যালোচনা শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) মৃত্যুর সংখ্যা সংক্রান্ত তথ্য হালনাগাদ করবে।

হাম নির্মূলের মর্যাদা নিয়ে সিদ্ধান্ত নভেম্বরে

যুক্তরাষ্ট্র এখনো হাম নির্মূলের মর্যাদা হারাবে কি না, তা নিয়েও আলোচনা চলছে। এ বিষয়ে আগামী নভেম্বরে একটি প্যানেল সিদ্ধান্ত নেবে। কানাডা গত বছর হাম নির্মূলের এই মর্যাদা হারিয়েছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা কেনেডির বক্তব্য এবং মার্কিন টিকানীতিতে সাম্প্রতিক পরিবর্তনের সমালোচনা করেছেন। তাদের মতে, এসব কারণে হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণের প্রচেষ্টা বাধাগ্রস্ত হতে পারে।

এদিকে কেনেডি এমএমআর টিকা নিয়ে বিভিন্ন সময়ে মিশ্র বার্তা দিয়েছেন। তবে এই টিকা নিরাপদ ও কার্যকর বলে দীর্ঘদিন ধরে চিকিৎসাবিজ্ঞানে প্রমাণিত।

গত মাসে সিনেট কমিটির সামনে বক্তব্য দেওয়ার সময় কেনেডি বলেন, অনেক দেশ হাম নির্মূলের মর্যাদা হারিয়েছে এবং বিশ্ব বর্তমানে হামের সবচেয়ে খারাপ বছরগুলোর একটি পার করছে।

সূত্র: বিবিসি বাংলা

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ