সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

প্রধান খবর
১:৩২ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ইরানের শান্তি প্রস্তাব প্রত্যাখ্যানের দাবি, ট্রাম্পের নতুন হামলার পরিকল্পনার খবর

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের অবসানে ইরানের নতুন শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে নভেম্বরের কংগ্রেস নির্বাচন শেষ হওয়ার পর ইরানে আবারও হামলা চালানোর বিষয়ে ট্রাম্প তার সহযোগীদের নির্দেশ দিয়েছেন বলে দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে। ওয়াল স্ট্রিট জার্নাল হোয়াইট হাউসের সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ট্রাম্প ইরানের প্রস্তাব […]

ইরানের শান্তি প্রস্তাব প্রত্যাখ্যানের দাবি, ট্রাম্পের নতুন হামলার পরিকল্পনার খবর

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের অবসানে ইরানের নতুন শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে নভেম্বরের কংগ্রেস নির্বাচন শেষ হওয়ার পর ইরানে আবারও হামলা চালানোর বিষয়ে ট্রাম্প তার সহযোগীদের নির্দেশ দিয়েছেন বলে দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে।

ওয়াল স্ট্রিট জার্নাল হোয়াইট হাউসের সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ট্রাম্প ইরানের প্রস্তাব গ্রহণ করেননি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, নভেম্বরের নির্বাচনের পর ইরানে আবার বোমাবর্ষণের পরিকল্পনার কথা তিনি সহযোগীদের জানিয়েছেন। তবে এ বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে হোয়াইট হাউসের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনো মন্তব্য করেননি।

এর আগে শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি জানান, কাতারের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে নতুন একটি সাত দিনের প্রস্তাব পাঠিয়েছে তেহরান। প্রয়োজনীয় শর্ত পূরণ হলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি আবার খুলে দেওয়ার কথা জানিয়েছে ইরান।

আরাগচির দেওয়া তথ্য অনুযায়ী, প্রস্তাবটি বাস্তবায়নের জন্য প্রথম কয়েক দিন প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। ষষ্ঠ দিনে হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং সপ্তম দিনে যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত সমঝোতা নিয়ে আলোচনা শুরুর পরিকল্পনা রয়েছে।

ইরানের প্রস্তাবে আঞ্চলিকভাবে যুদ্ধবিরতি, ইরানের বন্দরগুলোর ওপর মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার, ইরানের তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা শিথিল বা প্রত্যাহার এবং বিদেশে আটকে থাকা প্রায় ১২ বিলিয়ন ডলারের ইরানি সম্পদ ছাড়ার মতো শর্ত রয়েছে। এর বিনিময়ে হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌ চলাচল পুনরায় চালুর প্রস্তাব দিয়েছে তেহরান।

আরাগচি বলেন, প্রস্তাবের শর্তগুলো আগের সমঝোতার ভিত্তিতেই তৈরি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চুক্তিতে সম্মতি এলেই প্রক্রিয়া শুরু করা সম্ভব বলে জানান তিনি।

এর আগে ইরান জানিয়েছিল, যুক্তরাষ্ট্র সামরিক চাপ কমানো এবং ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ তুলে নিলে এক সপ্তাহের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়া যেতে পারে।

তবে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প ইরানের প্রস্তাব নিয়ে সংশয় প্রকাশ করেছেন এবং তেহরান তার শর্তগুলো বাস্তবায়ন করবে কি না, সে বিষয়ে তিনি আস্থাশীল নন। ফলে সাত দিনের প্রস্তাবটি গ্রহণের বদলে যুক্তরাষ্ট্র আবার সামরিক পদক্ষেপের দিকে যেতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতের মধ্যে হরমুজ প্রণালি নিয়ে এই প্রস্তাবকে নতুন কূটনৈতিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। তবে যুক্তরাষ্ট্র প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করবে কি না এবং যুদ্ধবিরতির বিষয়ে দুই পক্ষ কোনো সমঝোতায় পৌঁছাবে কি না, তা এখনো নিশ্চিত নয়।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

ইরান কখনো মাথা নত করবে না বলে ভাষণ শেষ করলেন পেজেশকিয়ান
১ সপ্তাহ আগে

আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ